জাহাজে চুরি-ডাকাতি তালিকার শীর্ষ থেকে নেমেছে চট্টগ্রাম বন্দরের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজে চুরি-ডাকাতির ঘটনা ঘটে এমন বন্দরের তালিকার শীর্ষ স্থান থেকে নিচে নেমে এসেছে চট্টগ্রাম বন্দর। বন্দরভিত্তিক চুরি-ডাকাতি ও জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর (আইএমবি) তালিকায় এ বছর শীর্ষ স্থান দখল করেছে বেনিন বন্দর। মালয়েশিয়াভিত্তিক এই সংস্থার অর্ধবার্ষিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। আইএমবির জরিপে ২০১০ সালে জাহাজে চুরির ঘটনার দিক থেকে চট্টগ্রাম বন্দর শীর্ষে ছিল। তবে এ বছর চট্টগ্রাম বন্দরে চুরির ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে বলে ‘পাইরেসি অ্যান্ড আর্মড রোবারি এগেইনস্ট শিপ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়। এ বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে বন্দরকেন্দ্রিক চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে চারটি। গত ছয় বছরের মধ্যে এই সংখ্যা সবচেয়ে কম।সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে বিশ্বে বন্দরকেন্দ্রিক চুরি-ডাকাতির ঘটনায় শীর্ষে উঠে এসেছে বেনিনের নাম। এই বন্দরে এ ধরনের ঘটনা ঘটেছে ১১টি। দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। ভারতের কোচিন বন্দর, ইন্দোনেশিয়ার দুমাই বন্দর এবং চট্টগ্রামে সমানসংখ্যক অর্থাৎ চারটি করে ঘটনা ঘটেছে। প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রাম বন্দরে এ বছরের ফেব্রুয়ারিতে তিনটি এবং মার্চে একটি চুরির ঘটনা ঘটেছে। চারটি ঘটনাই ঘটেছে বহির্নোঙরে অবস্থানরত চারটি বিদেশি জাহাজে। এর মধ্যে প্রথম তিনটি ঘটনায় চোরেরা পালিয়ে গেলেও একটি জাহাজে চুরির সময় একজনকে গ্রেপ্তার করা হয়।এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বহির্নোঙরে কোস্টগার্ড ও নৌবাহিনীর এখন তদারকি বেড়েছে। এ কারণে ছিঁচকা চুরির ঘটনাও কমেছে।’সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এ বছর প্রথম ছয় মাসে সারা বিশ্বে বন্দর ও সাগরকেন্দ্রিক মোট ২৬৬টি ঘটনা ঘটেছে। গত বছর একই সময় ঘটেছিল ১৯৬টি। এর মধ্যে ২৯টি ঘটনায় ২৯টি জাহাজ ছিনতাই হয়। সোমালিয়ার উপকূলীয় এলাকায় ২০টি, আফ্রিকার বেনিনের উপকূলীয় এলাকায় পাঁচটি এবং একটি করে এডেন উপসাগর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং দক্ষিণ চীন সাগরে ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি পারভেজ আহমেদ প্রথম আলোকে বলেন, জাহাজে চুরি-ডাকাতির সংখ্যা এখন অনেক কমে গেছে। চট্টগ্রাম বন্দরের বছরভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১০ সালে বন্দরে ৬৪টি চুরি-ডাকাতির ঘটনা ও ঘটনার চেষ্টা হয়েছে। গত কয়েক বছরে এত বেশি চুরি-ডাকাতির ঘটনা ঘটেনি। বন্দর পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সালে ৪৯টি, ২০০৮ সালে ৩৮টি, ২০০৭ সালে ৩৫টি, ২০০৬ সালে ৪৫টি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। অবশ্য বন্দরের হিসাবে সশস্ত্র দস্যুতার একটি ঘটনাও ঘটেনি বলে উল্লেখ করা হয়েছে।