অভিনয়শিল্পী শুভ্রা বিশ্বাস পেলেন নাট্যাধারের নবম জিয়া হায়দার নাট্যপদক। নাট্যচর্চায় বৈচিত্র্যপূর্ণ চরিত্র ও সৃজনশীল নাট্যাভিনয়ের জন্য তাঁকে এই পদক দেওয়া হয়।
১৮ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে গ্রুপ থিয়েটার সংগঠন নাট্যাধারের উদ্যোগে আয়োজন করা হয় নবম জিয়া হায়দার নাট্যপদক প্রদান অনুষ্ঠান। এ ছাড়া ছিল কথামালা ও নাটক মঞ্চায়ন। নাট্যাধারের সমন্বয়ক মাশরুজ্জামানের সভাপতিত্বে কথামালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন। অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক কুন্তল বড়ুয়া ও বিস্তার আর্ট কমপ্লেক্সের পরিচালক আলম খোরশেদ। আয়োজনে শিল্পী শুভ্রা বিশ্বাসের জীবন ও নাট্যকর্ম নিয়ে কথিকা পাঠ করেন আবৃত্তিশিল্পী শুপ্রিয়া চৌধুরী ও দেবাশিস রুদ্র।
জবাবদিহি নাটকে অভিনয়ের সুবাদে নবম শ্রেণিতে পড়ার সময়ে শুভ্রা বিশ্বাসের মঞ্চাভিনয়ে হাতে খড়ি হয়েছিল। এরপর তিনি কাজ করেছেন ২১টি নাটকে। নিপুণ অভিনয়শৈলীর দক্ষতার পাশাপাশি নাচ, গান ও আবৃত্তির দক্ষ কর্মী হিসেবে দেশের সাংস্কৃতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছেন তিনি।
ইতিমধ্যে নাট্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য নাট্যমঞ্চ সিলেট, বিশদ বাংলা চট্টগ্রাম, একাডেমি অব পারফর্মিং আর্টস, বাংলাদেশ ইউনিভার্সিটি ফর উইমেন, অনন্য থিয়েটার, জোনটা ইন্টারন্যাশনাল ক্লাব, অরিন্দম নাট্যসম্প্রদায় ও ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন শুভ্রা বিশ্বাস।
নাট্যপদক প্রদান অনুষ্ঠান শেষে ঢাকার নাট্যদল প্রাকৃতজন মঞ্চায়ন করে নাটক প্রেম পত্র। শ্যামল ভট্টাচার্য রচিত নাটকটির নির্দেশনা করেছেন সেলিম রেজা।