জিপিএ-৫ পাওয়াই কি সব?


সবাই জিপিএর পেছনে ছুটছে
ফিনল্যান্ডের মানুষের একটা উদাহরণ দিই। তাদের কাছে শিক্ষা বিষয়টা অনেকটা এ রকম—হয় আমরা শিক্ষার্থীদের পরীক্ষার জন্য তৈরি করব, নয়তো জীবনের জন্য। দ্বিতীয় পথটাই তারা অনুসরণ করেন। তাই তাদের স্কুলে কোনো পরীক্ষা নেই। তবে তাদের শিক্ষার্থীরা জানে কীভাবে ট্যাক্সের কাজ করতে হয়, ওয়েবসাইট বানাতে হয়, শতকরা নির্ণয় করতে হয়। এর কোনো কিছুই শিখিয়ে দেওয়া হয় না। বাস্তব জীবনে করতে দেওয়া হয়। ব্যাপারটা অনেকটা বাধ্য হয়ে ঠেকে শিখছি তা নয়; বরং দেখে শিখছি, বুঝে শিখছি। আমাদের দেশে ঠিক তার উল্টো। শিখতে বাধ্য করা, পরীক্ষায় ভালো করা মানে সর্বোচ্চ জিপিএ পাওয়া। যার কারণে সবাই শুধু জিপিএর পেছনেই ঘুরছে। আগ্রহ নিয়ে শেখার পেছনে নয়।
আয়মান সাদিক
আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যবসায় প্রশাসন বিভাগ, চতুর্থ বর্ষ।

সাধারণ আর অসাধারণের পার্থক্য ধরা যায় না
আমার মনে হয় জিপিএ-৫-এর সবচেয়ে দুর্বল দিক হলো, এটা সাধারণ ও অসাধারণের মধ্যে পার্থক্যকে ঠিকভাবে মূল্যায়ন করতে পারে না। যে শিক্ষার্থী ৮০ পেল এবং যে ১০০ পেল, তাদের মধ্যে বেশ কিছুটা তফাত থাকে। যেটা শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বোঝা যায়। ওদিকে ‘সোনালি পাঁচ’ এর প্রাধান্য, আর ‘সাধারণ পাঁচের’ অবজ্ঞা শিক্ষাব্যবস্থাকে আরও জটিল করছে।
বলতে দ্বিধা নেই, যে হারে প্রশ্ন ফাঁস হচ্ছে আর জিপিএ-৫ বৃদ্ধি পাচ্ছে, তাতে আমাদের শিক্ষা নিজেই আজ প্রশ্নবিদ্ধ। তাই এই শিক্ষাব্যবস্থায় আমি মনে করি না সত্যিকার অর্থে জিপিএ-৫-এর খুব বেশি মূল্য আছে।
ঐশ্বর্য ফারদীন
এমবিবিএস, চতুর্থ বর্ষ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ

জিপিএ-৫ কঠিন প্রতিযোগিতার মঞ্চও প্রস্তুত রাখে
একসময় দেশে জিপিএ-৫ বলে কিছু ছিল না। পত্রিকায় অল্প কয়েকজন সফল মুখের ছবি ছাপা হতো। মনে হতো সফলতা শুধু এদের জন্যই। কিন্তু যখন জিপিএ পদ্ধতি চালু হলো, শহরের নামীদামি স্কুলগুলোর পাশাপাশি অজপাড়াগাঁয়ের সাধারণ স্কুলের শিক্ষার্থীরাও আত্মবিশ্বাসী হতে শুরু করল। এই আত্মবিশ্বাস অমূল্য।
আবার মাত্র কয়েক বছরের ব্যবধানে জিপিএ-৫ এতটাই সহজলভ্য হয়ে গেল যে শিক্ষার্থীদের ‘রিডিং বিটুইন দ্য লাইনস’ অভ্যাসটাই নষ্ট হয়ে গেল। মনে রাখতে হবে, জিপিএ-৫ যেমন একজন শিক্ষার্থীর জন্য স্বপ্ন ও সম্ভাবনার দুয়ার খুলে দেয়, একই সঙ্গে কঠিন প্রতিযোগিতার মঞ্চও প্রস্তুত রাখে।
ইকরাম হোসেন
রাজশাহী বিশ্ববিদ্যালয়, তৃতীয় বর্ষ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ

শিখতে নয়, জিততে চায়
চারদিকে জিপিএ-৫-এর বন্যা দেখে আপাতদৃষ্টিতে হয়তো মনে হচ্ছে, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। কিন্তু আসলে দিনকে দিন আমরা পিছিয়েই পড়ছি। এখন শিক্ষার্থীরা যতটা না শিখতে চায়, তার থেকে বেশি চায় জিততে। এখানে দোষ যতটা না শিক্ষার্থীর, তার চেয়ে বেশি আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থার। জিপিএ-৫ পেতে হবে, কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে হবে—এসব ‘হবে’র ভিড়ে ‘জানতে হবে এবং বুঝে পড়তে হবে’ কথাটা হারিয়ে যাচ্ছে! তবে এখনো পরিবর্তন আনার সুযোগ আছে।
আকিব আহসান
খুলনা বিশ্ববিদ্যালয়, চতুর্থ বর্ষ, ব্যবসায় প্রশাসন

প্রজন্মই সব প্রশ্নের উত্তর দেবে
খুব হতাশ হওয়ার মতো কিছু তো আমি দেখি না। ১০ বছর আগের চেয়ে এখন আমাদের শেখার, পড়ার সুযোগ অনেক বেশি। এই পরিবর্তনের একটা ‘একক’ হলো জিপিএ-৫। গ্রেডিং পদ্ধতির শুরু থেকে জিপিএ-৫-এর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। এই সংখ্যা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় এ প্রজন্মই এই প্রশ্নের উত্তর দেবে। এক প্রজন্ম আরেক প্রজন্মকে বুঝতে সব সময়ই সময় নিয়েছে। আজ যাদের আমরা ‘জিপিএ-৫ প্রজন্ম’ বলে কোণঠাসা করে দিচ্ছি, আমি খুব আশা নিয়ে বসে আছি, এরাই একদিন বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।
ফাতিমা তুজ জোহরা
এমবিবিএস (তৃতীয় বর্ষ), শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ

৮০ শতাংশ নম্বর—সহজ না
যত যা-ই বলেন, সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিয়ে ৮০ শতাংশ নম্বর পাওয়া কিন্তু সহজ না। কেউ যদি নিজে খেটে এই নম্বর অর্জন করে, আপনি তার মেধাকে ছোট করে দেখতে পারেন না। এটা যথেষ্ট পরিশ্রমের বিষয়। আমরা সবাই ঢালাওভাবে শুধু শিক্ষাব্যবস্থার সমালোচনাই করছি। আমার মনে হয়, এর চেয়ে বরং যারা ভালো করছে, তাদের উৎসাহ দেওয়া উচিত। সমালোচনা করে আমরা কিন্তু সত্যিকার মেধাবী শিক্ষার্থীদের আত্মবিশ্বাসটাও নষ্ট করে দিচ্ছি। যার ফল হয়তো পরে আমাদের ভোগ করতে হবে।
নিশাত বিনতে রায়হান
ঢাকা বিশ্ববিদ্যালয়, তৃতীয় বর্ষ, দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট

সব বিষয় ভালো না-ও লাগতে পারে
যেকোনো শিক্ষার্থীর সব বিষয় পড়তে ভালো না-ও লাগতে পারে। কিন্তু তাই বলে যে সে মেধাবী নয়, এ সিদ্ধান্তে আসা কি ঠিক? এমনও তো হতে পারে, কোনো ছাত্র ইংরেজিতে ভালো না, কিন্তু গণিতে সে দারুণ পারদর্শী। আবার কোনো মেয়ে হয়তো গণিতের জন্য জিপিএ-৫ পায়নি, কিন্তু পুরো স্কুলে তার চেয়ে ভালো ইংরেজি কেউ পারে না। অথচ এই মেয়েটিকে আমরা কিন্তু ‘ভালো ছাত্রী’ তকমা দেব না। তাই আমার মনে হয় জিপিএ নয়; বরং বাস্তব জীবনে নিজের পছন্দের বিষয়ে কে কতটা পারদর্শী, সেটাই আসল।
সারাবান ওহাব
পুরকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

বড় ভূমিকা রাখতে হবে অভিভাবকদের
আমাদের স্কুল, কলেজ, শিক্ষক, কোচিং সেন্টার আর বাবা-মায়েরা মিলে শিক্ষার মূল উদ্দেশ্য বানিয়ে ফেলেছেন জিপিএ-৫ পাওয়াকে। শিক্ষার্থী কিছু শিখুক বা না শিখুক, জিপিএ-৫ পেলেই সবাই খুশি। অথচ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বড় ধরনের হোঁচট খায় এসএসসি ও এইচএসসিতে এই সর্বোচ্চ ফল অর্জনকারীদের বড় অংশ। আমি মনে করি, বড় ভূমিকা রাখতে হবে অভিভাবকদের। তাঁরা যেদিন একে অপরের ছেলেমেয়েদের ফলাফল নিয়ে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করবেন, সেদিনই বাস্তবায়িত হবে শিক্ষার মূল উদ্দেশ্য।
তাহসিন উদ্দীন
অনার্স প্রথম বর্ষ, সমাজকর্ম বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল।
পাঠক, জিপিএ ৫ কি শিক্ষার মানদণ্ড হতে পারে? এ নিয়ে আপনার কী ভাবনা? লিখে পাঠান আমাদের ঠিকানায়: স্বপ্ন নিয়ে, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। অথবা ইমেইল করুন এই ঠিকানায়: [email protected]