জিতে গেছেন ওবামা, অভিনন্দন রমনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওবামা কি রমনি, ডেমোক্র্যাট কি রিপাবলিকান—এই নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। মাথাব্যথা শুধু এক জায়গায়! সেটা হচ্ছে, আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনটা আসলে ঠিকঠাক হয়নি! সূক্ষ্ম ও স্থূল, দুই রকমের কারচুপিই হয়েছে!আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন যেহেতু গোটা পৃথিবীবাসী মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, তার মানে ওবামা কিংবা রমনি যে-ই জিতুক পৃথিবীবাসীর অনেক কিছুই আসে-যায় তাতে। বিশ্ব অর্থনীতি, কূটনীতি, দুর্নীতি—সবকিছুতেই এর একটি প্রভাব পড়বে! তার মানে আমেরিকার নির্বাচনের ওপর নির্ভর করছে পৃথিবীর সব দেশের, সব মানুষের ভবিষ্যৎ! তা-ই যদি হয়, সেখানে শুধু আমেরিকার নাগরিকেরাই ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবে, এটা মেনে নেওয়া যায় না। এক প্রেসিডেন্টের ওপর ভাগ্য সঁপে দিয়েছি, তাই বলে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারটাও শুধু আমেরিকানদের ওপর ছেড়ে দেব, সেটা কোনোভাবেই হয় না। এটা অন্যায়, এটা জুলুম, এটা স্বেচ্চাচারিতা! এটা বিরোধী দলের ষড়যন্ত্র! এটা সরকারি দলের অদূরদর্শিতার ফল! (সরি, ক্ষমা করবেন, পুরোনো অভ্যাস তো, জোশে চলে এসেছে)। এ জন্য ৩১ নভেম্বর সারা বিশ্বে সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য পৃথিবীবাসীর প্রতি আকুল আবেদন করছি। আমরা মনে করি, এটা কোনো সুস্থ গণতান্ত্রিক চর্চা হলো না। নির্বাচনের ফলাফলের ওপর যাঁদের ভাগ্য নির্ভর করে, তাঁদের কেউই নির্বাচনে অংশ নিতে পারেননি। এটা মেনে নেওয়া যায় না! কোনোভাবেই না। শুধু হরতাল দিয়ে হবে না। আসুন আমরা গণ-অনশন করি। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে ম্যানহাটনের স্ট্যাচু অব লিবার্টি পর্যন্ত একটি প্রতিবাদ শোভাযাত্রা বের করব! শুধু হরতাল, গণ-অনশন কিংবা প্রতিবাদ শোভাযাত্রাতেও এর প্রতিবাদ শতভাগ হবে না। এই জন্য প্রয়োজন...এটুকু বলার পর জনাব বক্তার গলা শুকিয়ে আসে, তিনি পানি পানের বিরতি নিলেন! তাঁর বক্তব্য শুনে কিছু মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিল!এই ফাঁকে আশপাশের পরিবেশ সম্পর্কে একটু ধারণা দিচ্ছি! মফস্বল এলাকার একটি বাজার। সেখানে কয়েকজন মানুষ পেয়ে একজন প্রবীণ বক্তা উত্তেজিতভাবে নিজের মনের ভাব প্রকাশ করেন। তার কিছুক্ষণের মধ্যে বাজারের ভেতর দিয়ে একটি মিছিল বের হয়। বিজয় মিছিল। বারাক ওবামার ছবি, পোস্টার ও ব্যানার নিয়ে মিছিল!মিছিলে স্লোগান কিছুটা এ রকম: আমার ভাই, তোমার ভাই—ওবামা ভাই, ওবামা ভাই। ও মামা জিতল কে? ওবামা! জনে জনে ক্যাট ক্যাট, হাইরা গেছে ডেমোক্র্যাট!তারও খানিক বাদে আরেকটা মিছিল বের হয়! তাদের স্লোগান ছিল ভিন্ন! মানি না মানব না, এই প্রেসিডেন্ট ভুয়া! চাই না ডেমোক্র্যাট, চাই না রিপাবলিকান, চাওয়া শুধু একটাই, দিতে চাই ভোটখান!এর পরের ঘটনা তো প্রত্যাশিত! দুটি মিছিল মুখোমুখি হলো! এরপর যা হওয়ার কথা তা-ই হলো! পরদিন ওই এলাকায় সত্যি সত্যি হরতাল পালন করতে হলো!এখান থেকে হাজার হাজার মাইল দূরে তখন চলছে অন্য ঘটনা! রমনি হাসিমুখে ওবামাকে অভিনন্দন জানালেন। অভিনন্দনের বাণী ছুটে আসতে লাগল পৃথিবীর সব দেশ থেকে। কনফেত্তি আর আলোর জোয়ারে ভেসে গেলেন ওবামা! কোনো কেন্দ্র থেকেই ব্যালট বাক্স উধাও হয়নি! কোনো কেন্দ্রেই কোনো গ্রুপ কাউকে ধাওয়া করেনি! কেউ বলেনি সূক্ষ্ম কিংবা স্থূল কারচুরি হয়েছে।ভাবতে ভালোই লাগে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও গণতন্ত্রের চর্চা হয়। আর কিছুদিন পরেই আমাদের দেশে নির্বাচন হবে! একজন ওবামার মতো হাসবেন, আরেকজন হাসবেন রমনির মতো! দুজনের মুখের হাসিটাও যেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়েই হয়!এবার সমসাময়িক একটা চায়ের কাপে ঝড়ের চুম্বক অংশ!আমেরিকাতে নাকি গণতন্ত্র চলে, এইডা কোন গণতন্ত্র হইল! এত্ত বড় একটা নির্বাচন হয়ে গেলে অথচ কোনো পাল্টাপাল্টি ধাওয়ার কাহিনিই নেই! কেউ কোনো কেন্দ্রই দখলে নিতে পারল না! একটা কেন্দ্রেও আগুন লাগার ঘটনা ঘটল না! ব্যালট বাক্স নিয়া কেউ দৌড় দিল না! একটা জাল ভোট হয়নি! এত্ত বড় একটা নির্বাচন হয়ে গেল, অথচ একটা লাশ পর্যন্ত পড়ল না। একজন জিতল আরেকজন নির্বাচন বয়কটের হুমকিও দিল না! নির্বাচনে কারচুপির অভিযোগ করল না কেউ, উল্টা হাসিমুখে অভিনন্দন জানাল! এইডা কিছু হইল? একটা নির্বাচন হবে আর কোনো উত্তেজনা থাকবে না, এটা কোন কথা! খালি দর্শকের ভোটেই যদি খেলার ফলাফল নির্ধারিত হয়ে যায়, তাহলে গণতন্ত্রের খেলোয়াড়েরা মাঠে কী করবে? লেবেনচুষ খাবে! আসলে সঠিক গণতন্ত্র চর্চা হয় আমাগো দেশে! গণতন্ত্র কাকে বলে, সেটা যদি দেশের জনগণ অস্থি-মজ্জায় টের না পায়, তাহলে কিসের গণতন্ত্র! আমেরিকারটা এখনো ঠিক গণতন্ত্র হয়ে ওঠেনি, আমাদের গণতন্ত্রের তুলনায় আমেরিকার গণতন্ত্র এখনো শিশু! ফিডার খায়, আর ওয়াও ওয়াও করে!