জীবন চলে কাঁকড়া ধরে
‘নৌকায় রান্না, নৌকাতেই নাওয়া-খাওয়া। এভাবেই দিন কাটে আমাদের। সংসারের অভাব দূর করতে নৌকায় কাটাতে হয় সারা বছর।’ বললেন, জেলে কাঞ্চন বড়ুয়া (৩৭) ও অক্ষয় বড়ুয়া (৩৯)। আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকায় শঙ্খ নদে কাঁকড়া ধরেন তাঁরা। বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়। কাঁকড়া বেশি পাওয়া যায় বলে নিজ এলাকা ছেড়ে তাঁরা চলে এসেছেন আনোয়ারায়।আনোয়ারার উপকূলীয় এলাকায় আগে কাঁকড়া ধরার তেমন চল ছিল না। তাঁদের দেখাদেখি এখন স্থানীয় দরিদ্র জেলেদের অনেকে এ পেশায় আসছেন। দূর করছেন বেকারত্ব। কক্সবাজার ছেড়ে আনোয়ারা উপকূলে এসে কাঁকড়া ধরা প্রসঙ্গে কাঞ্চন বড়ুয়া বলেন, ‘আনোয়ারা উপকূলের জেলেরা কাঁকড়া ধরেন না। তাই এখানে প্রচুর কাঁকড়া পাওয়া যায়। এ কারণে নিজ এলাকা ছেড়ে আমরা এখানে চলে এসেছি। তা ছাড়া এলাকার মানুষজন আমাদের বেশ সহযোগিতা করেন।’জানা গেছে, মহেশখালী থেকে আসা জেলেদের দেখাদেখি বর্তমানে স্থানীয় ইকবাল হোসেন, আবদুর রহমান, সাদ্দাম হোসেন, রুবেল হোসেনসহ আরও অনেকে এ ব্যবসায় জড়িয়ে পড়েছেন। তাঁরা সবাই এখন কাঁকড়া ধরে সংসার চালান। স্থানীয় জেলে ইকবাল হোসেন বলেন, ‘আগে প্রায় সময় বেকার থাকতাম, এখন ভালোভাবেই সংসার চলছে।’কাঁকড়া আহরণকারীরা জানান, পূর্ণিমা ও অমাবস্যার সময় বেশি কাঁকড়া ধরা পড়ে। একেকটি জেলেনৌকা টানা দুই সপ্তাহ কাঁকড়া ধরে। প্রতিনৌকায় ধরা পড়ে ১০ থেকে ২০ হাজার টাকার কাঁকড়া। সারা মাসে ৫০ হাজার টাকার কাঁকড়া ধরেন অনেক জেলে। এতে খরচ মিটিয়ে ৩০ হাজার টাকার মতো আয় করেন তাঁরা।জেলে অনু বড়ুয়া (৩৩) জানান, কাঁকড়া ধরতে যাওয়ার আগে ডিঙিতে নোঙর, রশি, চাঁই (মাছ ধরার ফাঁদ) ও প্রদীপ সঙ্গে নিতে হয়।কাঁকড়া ধরার সময় ফাঁদে খাবার হিসেবে সামুদ্রিক মাছের টুকরা দিতে হয়। তিনি আরও জানান, প্রতি কেজি কাঁকড়া ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হয়। অধিকাংশ সময় এসব কাঁকড়া ঢাকার ব্যবসায়ীরা কিনে নেন।আনোয়ারা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জানান, কাঁকড়া ধরা লাভজনক পেশা। আনোয়ারা উপকূলের দরিদ্র জেলেদের অনেকে এখন এই পেশায় আসছেন। এতে তাঁদের সংসারের অভাবও দূর হচ্ছে।