জিরার জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিরা
জিরা

মসলার মধ্যে জিরা খুব পরিচিত একটি নাম। খাবার হজমে সহায়তা করে। এতে থাকে জিংক, যা শরীরের জন্য প্রয়োজন। জিরা এমন এক মসলা, যা রোজ খেতে হয়; কিন্তু খেতে হয় অল্প পরিমাণে, জানালেন বারডেম হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ। আজকাল রান্নায় জিরা ব্যবহারের প্রবণতা অনেক কমে যাচ্ছে। এর কারণ হতে পারে মসলায় ভেজাল থাকার আশঙ্কা। শরীরের জন্য উপকারী এই মসলাটি খাদ্যতালিকা থেকে একেবারে বাদ দিয়ে দেওয়া মোটেও ঠিক নয়। এ কারণে যা করতে পারেন, বাজার থেকে ভালো মানের জিরা কিনে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়ে বাড়িতেই পিষে নিতে পারেন। তার আগে এটি চুলায় হালকা টেলে নিতে হবে।
এতে জিংক থাকার কারণে চুল পড়া রোধে সাহায্য করে। বৃদ্ধি করে খাবারের স্বাদ। ‘জিরার এমনিতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, তবে অতিরিক্ত যেকোনো কিছুই যেমন খারাপ, তেমনি এটির মাত্রাতিরিক্ত ব্যবহারও শরীরের জন্য ভালো নয়। যাঁদের আলসারের সমস্যা রয়েছে, তাঁরা জিরাসহ সব মসলাই কম খাবেন; তাই বলে একেবারে বাদ দিয়ে দেওয়া চলবে না। কারণ, মসলা তো শুধু স্বাদবর্ধক নয়, এর অনেক পুষ্টিগুণও থাকে।’ বললেন শামসুন্নাহার নাহিদ।
দুই রকমের জিরা পাওয়া যায় বাজারে। একটি রান্নায় ব্যবহারের জন্য জিরা, আরেকটিকে বলা হয় সাদা জিরা বা মিষ্টি জিরা। এটি সাধারণত পানের সঙ্গে খাওয়া হয়। হোটেল-রেস্তোরাঁয় খাবারের পর বাটিতে করে এই জিরা পরিবেশন করা হয়ে থাকে। কারণ, এটি হজমে সহায়ক।

গ্রন্থনা: নাদিয়া মাহমুদ