ফটিকছড়ি উপজেলায় এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। উপজেলার ছয়টি কলেজের এক হাজার ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৭৪ জন। পাসের হার ৫৭ দশমিক ২২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৬২ দশমিক ৭৭ শতাংশ। গত বছর উপজেলায় চারজন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে মাত্র দুজন পরীক্ষার্থী।উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ প্রথম আলোকে জানান, ফলাফলের দিক থেকে এবার উপজেলার নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজ প্রথম হয়েছে। এ কলেজ থেকে এবার অংশ নেওয়া ১০০ জনের মধ্যে ৭১ জন পাস করেছে। পাসের হার ৭১ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। ফলাফলের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাহানপুর বিএমসি কলেজ। এই কলেজের ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৪ জন। পাসের হার ৬৫ দশমিক শূন্য ৬ শতাংশ। ফটিকছড়ি ডিগ্রি কলেজের ৫১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৮৭ জন। পাসের হার ৫৪ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন একজন শিক্ষার্থী।অপরদিকে, উপজেলার সাতটি মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় ১৮৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮০ জন। পাসের হার ৯৭ দশমিক ৮২ শতাংশ। গতবার পাসের হার ছিল ৯৭ দশমিক শূন্য ৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুজন শিক্ষার্থী।নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মো. মুছা আনছারী প্রথম আলোকে বলেন, ‘আমার ফলাফল অবশ্যই আশানুরূপ হয়েছে। কলেজের শিক্ষক ও পরিবারের সবার সহযোগিতায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।’