জিঙ্কসমৃদ্ধ ব্রি-৬২ ধান চাষে উদ্বুদ্ধকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিঙ্কসমৃদ্ধ ব্রি-৬২ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে গত বৃহস্পতিবার ফেনীর সোনাগাজীতে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজন করে সোনাগাজী আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্র।
সোনাগাজী আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. শাহজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলী আহমদ, ব্রির উপপরিচালক মো. ইমরান হোসেন, সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুর রহমান।
হারভেস্ট প্লাস বাংলাদেশের আর্থিক সহায়তায় আয়োজিত মাঠ দিবসের সমাবেশে অংশ নেওয়া কৃষক প্রতিনিধিরা বলেন, সোনাগাজীর চরাঞ্চলের কৃষকেরা সাধারণত মাঠে সরাসরি বপন পদ্ধতিতে স্থানীয় জাত যেমন রাজাশাইল, আগনশাইল, বাজাইল চাষাবাদ করত।
এতে একরপ্রতি ফলন হতো ১৫-২০ মণ। চলতি রোপা আমন মৌসুমে জিঙ্কসমৃদ্ধ ব্রি-৬২ জাতের ধান ছয় একর জমিতে সরাসরি পদ্ধতিতে চাষাবাদ করে প্রতি একরে ফলন হয়েছে ৪০-৪৫ মণ।
গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা বলেন, ব্রি ধান-৬২ জাতটিতে মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদান জিঙ্ক থাকায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খুবই কার্যকরী। সমাবেশে উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন ও আশপাশের ২০০ কৃষক ও জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন।