জাহাজ গড়ার মহাযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিখ্যাত সেই গানের মতোই ‘চোড চোড ঢেউ তুলি’ ছুটছে কর্ণফুলী। মধ্য দুপুরে বড় ঢেউ তুলে ছুটছে দুরন্ত গতির জলযানটা। তরীটা তীরে ভিড়তেই বিপুল বিষ্ময়!কর্ণফুলীর কোলে কালারপুল গ্রাম। এ গ্রামের উত্তরে নদীর তীর ঘেঁষে বিশাল স্থাপনা, গ্যান্ট্রি ক্রেনের পেছনে বড় হরফে লেখা ‘ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড’। অজপাড়াগাঁয়ে যেন আলোর নগর। আগুনের ফুলকি ছুটছে, আধুনিক সব যন্ত্র নিয়ে কাজ করছেন শত শত মানুষ। ট্রাকের ছোটাছুটি চলছেই, ক্রেনগুলো যেন আকাশ ছুঁতে চায়।বিস্ময়ের উজান ঠেলে ডানে-বাঁয়ে গেলে আরও বিষ্ময়, ডাঙায় বানানো হচ্ছে জলের জাহাজ। একটি-দুটি নয়, অনেক। বিশ্বমানের জাহাজ তৈরি করছে দেশি প্রতিষ্ঠান, দেশি কর্মী। নকশাবিদ, প্রকৌশলীরা এসেছেন দেশের নানা প্রান্ত থেকে। কিন্তু মাঠপর্যায়ের দক্ষ শ্রমিকের ৭০ শতাংশই শিকলবাহা ইউনিয়নের কালারপুল গ্রামের।শিপইয়ার্ডে জাহাজ ভাঙার কাজ করতে গিয়ে যে চট্টগ্রামে প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে মানুষের, দেশ-বিদেশের সংবাদমাধ্যমে নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে যে চট্টগ্রাম, সেখানেই তৈরি হচ্ছে সাগর-মহাসাগরে চলার উপযোগী জাহাজ; রপ্তানি হচ্ছে বিদেশে। আর তা তৈরি করছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানালেন—গত এক দশকে ৫৬টি জাহাজ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এখন ২৯টি জাহাজের অর্ডার রয়েছে। ২০১০ সালে EMS RIVER ও EMS SEA নামের দুটি জাহাজ রপ্তানি হয়েছে। দুটি জাহাজের দাম প্রায় ১৬০ কোটি টাকা। ২০১১ সালে ১১টি জাহাজ বানানো হবে। EMSDOLLART ও EMSLAKE নামের দুটি জাহাজ শিগগিরই মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বড় গৌরবের বয়ানকদিন আগে, এ প্রতিবেদক গিয়েছিলেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক(শিপইয়ার্ড) শাহাদাত এইচ চৌধুরী গোটা শিপইয়ার্ড ঘুরে দেখালেন। তিনি বলেন, ‘২০০৯ সালের প্রথম দিকে ১৭টি জাহাজ তৈরির মহাযজ্ঞ শুরু হয়। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) নিয়মনীতি মেনে পরিবেশবান্ধব পদ্ধতিতে জাহাজ নির্মাণ করা হয় এখানে। চারটি বিষয়ে আমরা খুব সচেতন। এগুলো হলো গুণগত মান, সময়মতো ডেলিভারি, ডাইরেক্ট অথবা জয়েন্ট ইনভেস্টমেন্ট, করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি। এ চারটি বিষয় নিশ্চিত করা হয় বলে বিশ্বে ওয়েস্টার্ন মেরিনের এই সুনাম।’শিপইয়ার্ডে একটি হেলথ কেয়ার সেন্টার আছে, সেখানে ২৪ ঘণ্টা চিকিৎসা দেওয়া হয় কর্মীদের। অকিউপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাডভাইজার ডা. রেজা আহমেদ জানান, ‘স্বাস্থ্যকেন্দ্রে পাঁচজন চিকিৎসা কর্মকর্তা আছেন। প্রতিষ্ঠানের কর্মীদের পাশাপাশি কালারপুল গ্রামের নারী, শিশু ও বৃদ্ধদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয় এখানে। কর্মীদের জন্য আছে সার্বক্ষণিক ওয়াটার সি অ্যাম্বুলেন্স।’ওয়েস্টার্ন মেরিনের কর্মীদের মধ্যে ৬০০ জন শহর থেকেই আসা-যাওয়া করেন। সকাল সাতটা ১৫ মিনিটে নগরের সদরঘাট থেকে প্রতিষ্ঠানের নিজস্ব লাইফ সেভিং নৌকা ছাড়ে। জাহাজের কারিগরওয়েস্টার্ন মেরিনের সব নকশা করেন নিজস্ব নেভাল আর্কিটেক্টরা। কনস্ট্রাকশন কনসালটেন্ট ও অ্যাডভাইজার জগবন্ধু বাসারের নেতৃত্বে ৩১ জন নকশাবিদ কাজ করেন, তাঁদের অনেকেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করেছেন। জগবন্ধু ৪৮ বছর এ পেশায় আছেন। ৪২ বছর কাজ করেছেন জার্মানির ব্রেমার ভুলকান কোম্পানিতে। জগবন্ধু বলেন, ‘আমি খুলনা ও কলকাতায় লেখাপড়া করেছি। এরপর জার্মানিতে। ১৯৬৯ সালের শেষদিকে নেভাল আর্কিটেক্ট হিসেবে কাজ শুরু করি। আমরা এক দশক পেনসিল দিয়েই নকশা করেছি। এখন তো সবই কম্পিউটারেই হয়। ওয়েস্টার্ন মেরিনের জন্য বাইরে থেকে কোনো নকশা আনছি না। সব দেশি ছেলেরাই করছে। আমাদের দেশে জাহাজ নির্মাণশিল্পের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। এটি শুরু হয়েছে ওয়েস্টার্ন মেরিনের হাত ধরে।’আবদুল্লাহ আল মারুফ একটি ট্যাংকারের নকশা করছিলেন। তিনি বলেন, ‘বাংলাদেশে ৪২টি ট্যাংকার তৈরি হচ্ছে। পাঁচটি হবে আমাদের শিপইয়ার্ডে। আমি এক হাজার ৩৫০ টন ধারণক্ষমতাসম্পন্ন একটি ট্যাংকারের নকশা করছি।’জাহাজ কীভাবে তৈরি হয়?প্রথমে উপকরণ আসে শিপইয়ার্ডের মেটিরিয়াল স্টেক ইয়ার্ডে, এরপর শর্ট ব্লাস্টিং শপে ক্লিনআপ, পেইন্টিং হয়। নকশা হয় সিএনসি মেশিনে। সেখানে কাটিংয়ের মাধ্যমে পার্টস তৈরি হয়। ফেব্রিকেশন ইয়ার্ডে ছোট পার্টস জোড়া দিয়ে ব্লক তৈরি করা হয়। ইরেকশন হলে মেগা ব্লক জোড়া লাগলে জাহাজের কোনো একটা অংশের আদল পায়। স্লিপ ওয়েতে বডি তৈরি হয়। তারপর জাহাজ ভাসে পানিতে। শেষ সজ্জা হয় শাহ আমানত কর্ণফুলী সেতুর পশ্চিমে ইয়ার্ড ডিতে। এখানেই হয় সি ট্রায়াল। মালিকপক্ষ সন্তুষ্ট হলে জাহাজ হস্তান্তর করা হয়।জাহাজের নুজে (সামনের অংশ) কাজ করছিলেন ফিটার মোহাম্মদ ইয়ামিন। তিনি বলেন, ‘আমরা নিরাপত্তার বিষয়টি সবার আগে চিন্তা করি। সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তার সরঞ্জাম পরে নিই। আমার মতো ৩০০ জন ফিটার কাজ করেন এখানে। ওভারটাইমসহ ১৪-১৫ হাজার টাকা বেতন পাই। নিজের খরচ শেষে মাসে ৮-১০ হাজার টাকা বাড়িতে পাঠাই। এখানে কাজ করে আমি খুব খুশি।’উইন ট্যাংকে ওয়েল্ডিংয়ের কাজে ব্যস্ত আবদুল হাকিম বলেন, ‘আমাদের হাতে তৈরি জাহাজ সারা বিশ্ব ঘুরবে, এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে!’ডেনমার্কের স্টেলা জাহাজের রিপ্রেজেনটেটিভ ক্যাপ্টেন মাইকেল সোরেন্স সেন ও জার্মান ভেসল গ্রোনার বুগ ডন সার্বক্ষণিক থাকেন শিপইয়ার্ডে। তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে নির্মিতব্য জাহাজের মান তদারকের জন্য।মাইকেল সোরেন্স সেন বলেন, ‘জার্মানির উদ্যোগ আজ বাংলাদেশে সম্পন্ন হচ্ছে। জাহাজ নির্মাণে বাংলাদেশের সাফল্য আমাকে বিস্মিত করেনি, আনন্দিত করেছে।’জাহাজ তৈরির মহাযজ্ঞ দেখে ফেরার সময় টাইম কিপার মোহাম্মদ হোসাইন ছুটে এলেন, বললেন ‘বদ্দা, আঁরার হতা এক্কিনি লেইখ্যন’ (আমাদের কথা একটু লিখবেন)।কী লিখব—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আঁরা হাম পাইয়ি, আয় গরি, সুখর সংসার কিন্তু আঁরার গ্রামত একখান শঅরও পাইয়ি।’ (আমরা কাজ পেয়েছি, আয় করি, সুখের সংসার আমাদের। আর গ্রামে একটা শহরও পেয়েছি)।হ্যাঁ, কালারপুলের মানুষ ওয়েস্টার্ন মেরিনের কথা বলে বড় গৌরবে। এতে মাথা উঁচু হয় চট্টগ্রামের, সর্বোপরি বাংলাদেশের।