জিনের বাদশা
সংঘবদ্ধ প্রতারক চক্রের তৎপরতায় আর অবাক হই না, কারণ শৈশব থেকেই তাদের কাহিনি শুনে আসছি। দু-চার-দশ জন মানুষের প্রতারিত হওয়ার ঘটনাও খুব বিস্মিত করে না। কিন্তু কোনো এলাকায় পাঁচ হাজার মানুষ যখন প্রতারণার বিরাট এক জাল গড়ে তোলে, আর সেই জালে স্বেচ্ছায় ধরা দেয় শত শত মানুষ, তখন তাজ্জব হতে হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কথিত জিনের বাদশা আর তার সাগরেদ বা খাদেমরা পেতেছে এমন এক প্রতারণার জাল (‘জিনের বাদশা’ থেকে সাবধান: প্রথম আলো, ১৭ অক্টোবর ২০১০)।এই জিনের বাদশা ব্যবহার করে মোবাইল ফোন: ‘আমি জিনের বাদশা বলছি। এই ফোন নম্বরে ফ্লেক্সিলোডের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠাবি, না হলে ক্ষতি হবে। আর অর্থ দিলে গুপ্তধন পাবি।’ অথবা, ‘আমাকে স্বর্ণ দিলে একটি আপেল দিব। এটি খেলে তোমার স্ত্রীর সন্তান হবে।’ অথবা ‘৬১ কেজি আতপ চাল ও তিনটি খাসি বিক্রি করে টাকা নিয়ে আসবে। টাকা পেলে মানুষরূপে জিনের লোক তোমাকে একটি সোনার ব্যাগ দেবে।’আধুনিক ‘জিনের বাদশা’ মানুষকে বোকা বানাতে তথ্যপ্রযুক্তির সহায়তা নিচ্ছে, এতে অবাক হওয়ার কিছু নেই। অবাক হওয়ার বিষয় হলো, গাইবান্ধা-গোবিন্দগঞ্জের তো বটেই, দেশের আরও অনেক জেলা থেকে শত শত লোক ওই সব প্রলোভনে স্বাভাবিক বিচারবুদ্ধি হারিয়ে নিতান্তই নির্বোধের মতো সর্বস্বান্ত হচ্ছে। বালামুসিবতের ভয় আর গুপ্তধনের লোভ আরও কত যুগ ধরে এই লোকগুলোকে দিশেহারা করে রাখবে!—মশিউল আলম