ঢাকার বাইরে কনসার্ট ছিল। গত শনিবার ফিরেছেন। কথামতো রোববার তাঁর বাসায় গিয়ে উপস্থিত হলাম। তবে এবার গান নিয়ে নয়, কথা হবে তাঁর স্টাইল নিয়ে। তিনি সোলসের ভোকালিস্ট নাসীম আলী খান।সকালে কিছুটা দেরি করেই ঘুম থেকে ওঠেন। কারণ, রাত জেগে কাজ করেন। সারা দিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। পেশায় তিনি ইন্টেরিয়র ডিজাইনারও। দিন শুরু হয় নিজস্ব প্রতিষ্ঠান স্টাইল ভিশনের কাজের মধ্য দিয়ে। সন্ধ্যার পর ক্লাবে গিয়ে দুই থেকে তিন ঘণ্টা টেনিস খেলেন। রাতে বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান। এরপর মধ্যরাত পর্যন্ত সময়টা নিজের জন্য বরাদ্দ। এ সময় চলে সৃজনশীল কাজের পর্ব। ছবি আঁকা, ইন্টেরিয়র ডিজাইন, লেখালেখি অথবা গান নিয়ে কেটে যায় একান্ত কিছু মুহূর্ত। কনসার্টের আগে অবশ্য এই রুটিনে কিছুটা ছেদ পড়ে যায়। তখন শুধুই গান আর গান। এই পুরোটা দিনে নাসীম আলী খানের স্টাইল নির্ভর করে তাঁর মনমর্জির ওপর।পোশাকের ক্ষেত্রে একঘেয়েমি পছন্দ করেন না। বিভিন্ন ধরনের পোশাক পরেন। তালিকায় ব্র্যান্ড কিছুটা বেশি। নন-ব্র্যান্ড পোশাকের সেলাই ভালো হলে সেটাকে গ্রহণ করেন। স্যুটের জন্য এক নম্বর আসনটি দখল করে রেখেছে আরমানি। কালো, ধূসর, গাঢ় নীল (নেভি ব্লু) রংগুলোই বেছে নেওয়া হয়। আনুষ্ঠানিক অনুষ্ঠানে স্যুট পরে থাকেন। ফতুয়া পোশাকের তালিকায় এখন পর্যন্ত ঠাঁই পায়নি। শার্ট, টি-শার্ট, পাঞ্জাবিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। নাসীম আলী খান মনে করেন, জিনস হচ্ছে এমন পোশাক, যা সব জায়গায়ই পরা যায়। এ কারণে এটি তাঁর সবচেয়ে পছন্দের পোশাক। জিনসের ব্র্যান্ড হিসেবে আরমানি এক্সচেঞ্জ ও লিভাইস এগিয়ে।নাসীম আলী খান একজন সংগীতশিল্পী, এটা সবাই জানেন। কিন্তু তিনি একজন চিত্রশিল্পীও, এটা অনেকেই জানেন না। গান ও ছবি আঁকা—দুটিই তাঁর ভালোবাসার জায়গা জুড়ে আছে। লেখা শুরু করার আগে থেকেই ছবি আঁকা শুরু করেছিলেন। উৎসাহ পেয়েছিলেন মায়ের কাছ থেকে। ছোটবেলায় কখনো কোনো প্রতিযোগিতায় দ্বিতীয় হননি। বাড়ির প্রতিটি ঘরের দেয়ালে তাঁর আঁকা ছবি শোভা পাচ্ছে। স্কেচ, তেলচিত্র, জলরং, চারকোল, এয়ারব্রাশ নানা মাধ্যমকে বেছে নেন। কথার একপর্যায়ে এটিও জানা গেল, বাড়ির অনেক আসবাব তিনি ডিজাইন করে বানিয়েছেন।নিজের কেনাকাটার দায়িত্বটা নিজেই পালন করেন। এ বিষয়ে পছন্দের জায়গা মালয়েশিয়া ও সিঙ্গাপুর। গ্যাজেটের প্রতি একধরনের ভালো লাগা আছে। এ জন্য কেনাকাটার সময় প্রথমেই এসে যায় মুঠোফোন, ক্যামেরা, কম্পিউটার। ফ্যাশন অনুষঙ্গ হিসেবে ব্যবহার করেন ব্র্যান্ডের সানগ্লাস ও ঘড়ি। হাতে পরে ছিলেন রোলেক্স ডিপ সি। নাসীম আলী বলেন, ‘জীবনে একবারই এগুলো কেনা হয়। এ ছাড়া আমি সিকো, ওমেগা, পিয়ারে কারডিন পরে থাকি।’ রে ব্যানের তিনটি সানগ্লাস আছে। সেগুলোই ব্যবহার করেন বেশির ভাগ সময়। সংগ্রহে পারফিউম আছে অনেক। মর্জির ওপর নির্ভর করে ব্যবহার করা হয়। জুতার প্রতিও কিছুটা মোহ আছে। এখানে ব্র্যান্ড কোনো বিষয় নয়। তবে হাশ পাপিসের জুতা পরতে বেশি পছন্দ করেন। পরিবারে দুই মেয়ে শামামা ইরাম খান, জেব ইরাম খান। স্ত্রী সামিয়া খান গৃহিণী। নাসীম আলী খান পছন্দ করেন আড্ডা মারতে, ঘুরে বেড়াতে ও পরিবারের সঙ্গে সময় কাটাতে।