জিপিএ-৫ শীর্ষে চট্টগ্রাম কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর প্রায় সাড়ে ১২টা-পৌনে একটা হবে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয়নি তখনো। এরই মধ্যে প্রস্তুতি নিয়ে বসে আছেন একদল সংবাদকর্মী। যত দ্রুত সম্ভব সংবাদ সংগ্রহ, শিক্ষার্থীর প্রতিক্রিয়া জানার প্রতিযোগিতা। কারণ, বোর্ডের তরফ থেকে তাঁরা জেনেছেন, এবার বোর্ডের সেরা কলেজের তালিকায় দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম কলেজ।গতকাল বুধবার ফলাফল সংগ্রহের জন্য এই তোড়জোড় দেখা যায় চট্টগ্রাম কলেজের প্রবেশপথ থেকে শুরু করে ক্যাম্পাসের আশপাশে। শিক্ষার্থীদের সবাই এসে পৌঁছাননি। সম্মিলিত ফলাফলের কথা জেনে উল্লাস প্রকাশ করেন একদল পরীক্ষার্থী। কিন্তু এঁদের কেউই জানেন না তাঁদের ব্যক্তিগত ফলাফল। তবুও এক ধরনের প্রখর আত্মবিশ্বাস ধরা পড়ে তাদের চোখেমুখে। বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম বোর্ডের উচ্চমাধ্যমিকের ফলাফলে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় শীর্ষস্থান দখল করেছে চট্টগ্রাম সরকারি কলেজ। কলেজের ৭৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০৪ জন। অন্যদিকে, বোর্ডের সেরা ২০ কলেজের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঐতিহ্যবাহী এই কলেজ। পাসের হার ৮৩ দশমিক ৯৭। ফলাফল প্রসঙ্গে চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার প্রথম আলোকে বলেন, ‘আমরা গতবার বোর্ডের সেরা কলেজের তালিকায় ষষ্ঠ ছিলাম। সেই ফল পর্যালোচনা করে এবারে আমাদের প্রস্তুতি জোরদার করেছি। শিক্ষার্থীদের পড়াশোনার দিকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ ছিল। ফলে তারা একাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায়ও আশানুরূপ ফল করে। আমরা মনে করি, শিক্ষার্থীদের যত বেশি ক্লাসমুখী করতে পারব, তত বেশি ভালো ফলাফল নিশ্চিত করা যাবে। আমরা সেভাবেই ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি।’