শহীদ জননী জাহানারা ইমামের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে গত ২৬ জুন স্টুডিও থিয়েটারে আয়োজন করা হয় আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, শহীদজায়া বেগম মুশতারী শফি ও মুক্তিযোদ্ধা ডা. মাহ্ফুজুর রহমান। অনুপম সেন বলেন, ‘বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ কীর্তি মুক্তিযুদ্ধ। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলার চেষ্টা করা হয়েছিল। তখন জাহানারা ইমাম যুদ্ধাপরাধবিরোধী আন্দোলন শুরু করেন। তাঁর এই আন্দোলন বাঙালিকে আশান্বিত করেছিল।’ বেগম মুশতারী শফি বলেন, ‘যুদ্ধাপরাধী রাজাকারেরা এ দেশে পুনর্বাসিত হয়ে একসময় গণমাধ্যমের মালিক বনে যান।’প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদ জননীর আত্মজীবনী পাঠ করেন শর্মিষ্ঠা বড়ুয়া। শহীদ জননী স্মরণে নিবেদিত কবিতা পাঠ করেন কংকন দাশ, মোহিত বিশ্বাস ও ত্রিতরঙ্গের পক্ষে দেবাশীষ রুদ্র। এরপর ছিল প্রমার বৃন্দ আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।