জিরাফের গলার রহস্যভেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জিরাফ হওয়া সহজ নয়। বুক থেকে এদের মস্তিষ্ক দুই মিটার উঁচুতে। সেখানে রক্ত সরবরাহ করতে হৃদ্যন্ত্রের শক্তি খরচ হয় অনেক বেশি। এ জন্য স্তন্যপায়ী অন্যান্য প্রাণীর চেয়ে জিরাফের রক্তচাপও দ্বিগুণ। মাথা অনেকখানি নামিয়ে পানি পান করে এরা। কষ্টসাধ্য এই কাজ অনায়াসে কীভাবে করে জন্তুটি?
অদ্ভুত শারীরিক গঠনের এই প্রাণী নিয়ে বিজ্ঞানীরা ধাঁধার মধ্যে ছিলেন দীর্ঘদিন। সম্প্রতি তানজানিয়ার একদল বিজ্ঞানী সেই রহস্যের আংশিক সমাধান করেছেন। তাঁরা প্রথমবারের মতো জিরাফের জিন-নকশা উন্মোচন করেছেন। আর ব্যাখ্যা দিয়েছেন, বিশ্বের সবচেয়ে উঁচু প্রাণীটি কীভাবে এমন লম্বা গলার অধিকারী হলো।
ওই বিজ্ঞানীরা জিরাফের জিনোমের সঙ্গে এর সবচেয়ে কাছাকাছি বৈশিষ্ট্যের প্রাণী ওকাপির জিনোমের তুলনা করে দেখতে পান, অল্প কিছু জিনের পরিবর্তনই জিরাফের শারীরিক গঠন ও চলাফেরা বদলে দিয়েছে। এটাই তাদের লম্বা গলা ও শক্তিশালী হৃৎপিণ্ডের কারণ।
গবেষক দলটির প্রধান আফ্রিকান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রাণিবিদ মরিস আগাবা বলেন, জিরাফের গলার দৈর্ঘ্য নিয়ে অনেক তত্ত্ব আছে। তবে তাঁরা মনে করেন, এই প্রাণীর হৃৎপিণ্ডসহ রক্তসংবহনতন্ত্র ও কঙ্কালের গঠনের ক্রমবিকাশ ঘটেছে সমান্তরালে।
নেচার কমিউনিকেশনস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে। জিরাফের এই ব্যতিক্রমী রক্তসংবহনতন্ত্রের সঙ্গে এটির জিনগত বৈশিষ্ট্যের সম্পর্ক উন্মোচনের বিষয়টি মানুষের স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রেও কাজে লাগতে পারে। রক্তের উচ্চ চাপ সত্ত্বেও প্রাণীটি যেভাবে অঙ্গপ্রত্যঙ্গের বৈকল্য এড়াতে পারে, তা উচ্চ রক্তচাপজনিত রোগ নিরাময়ের গবেষণায় সহায়ক হতে পারে।