জাহাজ ভাঙা নিয়ে জটিলতা
নব্বইয়ের দশকের শুরুতে সাগরে নিমজ্জিত একটি বাতিল জাহাজের রেক ১২ লাখ ২৭ হাজার টাকায় বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে কিনে নেন সিদ্দিক আহমেদ নামের এক ব্যবসায়ী। এরপর বহির্নোঙরে জাহাজটির খোঁজ পেতেই তাঁর চার বছর লেগে যায়। ১৯৯৫ সালে সেটি উপকূলে এনে ভাঙার উদ্যোগ নেন তিনি। কিন্তু এরই মধ্যে অন্য একটি পক্ষ এসে জাহাজটি কেটে নিয়ে যেতে থাকলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। উচ্চ আদালতের বিচারপতি ফরিদ আহমেদ ও শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ১৭ মে এ জাহাজটির ওপর স্থিতাবস্থা আরোপ করেন।জানা যায়, ১৯৯০ সালে বহির্নোঙরে ডুবে যাওয়া জাহাজ এমভি টিনার রেকটি বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে কেনার পর এটি তোলার জন্য আবদুস সালাম নামের এক ডুবুরির সঙ্গে চুক্তিবদ্ধ হন সিদ্দিক আহমেদ। ডুবুরি সালাম জেনুইন এন্টারপ্রাইজের যন্ত্রপাতি ব্যবহার করে ১৯৯৫ সালে সেটি কাটগড় জেলেপাড়া উপকূলে নিয়ে আসেন। ক্রেতার অভিযোগ, পরে জেনুইন এন্টারপ্রাইজই এর মালিকানা দাবি করে। তারা আদালতের আদেশ উপেক্ষা করে প্রতিদিন ভাটার সময় জাহাজটি ভেসে উঠলে তার অংশবিশেষ কেটে নেয়।জাহাজটির ক্রেতা অভিযোগ করেন, আদালতের নির্দেশ অমান্য করেই জাহাজটি ভেঙে নিয়ে যাচ্ছে জেনুইন এন্টারপ্রাইজের লোকজন। এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘জেনুইন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান জাহাজটি ভেঙে নিয়ে যাচ্ছে। তাদের বন্দর কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে উপকূলের সব ধরনের ভাঙা লোহা অপসারণের জন্য। আদালতের নির্দেশে যদি এমভি টিনা ক্রেতার কাছে বুঝিয়ে দিতে হয়, তাহলে তার দায়িত্বও বন্দর কর্তৃপক্ষের।’ জানতে চাইলে জেনুইন এন্টারপ্রাইজের মালিক বদিউল আলম প্রথম আলোকে বলেন, ‘টিনা কোথায় আছে তা সালাম ডুবুরিরা জানেন। আমরা যেটা কাটছি সেটা বন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়েই কাটছি। এটি এমভি টিনা নয়।’ তাহলে এটা কোন জাহাজ জানতে চাইলে তিনি বলেন, সাগরের তলায় কি জাহাজের অভাব আছে? বন্দর কর্তৃপক্ষই বলতে পারবে এমভি টিনা কোথায়? বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল জেনুইন এন্টারপ্রাইজকে বন্দরের বহির্নোঙরের কাটগড় জেলেপাড়া এলাকায় ‘পরিত্যক্ত রেকের খণ্ডাংশ ও নানাবিধ লৌহজাত’ দ্রব্যাদি নিজ খরচে উদ্ধার ও অপসারণের অনুমতি দেওয়া হয়। ১৬ আগস্টের মধ্যে এটি উদ্ধার ও অপসারণের জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়। তবে এতে এমভি টিনার নাম উল্লেখ করা হয়নি। সিদ্দিক আহমেদ দাবি করেন এ ক্ষেত্রে এমভি টিনার নাম কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে।এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ মো. ফরহাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এমভি টিনার পরিচয় ও মালিকানা নিয়ে জটিলতা আছে। বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। আদালত এ নিয়ে যে রায় দেবেন, আমরা সেটাই মেনে নেব।’