
এ বছর সপ্তম জিয়া হায়দার নাট্যপদক পেলেন অভিনেতা ও ছড়াকার সনজীব বড়ুয়া। ২১ ডিসেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।
নাট্যকার জিয়া হায়দার স্মরণে প্রতিবছর এই পুরস্কার দিয়ে আসছে নাট্যাধার। এবার সপ্তম আসরে সম্মানিত হলেন মঞ্চের সফল অভিনেতা সনজীব বড়ুয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সহযোগিতায় ছিল জিয়া হায়দার ফাউন্ডেশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ।
অনুষ্ঠান শুরু হয় শিল্পী শ্রেয়শ্রী রায়ের গাওয়া ‘নয়নের মাঝে আছ তুমি’ গানের মাধ্যমে। তারপর জিয়া হায়দার রচিত ‘স্মৃতি একাত্তর’ শ্রুতিনাট্য পরিবেশন করেন মোস্তফা কামাল যাত্রা, নাজমুন নাহার সেঁজুতি, প্রবীর পাল ও আশীষ শুভ। ‘দরজাটি খোলাই রেখেছি’ শিরোনামে কবিতা আবৃত্তি করেন সুপ্রিয়া চৌধুরী। জিয়া হায়দার স্মারকগ্রন্থ থেকে সংকলিত ইউসুফ ইকবালের নেওয়া সাক্ষাৎকার পাঠ করেন প্রবীর পাল ও সেঁজুতি দে।
দেবাশীষ রুদ্রের সঞ্চালনায় খন্দকার মতুর্জা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোস্তফা কামাল যাত্রা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন এজাজ ইউসুফী, খালেদ হেলাল, কুন্তল বড়ুয়া, সাইফুল আলম ও মোসলেম উদ্দিন শিকদার।