২০১০ সালে বিশ্বে ১৬টি বন্দরের জলসীমায় ৯৯টি জাহাজে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ডাকাতির ঘটনা ঘটেছে চট্টগ্রাম বন্দরে। ২০১০ সালে এ বন্দরের জলসীমায় এ ধরনের ২২টি ঘটনা ঘটেছে। ডাকাতির সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে নাইজেরিয়ার লাগোস বন্দরের জলসীমা। এ বন্দরে ঘটেছে মোট ১১টি ঘটনা।কুয়ালালামপুর-ভিত্তিক জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমবি) ২০১০ সালের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। মোট ১০৩ পৃষ্ঠার এ প্রতিবেদন গত মাসে প্রকাশ করা হয়। তবে সংস্থার হিসাবের চেয়ে চট্টগ্রাম বন্দরে চুরি-ডাকাতির ঘটনা ও ঘটনার চেষ্টা তিন গুণ বেশি ঘটেছে বলে বন্দর পরিসংখ্যানে দেখা গেছে। ‘পাইরেসি অ্যান্ড আর্মড রোবারি অ্যাগেইনস্ট শিপ’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২২টি এবং জলসীমার বাইরে একটিসহ মোট ২৩টি ঘটনা ঘটেছে বলে তুলে ধরা হয়। এর মধ্যে ২০টি ঘটনায় চুরি এবং একটি ঘটনায় বন্দুক ব্যবহার করেছে দুর্বৃত্তরা।চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এসব ঘটনা ডাকাতি নয়, ছিঁচকে চুরির পর্যায়ে পড়ে।বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি কামাল হায়াত প্রথম আলোকে বলেন, এটা ওই সংস্থার অপপ্রচার ছাড়া কিছুই নয়। চোরের দল অনেক সময় চুপিসারে জাহাজে উঠে ডেকের ওপর থেকে রঙের কৌটা, টিনভর্তি খাবারদাবার যা পায়, তা নিয়ে দ্রুত ঝাঁপিয়ে পড়ে সমুদ্রে। অনেক ক্ষেত্রে জাহাজের লোকেরা রশি বিক্রি করে এ ঘটনাকে চুরি হিসেবে আখ্যায়িত করে।তবে চট্টগ্রাম বন্দরের পরিসংখ্যানে দেখা গেছে, ২০১০ সালে বন্দরে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে ৬৪টি। এসব ঘটনার অন্তত ২০টিতে ডাকাতেরা ব্যর্থ হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশি নৌকায় করে কিরিচ, রামদা ও ছোরার ভয় দেখিয়ে জাহাজের দামি রশি ও স্টোরের মালামাল নিয়ে যায় স্থানীয় দুর্বৃত্তরা। একেকটি রশি এক থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত দামি হওয়ায় রশি বেশি চুরি হয় বলে জানা গেছে। বন্দরের তথ্যে দেখা যায়, গত কয়েক বছরে এত বেশি চুরি-ডাকাতির ঘটনা ঘটেনি। বন্দর পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সালে ৪৯টি, ২০০৮ সালে ৩৮টি, ২০০৭ সালে ৩৫টি, ২০০৬ সালে ৪৫টি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। অবশ্য বন্দরের হিসাবে সশস্ত্র দস্যুতার একটি ঘটনাও ঘটেনি বলে উল্লেখ করা হয়েছে। বন্দর কর্মকর্তারা বলেন, সোমালিয়ার উপকূল ও আশপাশের এলাকার মতো চট্টগ্রাম বন্দর এলাকায় জলদস্যুতার কোনো ঘটনা ঘটেনি। ছিঁচকে চুরির ঘটনাই এখানে বেশি ঘটছে। জাহাজের পরিত্যক্ত সামগ্রীর বিনিময়ে খাদ্যসামগ্রী সরবরাহের উদ্দেশ্যে কিছু নৌকা বহির্নোঙরে অবস্থানরত জাহাজের আশপাশে ঘোরাফেরা করে। এসব নৌকা থেকে লোকজন খাদ্যসামগ্রী সরবরাহের উদ্দেশ্যে জাহাজে ওঠার চেষ্টা করে। আর নামার সময় তারা জাহাজের রশি ও পুরোনো লোহালক্কড় চুরি করে নিয়ে যায়। আবার মাছ ধরার নৌকার আড়ালে অনেকে জাহাজের রশি চুরি করে।বিষয়টি নিয়ে বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম সম্প্রতি প্রথম আলোকে বলেন, সংখ্যার দিক থেকে বেশি মনে হলেও অনেক ঘটনায় ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনা যাতে না ঘটে সে জন্য বন্দর কর্তৃপক্ষ, পুলিশ ও কোস্টগার্ডের মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে। স্থলভাগে পুলিশ, সমুদ্র এলাকায় কোস্টগার্ড এবং বন্দরের মুরিং পর্যন্ত এলাকায় বন্দরের সিকিউরিটি বোট তদারকি করছে বলে তিনি জানান।আইএমবির প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে বিশ্বে চুরি-ডাকাতি ও জলদস্যুতার ৪৪৫টি ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে ৫৩টি জাহাজ জলদস্যুরা ছিনতাই করে। সোমালিয়ার জলদস্যুরা সোমালিয়ার উপকূল, আরব সাগর ও এডেন উপসাগরের আশপাশের এলাকা থেকে ৪৯টি জাহাজ ছিনতাই করে। লোহিত সাগর, দক্ষিণ চীন সাগর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় অপর পাঁচটি জাহাজ ছিনতাই হয়। গত বছর জলদস্যুদের হাতে মারা পড়েন আট নাবিক।সংস্থার সর্বশেষ হিসাবে গত জানুয়ারি মাসে বিশ্বজুড়ে সাতটি জাহাজ ছিনতাইসহ চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে ৪৭টি। এসব জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। সোমালিয়ার জলদস্যুদের নিয়ন্ত্রণে বর্তমানে ৩৩টি জাহাজ আছে। এসব জাহাজে ২৬ বাংলাদেশিসহ ৭৫৮ জন জিম্মি আছেন।আইএমবির প্রতিবেদন অনুযায়ী, বন্দর জলসীমায় যেসব জাহাজে চুরি-ডাকাতি হয়েছে, সেগুলোতে ঘটনা অনুযায়ী চার থেকে ২৫ জন পর্যন্ত ডাকাত অংশ নিয়েছে। মাছ ধরার নৌকা ও ছোট নৌযানে করে এসব ডাকাত জাহাজে উঠে মূল্যবান রশি ও মালামাল ডাকাতি করে নিয়েছে। কোনো কোনো ঘটনায় ছুরিও ব্যবহার করেছে তারা। চুরি-ডাকাতির শিকার জাহাজগুলোর মধ্যে রয়েছে এমটি ব্লুগ্রিন টাইগার, এমভি লরি বাল্কার, এমভি সাজিটেরিয়াস, এমভি সান্তা সুরিয়া-২, এমভি কোটা রত্না, এমসিসি মেলাকা, এসপি এথেন্স, সানি ড্রিম, ভার্জিনা, হংকং স্টার, জিন্দাল ভারুনা, বিএম অ্যাডভেনচার, ওশেন ক্রাউন ইত্যাদি।