ঈদুল আজহার পর দুই সপ্তাহ পেরিয়ে গেছে। এখনো বন্দরে জাহাজ ও কনটেইনার জট কমেনি। ফলে পণ্য আনা-নেওয়ায় সময় লাগছে বেশি। বন্দর দিয়ে পণ্য পরিবহন বাড়লেও নতুন অবকাঠামো তৈরি না হওয়ায় এ সংকট তৈরি হয়েছে বলে ব্যবহারকারীরা জানান।
বন্দর সূত্রে জানা গেছে, ঈদের ছুটির পর ১৫ সেপ্টেম্বর বন্দর জেটিতে ভেড়ানোর জন্য অপেক্ষমাণ কনটেইনার জাহাজের সংখ্যা ছিল ১৪টি। ১২ দিন পর গত মঙ্গলবারের হিসাবে এই সংখ্যা বেড়ে দঁাড়িয়েছে ১৭টিতে। এর মধ্যে সর্বোচ্চ আট দিন অপেক্ষা করছে এমন জাহাজও রয়েছে। এই ১৭টি জাহাজে কনটেইনার রয়েছে ১৮ হাজার ৫৯৭ একক।
জাহাজের অপেক্ষার মতো আমদানি পণ্যভর্তি কনটেইনারের সংখ্যা কমেনি। গত মঙ্গলবারের হিসাবে, বন্দরে আমদানি পণ্যের কনটেইনার ছিল ৩০ হাজার ৬৮৭টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ)। বন্দর চত্বরে আমদানি পণ্য রাখার ধারণক্ষমতা আছে ২৫ হাজার ৯৮১ একক কনটেইনারের। অর্থাৎ ধারণক্ষমতার চেয়ে ৪ হাজার ৭০৬ একক কনটেইনার বেশি পড়ে আছে। অবশ্য গত সোমবার থেকে কনটেইনারবাহী গাড়িচালক ও মালিকদের কর্মবিরতির কারণে পণ্যভর্তি কনটেইনার খালাসও কার্যত বন্ধ হয়ে পড়েছে।
বন্দর ব্যবহারকারীরা জানান, জাহাজের অপেক্ষমাণ সময় যত বাড়বে জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলোর খরচও তত বাড়বে। কারণ, প্রতিটি জাহাজের প্রতিদিনের ভাড়া ও পরিচালনা খরচ বাবদ অর্থ ব্যয় হচ্ছে। প্রাথমিকভাবে জাহাজ কোম্পানিগুলো এই খরচ শোধ করলেও পরে ধাপে ধাপে তা ব্যবসায়ী হয়ে ভোক্তাদের ওপর পড়ে। আবার কনটেইনারের স্তূপ বেড়ে গেলে বন্দরে পরিচালন কার্যক্রমও ধীরগতি হয়ে যায়। এর প্রভাবে পণ্য খালাসেও সময় বেশি লাগে।
জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন প্রতিনিয়ত বাড়ছে। এর সঙ্গে তাল মিলিয়ে বন্দরের সম্প্রসারণের কাজে হাত দিতে হবে। কারণ, বন্দরের সক্ষমতা বাড়ানো না গেলে আমদানি-রপ্তানি বাণিজ্য ব্যাঘাত হবে। এর মাশুল গুনতে হবে সবার।
বন্দর কর্মকর্তা ও ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক-দুই বছর আগেও ঈদের ছুটিতে জট হলে এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে যেত। তবে এবার এই জট দুই সপ্তাহেও কমেনি। ব্যবসায়ীরাও কনটেইনার খালাস না নেওয়ায় বন্দরের পরিচালন কার্যক্রমও ব্যাঘাত হচ্ছে।
বন্দর কর্মকর্তারা জানান, বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে হলে বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও আমদানিকারকদেরও এগিয়ে আসতে হবে। কারণ, আমদানিকারকেরা বন্দর চত্বর থেকে পণ্য খালাস না করলে কনটেইনারের স্তূপ বাড়বে। আবার পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সুবিধা না পেলে আমদানিকারকেরা পণ্য খালাস করতে পারবেন না।
বন্দর পর্ষদের সাবেক সদস্য হাদী হোসেন প্রথম আলোকে বলেন, বন্দরে এখন কনটেইনার রাখার চত্বর দ্রুত তৈরি করতে হবে। এরপর নতুন জেটি নির্মাণের কাজে হাত দিতে হবে। না হলে সামনে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন কঠিন হয়ে পড়বে।
গত মঙ্গলবার বন্দর চত্বর ঘুরে দেখা যায়, বন্দরে কনটেইনার রাখার ২০টি চত্বরে কনটেইনারের স্তূপ হয়ে আছে। কনটেইনার খুলে পণ্য খালাস নেওয়ার জন্য যেসব ফাঁকা জায়গা ছিল, সেসব স্থানেও এখন কনটেইনার রাখা হচ্ছে। এর মধ্যে গতকাল বুধবার দুপুর পর্যন্ত কনটেইনার পরিবহনকারী গাড়ি চলাচল স্বাভাবিক না হওয়ায় আমদানি পণ্যভর্তি কনটেইনার খালাসের হারও কমে গেছে।