জিমন্যাস্ট মেহেদীর বাধা ডিঙানোর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকজয়ী অ্যাথলেট মেহেদী হাসান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকজয়ী অ্যাথলেট মেহেদী হাসান

চলতি বছরের মার্চের মাঝামাঝি সময়ের কথা। কয়েক দিন পরেই মাঠে বসছে বাংলাদেশের অলিম্পিক নামে পরিচিত ‘বাংলাদেশ গেমস’। প্রতিযোগিতায় অনেকের সঙ্গে অংশ নেওয়ার কথা মেহেদী হাসানেরও। কিন্তু প্র্যাকটিসের সময় সাইকেল থেকে পড়ে গিয়ে কলারবোন ভেঙে ফেলেন দেশের সেরা এই জিমন্যাস্ট।
দীর্ঘ ১১ বছর পর হতে যাওয়া এই গেমসে মেহেদীর অংশগ্রহণ একরকম অনিশ্চিতই হয়ে পড়ে। তবু দমে যাওয়ার পাত্র নন তিনি। ছোটবেলা থেকেই জিমন্যাস্টিকসের সঙ্গে সখ্য। তাই খেলাটা শরীরের পাশাপাশি হূদয় দিয়েও খেলেন। অবশেষে গত ২৩ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের হয়ে বাংলাদেশ গেমসে অংশ নিলেন। গুলিস্তানের বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের জিমনেশিয়ামের মঞ্চে ফ্লোর এক্সারসাইজ দেখিয়ে সবাইকে মুগ্ধ করেন। জিতে নেন স্বর্ণপদক।
সবশেষে বাংলাদেশ গেমসে স্বর্ণপদক মেহেদীকে নতুন করে চেনালেও দেশের জিমন্যাস্টিকসে পরিচিত নাম তিনি। ২০০৮ সালে হয়েছিলেন জুনিয়র চ্যাম্পিয়ন। ২০১০ সালে মহানগর চ্যাম্পিয়ন। ২০১৩ সালে সিনিয়রদের প্রতিযোগিতায় ব্রোঞ্জসহ বলার মতো আরও অনেক পদক ঝুলিয়েছেন নিজের গলায়। আর প্রতিবছর স্বাধীনতা দিবস, বিজয় দিবসে প্রতিযোগিতা মানেই জিমন্যাস্টিকসে মেহেদীর গলায় স্বর্ণপদক। সব মিলিয়ে ৩০টিরও বেশি পদক জিমন্যাস্টিকস থেকেই পেয়েছেন মেহেদী। জিমন্যস্টিকসের পাশাপাশি পড়ালেখাও সমানতালে চলছে তাঁর। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষে পড়ছেন তিনি।
ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি অদম্য ইচ্ছায় চতুর্থ শ্রেণীতেই ভর্তি হয়েছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। ইচ্ছে ছিল ক্রিকেটার হবেন। কিন্তু জিমন্যাস্টিকসের প্রেমে পড়েন শেষ পর্যন্ত। মেহেদী হাসান বলেন, ‘জিমন্যাস্টিকসের তেমন কোনো ভবিষ্যৎ নেই, সরকারের মনোযোগও এই খেলায় কম। তাই বিকেএসপিতে ঢুকে শুরুতে জিমন্যাস্টিকস করলেও উচ্চতা বাড়লে ক্রিকেটে চলে যাব বলে ভেবেছি। কিন্তু খেলতে খেলতে জিমন্যাস্টিকসের প্রতি আমার এত ভালোবাসা জন্মে গেল, আর পেছনে ফিরতে পারিনি। আমি যত দিন সম্ভব এ খেলার সঙ্গেই থাকতে চাই।’
দেশসেরা অন্য প্রতিযোগীরা যখন টাকার কারণে বিভিন্ন বড় দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা মেহেদী সেখানে শুধু ভালোবাসার টানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের হয়ে বাংলাদেশ গেমসে অংশ নেন। কিন্তু পদক পেয়ে বিশ্ববিদ্যালয়ে ফেরার পর সম্মাননা-সংবর্ধনা তো দূরের কথা, একগুচ্ছ ফুলও জোটেনি মেহেদীর কপালে। তবে এ নিয়ে মনে একটুও খেদ নেই তাঁর।
সারা জীবন ভালোবাসার খাতিরেই খেলায় অংশ নিয়েছেন, তাই এই ‘অবহেলা’ দাগ কাটেনি মনে। মেহেদীর দৃষ্টি বরং আরও সামনের দিকে। তিনি বলেন, ‘বাংলাদেশ যদি কোনো দিন অলিম্পিকের জিমন্যাস্টিকসে স্বর্ণপদক জেতে, সেটা আমার দ্বারাই হবে।’
জিমন্যাস্টিকসকে বলা হয় সৌন্দর্যের খেলা। পুরো প্রদর্শনীতেই থাকে শৈল্পিক উপস্থাপন। তবে শিল্পের সঙ্গী মেহেদী ভবিষ্যতৎ ক্যারিয়ার গড়তে চান সাংবাদিকতায়। হতে চান একজন দক্ষ ক্রীড়া প্রতিবেদক।