জিন বিজ্ঞানীর স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্পনা করুন তো, মাঠে কৃষক নয় বরং একদল স্কুলপড়ুয়া একফালি জমিতে ছোটাছুটি করে নিজেরাই শাকসবজি লাগাচ্ছে, পাশে রয়েছেন শিক্ষকও। ভাবছেন, আজকালকার বাচ্চারা স্কুল করেই সময় পায় না, আবার সবজি চাষ! আজগুবি লাগতেই পারে, কারণ এখন যা কল্পনাও করা যায় না, একসময় তা-ই ছিল সত্য। অতিসম্প্রতি ‘স্বপ্ন নিয়ে’কে দেওয়া এক সাক্ষাত্কারে এ রকমটিই বলছিলেন বিশিষ্ট জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী। ষাটের দশকেও নাকি গ্রামে স্কুলঘরের লাগোয়া জায়গায় শিক্ষার্থীদের দেখা যেত নানা গাছ রোপণ করতে। গাছ বড় হয়ে ফুল-ফল আসতে দেখার মধ্য দিয়েই কিন্তু হাতেখড়ি হয়ে যেত কৃষিভিত্তিক বিজ্ঞানের। ‘গাছ বেড়ে ওঠার পেছনে যে বৈজ্ঞানিক কারণ আছে, ফুলে ভ্রমর বসলে সবার অলক্ষ্যেই হয়ে যাচ্ছে পরাগায়ণ—উদ্ভিদবিজ্ঞানের এসব রহস্যকে হাতে-কলমে জানার এটা ছিল চমত্কার এক মাধ্যম, যা এখন আর নেই’—বলছিলেন তিনি। ‘ফার্টিলাইজেশন ইনডিপেনডেন্ট সিড’ জিন বা ‘ফিস’-বায়োলজির গবেষক আবেদ চৌধুরীর সঙ্গে কথা হচ্ছিল দেশে বিজ্ঞান শিক্ষার বর্তমান অবস্থা, প্রয়োজনীয়তা, প্রসার এবং এ দেশে নানা ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ ও ভবিষ্যত্ নিয়ে। ‘কৃষিপ্রধান এ দেশে স্রেফ কৃষিকেন্দ্রিক বিজ্ঞানের চর্চাই দেশকে অনেক উন্নত করে তুলতে পারে। বিশ্বের অনেক দেশ—যেমন, চীন, থাইল্যান্ডে কৃষিকে কেন্দ্র করেই সমৃদ্ধ হয়েছে তাদের বিজ্ঞান, অর্থনীতি।’ কৃষিতে বিজ্ঞানের গুরুত্ব প্রসঙ্গে বলছিলেন তিনি।এ দেশে কৃষিকেন্দ্রিক বিজ্ঞানের প্রতি আগ্রহ জাগানিয়া সেকালের ধারাগুলো লোপ পেয়েছে বটে। তবে বিজ্ঞান শিক্ষায় এসেছে পরিবর্তন আর নতুন সংযোজনও। এক যুগের কিছু বেশি হলো আমাদের দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে বিশ্বমানের একটি বিষয়—জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি। তবে স্কুলপর্যায় থেকেই এর শুরুটা হওয়া সম্ভব বলে মনে করেন তিনি—‘যেকোনো জীবকে দিয়েই কিন্তু জেনেটিকস, কোষবিদ্যা—এসব বিজ্ঞান শেখানো যায় এবং আগ্রহী করা যায় শিক্ষার্থীদের। বিদেশে নানা জিনগত গবেষণায় শর্ষে জাতীয় উদ্ভিদ অ্যারাবিডপসিস থ্যালিয়ানা ব্যবহূত হয়। আমাদের দেশেও কত জাতের শর্ষে আছে। এসবকে কেন্দ্র করেই শিক্ষাক্রমে জিনবিজ্ঞানের একটা মৌলিক ধারণা স্কুল-কলেজেই দেওয়া যায়।’ উচ্চমাধ্যমিকের পর বিজ্ঞানের এই শাখা বা অন্যান্য সম্পৃক্ত শাখার শিক্ষাকে মজবুত ও সমৃদ্ধ করতে সে বিষয়ে উচ্চশিক্ষা তো নেওয়া যেতেই পারে। আবার এ পর্যায়ের পরেই যদি বিশেষ বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া যায়, তবে সে জ্ঞান দিয়েও কেউ ব্যবসা বা উদ্যোগমূলক কাজে নিয়োজিত হতে পারে বলে ভাবেন তিনি। আর পড়া শেষে পেশা গড়ার কথাটি তো আসেই। বিজ্ঞানশিক্ষার কর্মক্ষেত্রগুলো হতে পারে—গবেষণামূলক কাজ, উৎপাদনমুখী কাজ কিংবা উৎপাদিত পণ্যের বিপণন ও বাজারজাতকরণ। বায়োটেকনোলজি বা কৃষিভিত্তিক যেকোনো বিষয়ে পেশা গড়াও এর ব্যতিক্রম নয়। তবে হ্যাঁ, গবেষণাগার উন্নয়ন, ব্যবসা ইত্যাদি সবকিছুতেই অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ড. আবেদ মনে করেন, দেশে বিজ্ঞানকে এগিয়ে নিতে হলে তাকে শিল্পায়নের সঙ্গে সম্পৃক্ত করতেই হবে। সরকারি পদক্ষেপ, পৃষ্ঠপোষকতা ও অর্থায়ন, নীতিমালাসংক্রান্ত জটিলতা দূরীকরণ, দেশের ব্যবসায়ীমহলের সচেতনতা ও অর্থলগ্নি ইত্যাদির সাহায্যে আরও সমৃদ্ধ হবে এ ক্ষেত্রটি। আরও দরকার নতুন উদ্যোগ ও তরুণ উদ্যোক্তা। নবীন উদ্যোক্তাদের পথটা সরকারই সহজ করে দিক, আর প্রয়োজন ঋণসহায়তা। দেশে বিনিয়োগ ও আইডিয়ার একটি সমন্বয় হওয়া দরকার। বিনিয়োগ হতে পারে স্থানীয় পর্যায়ে; আবার অর্থায়ন ও অন্যান্য সাহায্যের জন্য কোনো কাজের শুরুটা যৌথ উদ্যোগেও করা যেতে পারে। সবার জন্য আরও সহজলভ্য হওয়া দরকার ইন্টারনেট-সুবিধাও। তবে উচ্চশিক্ষা হোক বা কর্মক্ষেত্র—সব ক্ষেত্রেই কিন্তু ইংরেজির ভিতটা শিক্ষাজীবন থেকেই বেশ পোক্ত হওয়া চাই। তাঁর মতে, ‘ইন্টারনেটে কোনো সার্চ-ইঞ্জিনের সাহায্য নিতে হলেও তো ইংরেজিটা দরকার হয়, আর বাস্তবতা হলো, আমাদের মতো উন্নয়নশীল দেশকেই আগে যেতে হবে উন্নত বিশ্বের কাছে; ইংরেজিটা তাই শুদ্ধভাবে জানতে হবে। এ ছাড়া জানার জন্য অন্য ভাষার বই, গবেষণাপত্র অনুবাদ করা যেতে পারে বাংলায়—যেমনটি কোরিয়া তাদের ভাষায় করে থাকে।’ কৃষিপ্রধান হলেও এ দেশে অন্যান্য প্রাকৃতিক সম্পদ প্রচুর। তাই জীবপ্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রও কিন্তু সীমিত নয়। বাণিজ্য ও উৎপাদনমুখী কাজের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে প্রাণিসম্পদ, মৎস্যসম্পদ, ওষুধপ্রযুক্তি খাতে। বায়োটেকনোলজির প্রয়োগে দ্রুতবর্ধনশীল গাছ দিয়েও পরিবেশ ও বনায়নের অনেক সমস্যার সমাধানের কথা ভাবা যায় বলে জানান তিনি। আমাদের সবার চিন্তাভাবনারও কিছু সংস্কার হওয়া উচিত বলে মনে করেন তিনি। বলেন, ‘বিদেশের দরজা উন্মুক্ত হওয়ার পর দেশের থেকে চোখ ফিরিয়ে নিচ্ছি আমরা। আমাদের মাটি আছে, কিন্তু তাতে কী চাষ করলে দেশকে এগিয়ে নিতে পারব সেই পরিকল্পনা আমাদের নেই। দেশের প্রেক্ষাপটে যা প্রয়োজন, তা বিবেচনা করে, কোন ক্ষেত্রকে রসদ করে বিজ্ঞানচর্চা করতে পারি, সেটা আমাদেরই ভাবতে হবে।’ বসে নেই তিনি নিজে। কৃষিভিত্তিক বিজ্ঞান-সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছেন তিনি সিলেটে নিজ এলাকায়—কানিহাতিতে। জানালেন, ‘কৃষক, তরুণদের সঙ্গে নিয়ে আবহমান বাংলার কৃষি উপকরণ যেমন, বীজ সংগ্রহ করছি যার কাছে পাচ্ছি, বপনও করছি। চোখের সামনেই যে ফসল হচ্ছে তা থেকে বিজ্ঞান, জেনেটিকসের কিছু ধারণা তৈরি হচ্ছে। প্রচেষ্টা আছে নতুন ধরনের ধান, শর্ষে ইত্যাদি জন্মানোর। শহর ও গ্রামের সংযোগ স্থাপনের জন্য প্রায়ই আয়োজন করছি বিজ্ঞানভিত্তিক আলোচনার।’ বিজ্ঞানের প্রতি কীভাবে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা যায়, তার কিছু পরামর্শও দিলেন তিনি—শহরের স্কুলের ছাদেই না হয় হোক গাছ লাগানো, শিশুদের আনন্দ-ভ্রমণে, শিক্ষাসফরে নেওয়া যেতে পারে গ্রামের মাঠে-খেতে। গ্রাম, উপজলায় কৃষি কলেজ বা স্কুল স্থাপন হতে পারে। অনেক আগের মতো সবচেয়ে বড় কপি, মুলা এসব প্রদর্শনী আবার শুরু হলে গ্রামগঞ্জের কৃষকও উত্সাহিত হবেন। এভাবে সব স্তরে শুরু হতে পারে এই বিজ্ঞান-সচেতনতা।তাঁর মতে, ‘বিজ্ঞানকে হতে হবে বাস্তবজীবন সংশ্লিষ্ট। কৃষি আমাদের বাঁচিয়ে রাখার জন্যই। তাকে দেশের নীতিনির্ধারণ পর্যায়ে প্রাধান্য দিতে হবে। আর এ ক্ষেত্রে বিজ্ঞানীদের একটা ভূমিকা রাখতে হবে।’ উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাই এখন থেকেই নতুন প্রজন্মের তাগিদ থাকতে হবে বিজ্ঞান শেখার।