সীমিতসংখ্যক আসনের কারণে বিজ্ঞান বিষয় থেকে জিপিএ-৫ পাওয়া বহু শিক্ষার্থীই এবার সরকারি কলেজে ভর্তি সুযোগ পাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, নগরের পাঁচটি সরকারি কলেজে বিজ্ঞান বিষয় থেকে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া (গোল্ডেন ‘এ’ প্লাস) শিক্ষার্থীরাই অগ্রাধিকার পেয়েছে। মহানগরে এবার বিজ্ঞান থেকে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৮৩৯ জন শিক্ষার্থী। কিন্তু সরকারি পাঁচ কলেজে বিজ্ঞান বিভাগে আসন রয়েছে এক হাজার ৬৪০টি। এসব কলেজে কেবল একটি বিষয়ে জিপিএ-৫ পায়নি এমন শিক্ষার্থীদের কেউ কেউ ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু দুটি বিষয়ে জিপিএ-৫ না পাওয়া শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে জানা গেছে।এবার শিক্ষা বোর্ডের অধীনে নগরের বিদ্যালয়গুলো থেকে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৭০৬ জন। অপরদিকে পাঁচটি সরকারি কলেজে আসন রয়েছে পাঁচ হাজার ৩৫০টি। তবে বোর্ডের অধীনে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা নগরের এই পাঁচটি কলেজে ভিড় জমাচ্ছে।জানা গেছে, বিজ্ঞান বিভাগে এবার তীব্র ভর্তিযুদ্ধে নামতে হয়েছে শিক্ষার্থীদের। চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহম্মদ মুহসীন কলেজ, সরকারি সিটি কলেজে ৪৫০টি করে আসন রয়েছে। এ ছাড়া নাসিরাবাদ সরকারি মহিলা কলেজে আসন রয়েছে ৩০০টি। যেসব বেসরকারি কলেজ অনলাইনে ভর্তির কার্যক্রম চালু করেছে বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীরা সেসব কলেজেও ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে।এ প্রসঙ্গে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হরিশংকর জলদাস প্রথম আলোকে বলেন, সীমিত আসনের কারণে সরকারি কলেজগুলোতে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা জিপিএ-পাঁচ পাওয়া শিক্ষার্থীদের সবাই ভর্তির সুযোগ পাবে না। সার্বিক ফলাফলে জিপিএ-৫ পেলেও শুধু দুটি বিষয়ে জিপিএ-৫ না পাওয়ার কারণেও অনেককে বঞ্চিত হতে হচ্ছে। এ ছাড়া নগরের ওমরগনি এমইএস কলেজ, ইসলামিয়া কলেজসহ কয়েকটি বেসরকারি কলেজেও ভর্তি-প্রক্রিয়া অনলাইনে চলে যাওয়ায় সেখানেও ভর্তি হতে পারবে না তারা।জানা গেছে, ১৭ জুন মাধ্যমিক পরীক্ষার ভর্তির ফলাফল প্রকাশের পর থেকে বিভিন্ন কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি-প্রক্রিয়া শুরু হয়। বিলম্ব ফি ছাড়া ভর্তির সময় ২৮ জুন পর্যন্ত। বিলম্ব ফিসহ ভর্তি হওয়া যাবে ১২ জুলাই পর্যন্ত। তবে উচ্চমাধ্যমিকের ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে। নগরের পাঁচটি সরকারি কলেজের মধ্যে সরকারি মুহসীন কলেজ ও সরকারি সিটি কলেজ ছাড়া বাকি তিনটিরই ভর্তি কার্যক্রম প্রায় শেষ হয়ে গেছে।চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার গতকাল বুধবারের পরিসংখান তুলে ধরে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কলেজে জেলা কোটায় একটি ও মুক্তিযোদ্ধা কোটায় ১২টি আসন খালি রয়েছে। আশা করছি, আজকের মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে।’ নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মোনায়েম জানিয়েছেন, বুধবার পর্যন্ত সব মিলিয়ে বিভিন্ন কোটায় ৩০টি আসন খালি রয়েছে এ কলেজে। এ বছর প্রায় সাড়ে পাঁচ হাজার আবেদনপত্র জমা পড়েছে এখানে।চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দিবা শাখায় গতকাল বুধবার থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার শুরু হবে বৈকালিক শাখার ভর্তি। এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনপত্র জমা পড়েছে ১৩ হাজার ১১১টি। সরকারি কলেজগুলোতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ভর্তিসংকট প্রসঙ্গে চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়য়া বলেন, ‘এ অবস্থায় বেসরকারি ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। সেখানে পড়েও তারা ভালো করতে পারবে বলে আমরা মনে করি।’