চলতি মৌসুমে উন্নত জাতের আনারস ‘জায়ান্ট কিউ’র বাম্পার ফলন হয়েছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায়। খেতে সুস্বাদু ও মিষ্টি এ আনারসে ক্রেতাদের আগ্রহও বেশি। ফলে বিক্রিও হচ্ছে ভালো। দাম পেয়ে খুশি চাষি।চেঙ্গী ইউনিয়নের কিনাধন বৈদ্যপাড়ার আনারসচাষি গুলমুনি চাকমা বলেন, আমি দুই বছর আগে চার হাজার জায়ান্ট কিউ জাতের আনারসের চারা লাগিয়েছি। খরচ হয়েছে ২০ হাজার টাকা। এখন প্রতিবছর আনারস বিক্রি করছি। বাগান বিক্রি করে দিয়েছি ২৫ হাজার টাকায়। এসব গাছ থেকে আরও কয়েক বছর ফলন পাব বলে আশা করছি।শুধু গুলমনি চাকমা নন, মনিপুর এলাকার চাষি ফটিক চাকমা, নীল কুমার চাকমা, বিজুরাম চাকমা, হেমরঞ্জন চাকমা, নিতিরানী চাকমা, লোগাং ইউনিয়নের অভিনাশপাড়ার কাম্মোধন চাকমাসহ উপজেলার কয়েক শ কৃষক এ বছর আনারস চাষ করে লাভবান হয়েছেন। তাঁদের সাফল্যে অনেকেই এখন আনারস চাষে ঝুঁকছেন। লোগাং ইউনিয়নের চিকন চানপাড়ার চাষি বকুল চাকমা বলেন, এ বছর বাগান থেকে সাত-আট হাজার আনারস পেতে পারি। ইতিমধ্যে পানছড়ি বাজারে ৬০০ আনারস খুচরা বিক্রি করে ১২ হাজার টাকা পেয়েছি। সব আনারস এভাবে বিক্রি করতে পারলে এ বছর কমপক্ষে দেড় লাখ টাকার মতো আয় হবে। তবে চাষিরা জানান, সংরক্ষণের সুবিধা থাকলে আরও ভালো দাম পাওয়া যেত। এখন বাজারমূল্যের চেয়ে অনেক কম মূল্যে বাগান বিক্রি করতে হচ্ছে।বাজার ঘুরে দেখা গেছে, হাটবাজারে জায়ান্ট কিউ জাতের আনারস বিক্রি হচ্ছে প্রতিটি গড়ে ১০ থেকে ৫০ টাকা দরে। বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা পানছড়ি থেকে আনারস কিনে গাড়ি বোঝাই করে চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালীতে নিয়ে যাচ্ছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর পানছড়িতে ৪৫ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। এর আগে ২০১০ সালে ১১ হেক্টর ও ২০১১ সালে ৩১ হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছিল। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন বলেন, এ বছর অনুকূল আবহাওয়া আর প্রয়োজনীয় পরিচর্যার কারণে আনারসের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় চাষিরাও খুশি। বিশেষ করে, জায়ান্ট কিউ জাতের আনারস চাষে কৃষক লাভবান হচ্ছে বেশি।