জিম্মি-বাণিজ্য
‘ছয় মাস যখন পার হয়ে গেল, তখন দুই পক্ষই একটা সমঝোতায় আসতে চাইছিল। জলদস্যুরা মুক্তিপণের পরিমাণ ১৫ মিলিয়ন ডলার থেকে কিছুটা সরে গেল, এক-দুই মিলিয়ন করে কমাতে লাগল। জাহাজের আকার আর গুরুত্ব অনুযায়ী মুক্তিপণ নির্ধারণ করা হয়। এতে জলদস্যু ছাড়াও তাদের গডফাদার, ইনভেস্টরদের ভূমিকা আছে।’ গিয়াসের কথার সূত্র ধরে জানতে চাই ইনভেস্টর মানে কারা? তিনি জানান, একটি জাহাজ ছিনতাই করে আস্তানায় আনার পর তেল, খাবারসহ আনুষঙ্গিক খরচের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। তখন জলদস্যুরা একজন বিনিয়োগকারীর (ইনভেস্টর) দ্বারস্থ হয়। ইনভেস্টর ১০০ শতাংশ সুদে অর্থ বিনিয়োগ করেন। এক লাখ ডলার বিনিয়োগ করলে মুক্তিপণ আদায়ের পর তিনি দুই লাখ ডলার পান। যেসব জাহাজ ছোট, পুরোনো এবং খালি, সেসব জাহাজ কম মুক্তিপণে ছেড়ে দেয়। স্যাম হো ড্রিম জাহাজটি ছিল মারিডা মারগারিটার কয়েক গুণ বড়। সেটি থেকে নয় মিলিয়ন ডলার মুক্তিপণ নিয়েছে জলদস্যুরা। সাত মাস পর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সাড়ে পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে মারিডা মারগারিটাকে ছেড়ে দিতে রাজি হয় জলদস্যুরা। দুই পক্ষই একে অপরকে তাদের শর্ত জানিয়ে দেয়। জলদস্যুদের শর্ত ছিল সব ডলার নতুন নোটের হতে হবে, সাড়ে পাঁচ মিলিয়নের এক ডলার কম হলেও জাহাজ ছাড়া হবে না। কোম্পানির শর্ত ছিল সব ক্রু জীবিত ও ভালো আছেন, এটা নিশ্চিত হওয়ার পর ডলার দেওয়া হবে।