খুলনা শহরের বয়রায় জন্ম তাঁর। খুলনার মেয়ে হলেও বাবার চাকরির সূত্রে চট্টগ্রামে আসা। পোর্ট কলোনিতে বসবাসের সময় শৈশবে গানের হাতেখড়ি। বেড়ে উঠেছেন সাংস্কৃতিক পরিমণ্ডলে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই পদধ্বনি নাট্যগোষ্ঠীর সঙ্গে শুরু হয় তাঁর মঞ্চযাত্রা। প্রথম নাটক সেলিম আলদীনের মুনতাসির ফ্যান্টাসি। এর পর মঞ্চে তাঁর অগ্রযাত্রা থেমে থাকেনি অরিন্দম, প্রতিভাস, নান্দীমুখ ও শব্দ নাট্যচর্চা কেন্দ্রের সঙ্গে যুক্ত থেকে অভিনয় করেছেন। জায়া প্রজায়িনী, চোপ আদালত চলছে, গোধূলীর আলো, কবি, রাইফেল ইত্যাদি নাটকের জন্য মঞ্চের দর্শকেরা তাঁকে বহুদিন মনে রাখবেন। তিনি সাবিরা সুলতানা। দীর্ঘ চার দশকের অভিনয় জীবনের স্বীকৃতি পেলেন অবশেষে। নাট্যাধার নাট্য দল তাঁকে এবার জিয়া হায়দার নাট্যপদক দিয়ে সম্মান জানাল।বাংলাদেশে প্রাতিষ্ঠানিক নাট্য শিক্ষার গোড়াপত্তনকারী নাট্যব্যক্তিত্ব জিয়া হায়দারের নামে নাট্যাধার প্রবর্তিত পঞ্চম জিয়া হায়দার নাট্যপদক পেলেন নাট্যজন সাবিরা সুলতানা। ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হয়। নাট্যাধারের প্রতিষ্ঠাতা সদস্য মোস্তাফা কামাল যাত্রার সভাপতিত্বে অনুষ্ঠিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সমালোচক অধ্যাপক আবুল মনসুর, নাট্যজন শিশির দত্ত, সনজীব বড়ুয়া, শুভ্রা বিশ্বাস এবং দুই বাংলার থিয়েটার পত্রিকার সম্পাদক সেলিম রেজা।অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নিষ্ঠা, একাগ্রতা এবং আত্মত্যাগের মধ্যদিয়ে গ্রুপ থিয়েটার আন্দোলনে একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সাবিরা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।’পদক প্রদান অনুষ্ঠানের আগে মুক্ত মঞ্চে বগুড়ার অ আ ক খ নাট্যদল ফরিদুর রেজা সাগর রচিত ও সেলিম রেজা নির্দেশিত টিপু সুলতান এবং পদ্মা, মেঘনা, যমুনা, তোমার আমার ঠিকানা নামের দুটি নাটক মঞ্চস্থ করে। এর আগে নাট্যাধার প্রযোজিত জিয়া হায়দারের নাটক স্মৃতি’৭১ এর মঞ্চায়ন হয়। দেবাশীষ রুদ্রের উপস্থাপনায় অনুষ্ঠিত পদক প্রদান অনুষ্ঠানে পদকপ্রাপ্ত নাট্যজন সাবিরা সুলতানা বীণার ইতিবৃত্ত পাঠ করেন নাট্যাধারকর্মী জুঁই চৌধুরী, জিয়া হায়দার সম্পৃক্ত কথিকা পাঠ করেন প্রান্তি আক্তার। এ ছাড়া সংবর্ধিত নাট্যজন বীণাকে উত্তরীয় পরিয়ে দেন বন্যা ভট্টাচার্য্য।