জিলাপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি বাসা থেকে পালাচ্ছি। আর ১২ ঘণ্টার মধ্যেই আমি নাই হয়ে যাব। এখন নিশ্চয়ই আমার খুব ভয় লাগার কথা, কোথায় যাব, কীভাবে পালাব, পালানোটা ঠিক হচ্ছে কি না। কিন্তু আমার মধ্যে কোনো ভয়ডর কাজ করছে না। উল্টো আমার কেমন যেন আনন্দ লাগছে। এই পালানোর প্ল্যানটা আমার মাথা থেকেই বের হয়েছে। তৌসিফ তো একটা ছাগল। এ রকম বিশাল একটা সিদ্ধান্ত নেওয়ার মতো কলিজা ওর ছোটখাটো শারীরে আটবে না। উল্টো মিনমিন করে আমাকে বাড়ি পালানোর কুফল বোঝানো শুরু করেছিল। পরে আমার এক ঝাড়িতেই রাজি হয়ে গিয়েছে। ওর মতো একটা ছেলে কীভাবে আমার প্রেমে পড়ে গেল, আমি এটাই ভেবে পাই না। যাহোক বেচারার কপালে যা লেখা ছিল তা-ই হয়েছে। এমনিতে হয়তো পালানোটা খুব একটা দরকারি ছিল না। তৌসিফের কলিজার সাইজ যেমনই হোক, একেবারে উটকো ছেলে সে মোটেই নয়। এখন হয়তো ছোটখাটো একটা চাকরি করে, কিন্তু ওর মতো তেলতেলে আঁতেলদের তরতরিয়ে ওপরে উঠতে দেরি হয় না। বাবা হয়তো তৌসিফকে দেখলে একটু কপাল কুঁচকাবেন, একটু নাক সিটকাবেন, তারপর এক সময় ঠিকই রাজি হয়ে যাবেন। ঝামেলা বাধাবেন মা। এ পরিবারে কেউই তার ইচ্ছের বাইরে যাওয়ার অধিকার রাখে না, বাবাও নন। আমার মায়ের জীবনের লক্ষ্যই হচ্ছে আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দেওয়া। সৎমা হিসেবে তাঁর অবশ্য আরও খারাপ হওয়ার কথা ছিল, কিন্তু হতে পারেননি। এর কারণটাও আমার বাবা। আমার বাবা মানুষটা কী পরিমাণ ভালো, সেটা বোঝানোর জন্য পৃথিবীর কোনো ভাষায়ই যথেষ্ট পরিমাণে শব্দ নেই। বাবার ভেতরটা পুরোপুরি দুভাগে ভাগ করা। একটা ভাগ হলো রহস্যময়, নানা অজানা কারণে বাবা আমার সৎমাকে খুব ভয় পান। আরেকটা ভাগ হলো ভালোবাসাময়, বাবা আমাকে অদ্ভুত রকমের ভালোবাসেন। খুব ছোটবেলায় আমি মাকে হারিয়েছিলাম, আমার ধারণা, এ কারণেই হয়তো বাবা আমাকে প্রয়োজনের তুলনায় একটু বেশিই ভালোবাসেন। কিন্তু কখনোই আমার সৎমার সামনে প্রকাশ করতে পারেন না। এই দুভাগে বিভক্ত বাবার জন্য বেঁচে থাকাটা নিশ্চয়ই অনেক কষ্টের। কিন্তু বাবার জন্য আমার কখনো কষ্ট লাগে না। আমার প্রচণ্ড রাগ হয়। খুব ইচ্ছে করে বাবার ওপর একটা প্রতিশোধ নিতে। এই যে আমি পালিয়ে যাচ্ছি, এতে কারও কিছু আসে যায় না। আমার সৎমা উল্টো খুশি হবেন, যাকে বলে দানবীয় খুশি। শুধু কষ্ট পাবেন আমার বাবা, ভেতরে ভেতরে ভেঙে যাবেন, কিন্তু কাউকে কিছু বলবেন না। আমাকেও নয়। তৌসিফও অনেকটা বাবার মতো, তাদের কলিজায় ভালোবাসার মতো বিশাল একটা জিনিসের জায়গা হয়ে যায়, অথচ ওটা প্রকাশ করার জন্য সামান্য সাহসের জায়গা হয় না। আমার রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ। রাগে আমি মোবাইলটাকে আছাড় মারি। না, মাটিতে নয়, খাটের ওপরই আছাড় মারি। আমি কাল পালাচ্ছি, এখন বিশাল একটা সাসপেন্সের সময়, মোবাইল ভাঙলে সমস্যা হবে। রাত নয়টার দিকে বাবা আমার ঘরের দরজায় উঁকি দিলেন। আমি তখন পড়ছিলাম। শব্দ পেয়েই বইটা ছুড়ে ফেলে একটা গল্পের বই হাতে নিলাম। উদ্দেশ্য বাবাকে রাগানো। কিন্তু সব সময়ের মতোই বাবা একটুও রাগলেন না। কিসের একটা প্যাকেট এনে টেবিলের ওপর রাখলেন। বোঝাই যাচ্ছে, আমার সৎমার চোখে জিনিসটা অবশ্যই বৈধ নয়। আমি দেখেও দেখলাম না। বাবা ফিসফিসিয়ে বললেন, ‘মা, তোর জন্য জিলাপি নিয়ে এলাম। তুই সেদিন বলছিলি না। এই কয় দিন অনেক খুঁজেছিলাম, ধারে কাছে কোথাও পাইনি। অনেক দূর থেকে আনতে হলো। তাড়াতড়ি খেয়ে নিস, মা। কেউ যাতে না দেখে।’ বলেই বাবা এক রকম দৌড়ে পালালেন, বাবার সেই কেউ নামক আমার সৎমার ভয়ে। আমার আবছাভাবে মনে পড়ল, কোনো একদিন আমাদের কাজের মেয়েটাকে বলছিলাম, আমার জিলাপি খেতে ইচ্ছে হচ্ছে। আমি এত দিনে ভুলেও গিয়েছি, কিন্তু বাবা ভোলেননি, তিনি মনে রেখেছেন, খুঁজে খুঁজে এত দিনে জিলাপি নিয়ে এসেছেন। লুকিয়ে লুকিয়ে আমার ঘরে এসে দিয়েও গেছেন। আমি জিলাপির প্যাকেটটা হাতে নিয়ে বসে রইলাম। আমার অনেকগুলো প্ল্যানের মতো এই পালানোর প্ল্যানটাও ক্যান্সেল। এই মুহূর্তে এ কথা শুনে তৌসিফের চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। আমার বাবা মানুষটা খুব অদ্ভুত; অদ্ভুত রকমের ভালো। এমন ভালো মানুষকে কষ্ট দিতে পৃথিবীর সবচেয়ে বড় কলিজা লাগে। আমার এত বড় কলিজা নেই। ফায়েজা রহমান, মতিঝিল, ঢাকা