জায়গা নেই, ফেরত গেল ইউপি ভবন নির্মাণের অর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন নির্মাণের অর্থ অবশেষে ফেরত গেল। ভবন নির্মাণের জায়গা না পেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চলতি বছরের মাঝামাঝি সময়ে ভবন নির্মাণের জন্য বরাদ্দ করা অর্থ বাতিল হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) থ্যোয়াইমং মারমা জানান, ইউপি ভবন নির্মাণের ক্ষেত্রে ৫০ শতক নিষ্কণ্টক জমি স্থানীয়ভাবে দানপত্র হিসেবে দেওয়ার শর্ত রয়েছে; যা জনসাধারণের সুবিধার্থে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে হতে হবে, যেখানে যোগাযোগের সুবিধাসহ অনুকূল পরিবেশ বজায় থাকবে। কিন্তু লালানগর ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য দীর্ঘসূত্রতার পরও শর্ত অনুযায়ী জায়গা পাওয়া যায়নি। ফলে কাজের মেয়াদ শেষ হওয়ায় ভবন নির্মাণের বরাদ্দ বাতিল করে অর্থ ফেরত নেওয়া হয়। জানা যায়, ২০০১ সালে লালানগর ইউনিয়ন পরিষদ গঠিত হয়। শুরু থেকেই আলমশাহপাড়া বাজারে নুরে মদিনা নামের একটি সামজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার) কার্যালয় খুলে পরিষদের কাজ পরিচালনা করে আসছেন চেয়ারম্যান ও সদস্যরা। পরিষদের উন্নয়ন তহবিল থেকে এ জন্য প্রতি মাসে দুই হাজার টাকা ভাড়া দিতে হয়। লালানগর ইউপি চেয়ারম্যান এম শাহ আলম তালুকদার জানান, ভবন নির্মাণের জন্য শর্তানুযায়ী ইউনিয়নের বাসিন্দা মীর ফজলুল হক আলমশাহপাড়া এলাকায় ৫০ শতক জমি অনুদান হিসেবে দেওয়ার সম্মতি প্রকাশ করেন। ফলে তৎকালীন সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ২০০৪ সালের ১৩ ফেব্রুয়ারি ওই জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। মীর ফজলুল হক পরে জমি দিতে অস্বীকৃতি জানান। এ অবস্থায় ভবন নির্মাণকাজের সময় অতিবাহিত হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভবন নির্মাণে বরাদ্দ বাতিল করে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে মীর ফজলুল হক বলেন, ‘পারিবারিক অংশীদার থাকায় জমি দানে একমত হতে পারিনি। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও জমি দান-প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি।’ তবে জমি দানের চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান। রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী মো. হাসান আলী ভবন নির্মাণকাজের বরাদ্দ বাতিলের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ভবন নির্মাণের জন্য নির্ধারিত জায়গার মানচিত্রসহ (ট্রেসম্যাপ) প্রতিবেদন পাঠানোর পর স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর ৩৫ লাখ টাকা বরাদ্দ দেয়। কাজের মেয়াদ ছিল ২০০৬ সাল পর্যন্ত। কিন্তু জমি অনুদান-সংক্রান্ত জটিলতায় ভবনের নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পরিষদে যতবার চিঠি দেওয়া হয়েছে, ততবার শুধু সময় চেয়েছে। ফলে একাধিক আবেদন পর ২০০৮ সাল পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানো হয়। এর পরও কাজ না হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০১১ সালের মাঝামাঝি সময়ে ভবন নির্মাণের বরাদ্দ বাতিলের চিঠি দেয়। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী জানান, ইউপি ভবন নির্মাণের জন্য জায়গা চেয়ে লালানগর ইউনিয়ন পরিষদে একাধিকবার চিঠি দেওয়া হলেও জায়গার ব্যবস্থা করতে পারেনি তারা। ফলে ভবন নির্মাণের বরাদ্দ বাতিল হয়ে যায়।’