
কদিন আগে একটা টিভির বিজ্ঞাপন নজরে পড়ল। গৃহকর্তা নরম খাবার খেয়ে নরম মেজাজে আছেন। খাবারের নমনীয়তা যদি মেজাজের নির্ণায়ক হয়, তবে আমাদের ধারণা, আমাদের আব্বা ইহকালে কোনো দিন নরম খাবার খাননি। সবচেয়ে নরম যেটা খেয়েছেন, সেটাও কমপক্ষে ইট-সিমেন্ট বা টিএমটিবার হবে! ছোটবেলা থেকেই তাঁর কাছে যে গতিতে কোনো আবদার রাখা হয়েছে, তার চেয়ে ১০ গুণ গতিতে সেটা প্রত্যাখ্যান করেছেন। কিন্তু তার পরও এবার আমরা তিন ভাইবোন একযোগে আবদার নিয়ে হাজির আব্বার সামনে। আম্মা বরাবরের মতো তত্ত্বাবধায়কের ভূমিকায়। পৃথকভাবে আমাদের সঙ্গে ও আব্বার সঙ্গে শতভাগ একমত! আব্বা সন্ধ্যা সাতটা থেকে বেসরকারি টিভি চ্যানেলে খবর দেখে রাত আটটায় আবার বিটিভির খবর দেখেন। এগুলো দেখে তিনি একটা মধ্যবর্তী অবস্থান নেন। রাত আটটার সংবাদের মধ্যবর্তী চা-পানের বিরতিতে আমরা সশরীরে সবাই হাজির হলাম তাঁর সামনে। তিন-তিনবার আব্বা ডাকার পর তিনি আড়চোখে তাকালেন।
: আব্বা একটা কথা ছিল।
: ভণিতা না করে বলে ফেল।
: আব্বা, বিশ্বকাপ উপলক্ষে তো চারপাশে নতুন টিভি কেনার ধুম পড়ে গেছে।
‘তো এ উপলক্ষে কি আমাকে ধুম থ্রি ডান্স দিতে হবে?’ এটা বলেই আব্বা তাঁর দুই চোখ দিয়ে কমপক্ষে তিন জোড়া বজ্র নিক্ষেপ করলেন। অন্য সময় হলে আমরা দমে যেতাম, কিন্তু এই বিশ্বকাপ মৌসুমে আমাদের এক দফা দাবিতে অনড় থাকলাম। বললাম, ‘আব্বা, বিশ্বকাপ দেখার জন্য একটা নতুন টিভি কিনলে ভালো হয়।’
: কেন, আমাদের ঘরে কি টিভি নেই?
: টিভি তো আছেই, কিন্তু এখন আর এই রকম পেট মোটা ভুঁড়িওয়ালা ছোট টিভিতে কেউ খেলা দেখে না, আব্বা।
: তাইলে কী রকম টিভিতে খেলা দেখে?
: ইয়ে মানে, পাতলা, বড় পর্দার এলইডি টিভিতে দেখে।
: কী টিভি? এলডি টিভি আবার কী জিনিস! সেইখানে খেলা দেখলে কী গোল বেশি হয়, না ২২ জনের জায়গায় ২৩ জন দেখা যায়?
: আব্বা, টিভির শোরুমে দেখবেন একদম পাতলা জিরো ফিগারের একধরনের টিভি আছে। সেটাই এলইডি টিভি।
বাচ্চা বয়সেই ছেলে ফিগারের সঙ্গে তুলনা দিচ্ছে, এটা ভেবে হয়তো আব্বা ভীষণ হতাশ হয়ে পড়লেন। তার পরও হয়তো বুঝতে পারলেন, আমরা কী ধরনের টিভি কিনতে চাইছি। আমাদের ওপর থেকে নজর সরিয়ে ভুঁড়িওয়ালা টিভির দিকে নজর দিলেন।
পরবর্তী কয়েক দিন আমরা এই জিরো ফিগারের টিভির জন্য সর্বাত্মক দুর্বার অসহযোগ আন্দোলন চালিয়ে গেলাম। আব্বা আমাদের কথা শুনলেন না। শুনলেন ৬ নম্বর বাসের এক সহযাত্রীর পরামর্শ। হঠাৎ একদিন কিনে আনলেন একটা টিভি কার্ডসহ ডেস্কটপ কম্পিউটারের তথাকথিত জিরো ফিগারের একটা এলইডি মনিটর!