জিনস কখনোই ধোয়া ঠিক না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভাইস ডেনিমে তৈরি জিনস। ছবি: কোম্পানি হ্যান্ডআউট/দ্য গার্ডিয়ান
লিভাইস ডেনিমে তৈরি জিনস। ছবি: কোম্পানি হ্যান্ডআউট/দ্য গার্ডিয়ান

একসময়ের ‘শ্রমিকের পোশাক’ থেকে দুনিয়াব্যাপী গণফ্যাশনে পরিণত হওয়া জিনস কীভাবে পরছেন দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা কোটি মানুষ? যে ডেনিম কাপড়ে জিনস তৈরি হয়, সেই কাপড় প্রস্তুতকারকেরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন—যত দিন সম্ভব না ধুয়েই জিনস পরুন, তাহলেই আপনার জিনস বেশিদিন টিকবে। কোনো কোনো প্রস্তুতকারী এমনও বলছেন, অন্তত পক্ষে ছয় মাস না পরে প্রথমবার জিনস ধোবেন না! আবার কেউ বলছেন, দীর্ঘদিনের ব্যবহৃত জিনসের গন্ধই নাকি বিজয়ীর গায়ের গন্ধ! কিন্তু তেল চিটচিটে হয়ে যাওয়া ময়লা জিনসের দুর্গন্ধ শরীরে নিয়ে ঘুরে বেড়ানোই-বা কীভাবে সম্ভব! জিনসের ধোয়া না-ধোয়া নিয়ে দ্য গার্ডিয়ান অবলম্বনে এ প্রতিবেদন।

ধোয়া না-ধোয়ার নানা পরামর্শ

আপনি ১০ রকমের শার্ট বা পাঞ্জাবি কিনেন, ১০ রকমের প্যান্ট বা পাজামা কিনেন—কাপড়ের রকমফের অনুযায়ী সেসব ধোয়ার যত পরামর্শ পাবেন তার কোনোটির সঙ্গেই মিলবে না জিনস ধোয়ার পরামর্শ। যেকোনো ভালো ব্র্যান্ডের জিনসের গায়েই আপনি সেটা ধোয়া না-ধোয়ার কিছু অদ্ভুত পরামর্শ পেয়ে যাবেন। এমন কিছু নমুনা দেখা যাক—

ব্রিটিশ জিনস প্রস্তুতকারক হিউট ডেনিম ক্রেতাদের এ বিষয়ে কী পরামর্শ দিচ্ছে। তারা বলছে, ‘ধোয়ার আগে ছয় মাস ধরে ব্যবহার করলেই ডেনিম কাপড় ভালো থাকে। যত বেশি না ধুয়ে রাখবেন আপনার জিনস তত বেশি ভালো দেখাবে।’

আরেক ব্রিটিশ জিনস ব্র্যান্ড অ্যালবাম বলছে,‘জিনসের যত্নের বিষয়ে অনেক কথাই প্রচলিত আছে। কেউ কেউ বলেন,“চিরদিন পরুন, কোনোদিন ধোবেন না”, অন্যরা যেভাবে খুশি সেভাবে জিনস পরে জিনস ধোয়। আপনি যে পদ্ধতিই বেছে নিন না কেন, আমরা দেখেছি যে যত বেশি পরবেন তত ভালোভাবে রংচটা জিনস।’

মিস্টার ব্ল্যাক ডেনিম ক্লিনার। ছবি: কোম্পানি হ্যান্ডআউট/দ্য গার্ডিয়ান
মিস্টার ব্ল্যাক ডেনিম ক্লিনার। ছবি: কোম্পানি হ্যান্ডআউট/দ্য গার্ডিয়ান


সুইডেনের ব্র্যান্ড নুডি জিনস বলছে, ‘নতুন একটা শুকনো জিনসের গন্ধের সঙ্গে দীর্ঘদিনের ব্যবহারে যথাযথ জীর্ণ হয়ে যাওয়া একটা জিনসের
ধুয়ে ফেলার আগের গন্ধ পুরোপুরিই ভিন্ন। দীর্ঘদিন না ধোয়া জিনসের গন্ধে হয়তো ভূত পালাবে! কিন্তু ওইটাই নিঃসন্দেহে বিজয়ীর গন্ধ।’

না ধুয়ে জিনস পরার কায়দা-কানুন

১. পরতে পরতে রংচটা হয়ে যাওয়া জিনসটাই আপনার বেশি প্রিয়। কিন্তু এমন জিনসে যেন সহজে ময়লা-দাগ বসে যায়। একটা কাপড় হালকা করে ভিজিয়ে চিপে নিন। এবার জিনসে বসে যাওয়া দাগ ঘষে ঘষে তুলতে থাকুন। আর জীর্ণ জিনসের গন্ধ তাড়াতে হলে কড়কড়ে রোদে শুকাতে দিন। একবার সরাসরি রোদে দিয়ে আবার ভেতরে বাইরে উল্টে নিয়ে ভেতরের অংশ বাইরে রেখে রোদে দিন। রোদে শুকানোর পর দুবারই ভালো করে ঝেড়ে নিন জিনস।

২
. রোদে শুকিয়ে নেওয়ার পরও যদি গন্ধের জন্য জিনস পরতে অস্বস্তি লাগে তখন কী করা যাবে? যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর জিনস ব্র্যান্ড টেলাসনের পরামর্শ হচ্ছে, ‘আমরা এই জিনসগুলো ধুই না, আপনারও তা ধোয়া উচিত না। কিন্তু আর উপায় না থাকলে জিনসটাকে উল্টে ভেতরটা বাইরে নিয়ে আসুন, সামান্য সাবান দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে রোদে শুকান।’

এসব কোনো বুদ্ধিতেই যখন আর কাজ হচ্ছে না তখন ব্যবসায়ীরা ঠিকই নতুন বুদ্ধি নিয়ে হাজির হয়েছেন। জিনস-পাগল অস্ট্রেলিয়ান ব্যবসায়ী অ্যাশ ব্ল্যাকও তাই করেছেন। ‘মিস্টার ব্ল্যাক ডেনিম রিফ্রেশ’ নামে একটা ফ্রেশনার বাজারে ছেড়েছেন তিনি। অ্যাশ ব্ল্যাক বলছেন, দীর্ঘদিন ব্যবহারে ধুলোবালি ময়লার সঙ্গে ঘাম, ত্বকের কোষ এসব জমে একধরনের ব্যাকটেরিয়ার কারণেই জিনস তেল চিটচিটে হয়ে যায়। এই স্প্রে জিনসের ভেতরে বাইরে ব্যবহার করে ১০ মিনিট রেখে দিলে জিনস আবারও শুকনো হয়ে যাবে এবং জিনসের দুর্গন্ধও দূর হবে।

ধোয়া না-ধোয়ার পরামর্শসহ টেলাসন জিনসের লেবেল। ছবি: দ্য গার্ডিয়ান
ধোয়া না-ধোয়ার পরামর্শসহ টেলাসন জিনসের লেবেল। ছবি: দ্য গার্ডিয়ান


আসলে জিনস তৈরির কাপড় ডেনিম এমন পদ্ধতিতে তৈরি হয় এবং এর বৈশিষ্ট্যগুলোই এমন যে যতটা সম্ভব না ধুয়ে বা কম ধুয়ে ব্যবহার করলেই এই ডেনিমের আঁশগুলো ভালো থাকে। এ ছাড়া কড়কড়ে নতুন বনেদি ডেনিমের নীল রঙের নানা শেডগুলোও না ধোয়া অবস্থাতেই বেশি ভালো লাগে। দীর্ঘদিন ব্যবহারে জিনস হাঁটুর কাছে, ঊরুতে বা পেছন দিকে যেসব বিশেষ প্যাটার্নে রংচটা হয়ে ওঠে তাও না ধোয়া অবস্থাতেই ভালো বোঝা যায়। জিনসের রংচটা প্যাটার্ন নিয়ে সুইডিশ ব্র্যান্ড নুডি জিনস যেমন বলে,‘ফলাফল নির্ভর করবে আপনি কতটা ঘোরাঘুরি বা ভ্রমণ করেন তার ওপর। অফিসটফিসে হেসে-খেলে বসে থাকা আপনার ডেনিমকে যা দিতে পারবে না, মোটরসাইকেল ঠিক করতে গ্যারেজে গেলে আপনি তা পাবেন।’ একসময়ের গরিব শ্রমজীবী মানুষের পোশাক যখন শহুরে ফ্যাশনের কেতা হয়ে ওঠে তখন এমন বিভ্রান্তি তো হতেই পারে। জিনসের আভিজাত্য বুঝতে হলে ভুলে গেলে চলবে না যে আমেরিকা-ইউরোপে কাউবয় আর কাঠুরিয়াদের পোশাক হিসেবেই দীর্ঘদিন ধরে পরিচিত ছিল জিনস।