মেরিন প্রপেলার থেকে শুরু করে রান্নাঘরের সরঞ্জাম, খাবার ঘরের আসবাব, ঘড়ি, বাতি, কাপ, পেয়ালা ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসই রয়েছে এসব দোকানে। এগুলোর অবস্থান নগরের জাহাজভাঙা শিল্পাঞ্চলের কাছাকাছি রাস্তার দুই পাশে। বিভিন্ন দেশের জাহাজ থেকে পাওয়া হরেক পণ্যসামগ্রী দিয়ে সাজানো থাকে দোকানগুলো। দামে সাশ্রয়ী বলে অনেকেরই ঝোঁক থাকে এসব পণ্যের দিকে। পুনরায় ব্যবহারযোগ্য এসব জিনিসপত্রই তুলে ধরা হয়েছে আলোকচিত্রে। আর এ ধরনের ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে ৯ মে সন্ধ্যায় নগরের সার্সন রোডের ফটোব্যাংক গ্যালারির নিজস্ব স্টুডিওতে। প্রদর্শনীর উদ্বোধন করেন গ্যাটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক অ্যানজেলা গ্রুয়েনার্ট। এতে উপস্থিত ছিলেন খ্যাতিমান জার্মান আলোকচিত্রী নরবার্ট এনকার ও ডি স্প্রাখে চট্টগ্রামের পরিচালক জয়ন্ত চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফটোব্যাংক গ্যালারির পরিচালক শোয়েব ফারুকী। গ্যাটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক অ্যানজেলা গ্রুয়েনাট বলেন, ‘আলোকচিত্র জীবনের প্রতিচ্ছবি। এর মাধ্যমে অতি সহজেই মানুষের সুখ-দুঃখ, আনন্দ বেদনাকে ফুটিয়ে তোলা যায়। যিনি এভাবে নাড়া দিতে পারেন একজন সফল শিল্পী হিসেবে তিনি সবার হূদয়ে ঠাঁই করে নিতে পারবেন।’ শোয়েব ফারুকী চট্টগ্রামে আলোকচিত্রশিল্পের বিকাশে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দেশ-বিদেশের সাংস্কৃতিক ধ্যান ধারণা আদান প্রদান এবং পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আমরা এ ক্ষেত্রে নিজেদের সমৃদ্ধ করার সুযোগ পাব। ‘রিসাইকেলড’ শিরোনামে আট দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে ফটোব্যাংক গ্যালারি, গ্যাটে ইনস্টিটিউট বাংলাদেশ এবং ডি স্প্রাখে চট্টগ্রাম যৌথভাবে। নরবার্ট এনকারের তত্ত্বাবধানে পরিচালিত আলোকচিত্র কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তোলা ৩৬টি ছবি রয়েছে প্রদর্শনীতে। এ ছাড়া আছে নরবার্ট এনকারের একটি ছবিও।প্রদর্শনীর উদ্বোধনী দিনে ফটোআর্ট গ্যালারির আলোকচিত্র কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যেসনদ বিতরণ করা হয়। প্রদর্শনী চলবে ১৬ মে পর্যন্ত। সবার জন্য খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।