মডার্ন মোড়ে নামতে নামতে রাত চারটা বেজে গেল। এত রাতে রিকশা-অটোর টিকিটিরও দেখা মেলে না। তা ছাড়া আগের রংপুর নেই। শহরজুড়ে ছিনতাইয়ের মচ্ছব চলছে। অসময়ে রওনা হয়ে কাঁধের পোঁটলাটা হারাতে চাই না। অগত্যা অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ঢুকলাম একটা হোটেলে।
হোটেলের তাওয়ায় পরোটা ভাজা হচ্ছে। কেটলির হুইসেল শুনে বুঝলাম চাও মিলবে। কাস্টমার আমি একাই।
রুটি সেঁকা মামার সন্দিগ্ধ দৃষ্টি উপেক্ষা করে একটা চেয়ার টেনে বসে পড়লাম। ‘কী খাইমেন ভাইয়ো?’ গায়ে-মাথায় চাদর জড়িয়ে কুকুর কুণ্ডলী হয়ে শুয়ে থাকা একটা কিশোর আমাকে প্রশ্ন করে। জবাব দিই, ‘খাবার নোং। বসিম একনা।’
কিশোরের ঘুম তখনো কাটেনি। আমার উত্তরে নিরাশ হয়ে সে গায়ে-মাথায় ভালো করে চাদর পেঁচিয়ে নিল। বসে বসে হাই তুলছি, এমন সময় সে আবার নীরবতা ভাঙল, ‘ঢাকা থাকি আসনেন?
‘হুঁ’, সংক্ষেপে উত্তর দিই। খুচরা গল্প করার মুড এখন নেই। আট ঘণ্টার জার্নি শেষে কোনোমতে নিজের ঘরে সেঁধতে পারলে বাঁচি।
ছেলেটা অবশ্য আর কথা বাড়াল না। নেতানো বালিশ আর মলিন চাদর গুটিয়ে উঠে পড়ল। তারপর শব্দ করে খানিকক্ষণ টিউবওয়েল চেপে আমাকে পানি এনে দিল।
‘ভাইয়ো, চা কোনা খান।’ দেখি ছেলেটার হাতের কাপ থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে। ‘চা খাইলে আর নিন্দ আইসপার নয়। তোমার চউখ ক্যাম্বা যে নাল হইছে!’ দাঁত বের করে সে হাসে।
কাপটা টেবিলে রাখার ইশারা করে বলি, ‘চা যে দিলু, ট্যাকা কিন্তুক দিবার পাবার নোং। মোরটে ট্যাকা নাই।’
‘না দেলে নাই। মুই তোমাক খিলানু।’
‘তুঁই খিলাবু? কয় ট্যাকা বেতন পাইস?’
‘বেতন দেয় না। তিনবেলা প্যাট ভরি খাবার দেয়।’
ততক্ষণে বেশ কিছু যাত্রী আমার শামিল হয়েছে। সময় নিয়ে চাটুকু শেষ করি। তারপর ডিম আর ঝাল খিচুড়ির অর্ডার দিই। ছেলেটা ভয়ে ভয়ে আমাকে খাবার এনে দেয়। তার ধারণা, আমার কাছে কানাকড়িও নেই। তার ভয় বাড়াতে মিটিমিটি হাসি।
ভোরের আলো ফুটলে উঠে পড়ি। বিল দিতে গিয়ে দেখি ম্যানেজারকে ফিসফাস করে কী যেন বলছে ছেলেটা।
‘ভাইয়ো নাকি জাহিদুলের খালাতো ভাই হন?, ম্যানেজারের গলায় অবিশ্বাসের সুর। ‘জাহিদুল কিন্তুক সকালে ভাত পাবার নয়। উয়ার ভাগেরটা তোমরা খায়া ফেলাইছেন।’
মুচকি হেসে বিলের চল্লিশ টাকা মেটাই। তারপর জাহিদুলকে ডেকে দশ টাকা দিই। অকারণে অনেক ভালোবাসা পেয়েছি, যা আমার প্রাপ্য নয়।
কিন্তু জাহিদুল নাছোড়বান্দা। কিছুতেই বকশিশ নেবে না। শেষে ম্যানেজার পান খাওয়ার জন্য টাকাটা নিতে বললে সে রাজি হয়।
জাহিদুলকে বিদায় জানিয়ে রিকশায় উঠে পড়ি। হোটেলের দরজা থেকে সে হাসিমুখে হাত নাড়ে। ডান হাতের মুঠো থেকে উঁকি দেয় একটা পানের খিলি।
নিয়াজ মেহেদী
ইস্কাটন, ঢাকা।