জাহাজ ডুবলেই নদী-সাগরে দূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের জলসীমায় বারবার জাহাজডুবি ঘটছে। ডুবে যাওয়ার পর জাহাজে থাকা বর্জ্য ও জ্বালানি তেলে নদী-সাগরের পানি দূষিত হচ্ছে বলে অভিযোগ আছে। চলতি বছরের পাঁচ মাসে বন্দর জলসীমা ও কুতুবদিয়া সাগর এলাকায় দেশি-বিদেশি ছয়টি জাহাজ আংশিক ও পুরোপুরি ডুবেছে।ডুবন্ত এসব জাহাজের প্রতিটিতে নিজস্ব ব্যবহারের জ্বালানি তেল ছিল। তেল তুলে নেওয়ার বিশেষায়িত কোনো ব্যবস্থা না থাকায় প্রায় সব জাহাজের বেশির ভাগ জ্বালানি তেল নদী ও সাগরে ছড়িয়ে পড়েছে।বন্দর সূত্রে জানা গেছে, ডুবে যাওয়া জাহাজের মধ্যে চারটি দেশি জাহাজ ও দুটি বিদেশি বড় আকারের জাহাজ ছিল। এর মধ্যে এমভি ওশান পার্ল পুরোপুরি না ডুবলেও এই জাহাজ থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। গত ৬ এপ্রিল বহির্নোঙরে একটি দেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে প্রায় ১৫ টন জ্বালানিসহ ডুবে যায় এমভি হ্যাং রো বং। ডুবে যাওয়ার পর এ জাহাজ থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়ে সাগরে। সর্বশেষ গত শনিবার রাতে ডলফিন অয়েল জেটি-৫-এর সামনে তেল সংগ্রহের সময় ডুবে যায় ওটি মুন। ওই ট্যাংকারে থাকা ১৭০ টন ফার্নেস অয়েলের বেশির ভাগ কর্ণফুলীতে ছড়িয়ে পড়ে।জাহাজের জ্বালানি তেলে নদীদূষণের চিত্র তুলে ধরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ওটি মুন ট্যাংকারটি ডুবে যাওয়ার পর কর্ণফুলী নদীতে মারাত্মক দূষণ ছড়িয়ে পড়েছে। স্বাভাবিক মাত্রার চেয়ে পানিতে দ্রবীভূত অক্সিজেন কম পাওয়া গেছে। পানিতে তেল-বর্জ্যের পরিমাণ ছিল খুব বেশি। এ রকম পরিবেশে জলজ প্রাণীর বেঁচে থাকা কঠিন। গত এপ্রিলে চালানো জরিপে দেখা গেছে, কর্ণফুলীর ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) কারখানাসংলগ্ন উজান ও ভাটিতে এসএসের (সাসপেন্ডেড সলিড) পরিমাণ প্রতি লিটারে যথাক্রমে ৪০১ ও ৪১২ মিলিগ্রাম। একইভাবে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড-সংলগ্ন (সিইউএফএল) এলাকার পানিতে এসএস ৭২০ ও ৭৪৩ মিলিগ্রাম পাওয়া গেছে। অথচ এসএসের নির্ধারিত মান প্রতি লিটারে ১০০ মিলিগ্রাম।টিএসপি ও সিইউএফএল এলাকায় মোট দ্রবীভূত সলিডের (টিডিএস) সর্বোচ্চ পাওয়া গেছে প্রতি লিটারে আট হাজার ৬০৫ ও ছয় হাজার ৮৪০ মিলিগ্রাম। এ ছাড়া দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ সর্বনিম্ন ৫ দশমিক ৫ মিলিগ্রাম ও বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড পাওয়া গেছে সর্বনিম্ন ১ দশমিক ৮ মিলিগ্রাম।বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের জাহাজ কান্ডারি-১০ এবং তেল-বর্জ্য সংগ্রহকারী জাহাজ বে-ক্লিনার-২ থেকে ‘অয়েল স্পিল ডিসপারসেন্ট’ নামে একধরনের রাসায়নিক ছিটিয়ে তেলের দূষণক্ষমতা নষ্ট করা হয়। কিন্তু স্রোতের টানে জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় দূষণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না। গত শনিবার রাতে ওটি মুন ট্যাংকারটি ডুবে যাওয়ার পর প্রায় ৫০ হাজার বর্গমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়ে বলে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শনে প্রমাণ পাওয়া যায়।তবে বন্দরের পরিবেশ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক ক্যাপ্টেন মো. ফরিদুল আলম প্রথম আলোকে জানান, বন্দরের বিশেষায়িত জাহাজ দিয়ে প্রতিদিনই বর্জ্য-তেল সংগ্রহ করা হচ্ছে। প্রথম দুদিন ৭৩ টন তেল পানি থেকে তুলে নেওয়া হয়েছে। তবে তেলের কিছু অংশ তীরে চলে আসায় সেগুলো সংগ্রহ করা যায়নি।