জিপিএ-৫-এ শীর্ষে ফেনী পাইলট উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো ফলাফল করে আনন্দে মেতে উঠেছে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা l প্রথম
ভালো ফলাফল করে আনন্দে মেতে উঠেছে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা l প্রথম

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এবার ফেনী জেলায় জিপিএ-৫–এর দিক দিয়ে শীর্ষে আছে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ৩০৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬৩ জন। বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীই পাস করেছে। তবে ফলাফলের দিক দিয়ে অন্য রকম রেকর্ড গড়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এই বিদ্যালয়ের ৫১ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেএসসি পরীক্ষায় এবার ভালো ফলাফল করেছে ফেনী জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এই জেলা থেকে এবার জেএসসি পরীক্ষায় ২১ হাজার ৪৯১ জন অংশ নিয়ে পাস করেছে ২০ হাজার ৮৮১ জন। পাসের হার ৯৭ দশমিক ১৬। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৫৪৫ জন। বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী সদর উপজেলার বিদ্যালয়গুলো। ফেনী সদর উপজেলায় পাসের হার ৯৯ দশমিক ৫৫। এরপরই রয়েছে সোনাগাজী উপজেলা। এই উপজেলায় পাসের হার ৯৯ দশমিক ২৩ শতাংশ। এবার জেলার ৬৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
ফেনী শহরের বিদ্যালয়গুলোর ফলাফল গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোর চেয়ে এবারও ভালো হয়েছে। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২১৫ জন জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৮৩ জন। ফেনী সেন্ট্রাল হাইস্কুল থেকে ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৪৩ জন। পাসের হার শতভাগ। ফেনী শাহীন একাডেমী থেকে ৩৮৫ জন জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৪৮ জন। এই বিদ্যালয়েরও পাসের হার শতভাগ।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ জাহানারা বেগম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের নিবিড় পর্যবেক্ষণে এবং অভিভাবকদের অনুপ্রেরণায় এ ফলাফল অর্জিত হয়েছে।
ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ঐকান্তিক চেষ্টায় বরাবরের মতো এবারও ভালো ফলাফল হয়েছে।