সোমালিয়ার জলদস্যুকবলিত বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি জাহান মণি’ ছাড়িয়ে আনতে খরচ হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। এর বাইরে জাহাজের ২৫ নাবিকের তিন মাসের বেতন-ভাতা, জাহাজ ছাড়াতে মধ্যস্থতাকারী ও আইনি পরামর্শকের ফিসহ আনুষঙ্গিক ব্যয় হয় আরও ১৫ কোটি টাকা। আরব সাগর দিয়ে চলাচলকারী জাহাজের জন্য দস্যুতা বিমার প্রিমিয়াম ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে বিমা কোম্পানিগুলো। জলদস্যুতার ভয়ে সাগরের ওই পথ ধরে চলাচলকারী জাহাজে যেতে অনীহা দেশি-বিদেশি নাবিকের। এসব কারণে বাংলাদেশের পতাকাবাহী জাহাজের মালিকদের পরিচালনা ব্যয় অনেক বেড়ে গেছে।নৌপরিবহন অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণি জলদস্যুকবলিত হওয়ার প্রায় দেড় মাস পর বাংলাদেশি জাহাজ এমভি জেকে মনোয়ারা জাপান থেকে ইউরোপ যাচ্ছিল। সিঙ্গাপুর বন্দরে আসার পর জলদস্যুর ভয়ে ওই জাহাজের ক্যাপ্টেনসহ অর্ধেক নাবিক আরব সাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে অনীহা প্রকাশ করে। এ কারণে ওই জাহাজের প্রায় অর্ধেক নাবিককে সিঙ্গাপুর থেকে পাল্টে দিতে হয়েছিল। ব্যবসায়ীরাও মনে করেন, সাম্প্রতিক সময়ে আরব সাগরে জলদস্যুতার মাত্রা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছার কারণে বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যয়বহুল হয়ে উঠেছে। কারণ ইউরোপ-আমেরিকার সঙ্গে বাণিজ্যের পণ্য ও মালামাল পরিবহনের সব জাহাজকে আবর সাগর পাড়ি দেওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। এ কারণে জাহাজভাড়া এবং পণ্যবিমার প্রিমিয়ামও বেশি পরিশোধ করা হচ্ছে।স্থানীয় শিপিং সংস্থা সিকম শিপিং লাইন্সের পরিচালক জহুর আহমদ প্রথম আলোকে বলেন, ‘জলদস্যুতার কারণে ইউরোপ-আমেরিকা এবং মধ্যপ্রাচ্য থেকে জাহাজ আসার পথে লোহিত সাগর অতিক্রমের আগেই এক-দেড় লাখ মার্কিন ডলার (সাড়ে সাত-আট কোটি টাকা) বাড়তি অর্থ পরিশোধ করতে হয়। সশস্ত্র রক্ষীসহ (আর্মড গার্ড) অন্য জাহাজ দিয়ে পণ্যবাহী জাহাজকে পাহারা দিয়ে আনতে হয় বলে বাড়তি অর্থ দিতে হয়।সমুদ্র পরিবহন অধিদপ্তরের হিসাবে দেখা যায়, এ মুহূর্তে বাংলাদেশি সাত প্রতিষ্ঠানের মালিকানাধীন (বাংলাদেশি পতাকাবাহী) প্রায় ৪৮টি জাহাজ বিশ্বের বিভিন্ন বন্দরে পণ্য ও কনটেইনার পরিবহনের কাজ করছে। এর বাইরে বিদেশি প্রতিষ্ঠানের জাহাজে কর্মরত আছেন চার হাজারের বেশি বাংলাদেশি নাবিক। কোনো কারণে দেশি-বিদেশি বাংলাদেশি নাবিকের কর্মসংস্থান হ্রাস পেলে তা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্ট লোকজন মনে করেন।জাহান মণি গত ৫ ডিসেম্বর আরব সাগরে জলদস্যুকবলিত হয়। মুক্তিপণের টাকা হাতে পেয়ে জলদস্যুরা ১৪ মার্চ নাবিকসহ জাহাজটি ছেড়ে দেয়। এ জাহাজের ২৫ নাবিক ও এক নাবিকের স্ত্রী দেশে ফেরেন গত সোমবার। সোমালিয়ার জলদস্যুর হাতে জাহাজ আটক ও মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার ক্ষেত্রে এটি প্রথম ঘটনা।