জীবন থেকে নেওয়া সিনেমা নয়, একেবারে সাক্ষাৎ পাঠকের লেখা
এবারের পাঠকসংখ্যার বিষয় ছিল ‘জীবন থেকে নেওয়া’, অর্থাৎ জীবনে ঘটে যাওয়া মজার কোনো ঘটনা। পাঠকেরা যে বিপুল পরিমাণ লেখা পাঠিয়েছে, তাতে খুব সহজেই বোঝা যায়, তাদের জীবন মজার ঘটনায় পরিপূর্ণ। কয়েক বস্তা চিঠি ঘেঁটে ‘জীবন থেকে নেওয়া’র জন্য লেখা বাছাই করতে গিয়ে আমাদেরই জীবন প্রায় বেরিয়ে গিয়েছিল। অনিবার্য কারণবশত জীবন বের হয়নি বলে আমরা খুবই আনন্দিত। অনেকেই বলেন, বাঙালিদের মধ্যে কোনো একতা নেই। খুবই ভুল ধারণা। এই ধরুন পাঠকদের কথা, তারা বেশ ঐক্যবদ্ধ। প্রায় সব লেখা ‘তখন আমি অমুক ক্লাসে পড়ি’ অথবা ‘আমরা চার বন্ধু অনেক দুষ্টু ছিলাম’—এই কথা দিয়ে শুরু হয়েছে। আর অধিকাংশ লেখা শেষ হয়েছে ‘ঘটনাটি মনে পড়লে এখনো হাসি পায়’—এই কথাটি দিয়ে। শুধু তাই নয়, অনেকের কাহিনি আরেকজনের লেখা বা বইয়ে পড়া কোনো ঘটনার সঙ্গে হুবহু মিলে গেছে! আহা, কী একতা! ভাবতে ভালোই লাগে। তবে এত এত লেখা পাঠানোয় আমাদের বেশ উপকার হয়েছে। এমনিতে রস+আলোর আইডিয়াবাজদের কোনো কাজ নেই। মাঝেমধ্যে পাঠকসংখ্যা এলে তাঁরা চিঠি বাছাই করার মতো মজার একটা কাজ পান। কত বিচিত্র চিঠি যে আসে, তার নেই ঠিক। ডাক বিভাগের খামের প্রতি আস্থা না রেখে অনেকে নিজ উদ্যোগে খাম তৈরি করে। নিজের গোপন কথা গোপন রাখতে অনেকে খামের ভেতরে আরও কয়েকটি খামে চিঠি পাঠায়। কেউ কেউ এমনভাবে আঠা লাগায় যে, সিনেমার নায়ক-নায়িকার মতো খাম-চিঠিও কোনোভাবেই আলাদা করা যায় না। তবে একমাত্র পাঠকেরাই আমাদের কথার মূল্য দেয়। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই লেখা পাঠিয়ে দিয়েছে। ইস্, সরকারও যদি ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ করত! যা-ই হোক, লেখা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ। আর, পাঠকদের পাঠানো ঘটনাগুলো ‘মনে পড়লে এখনো হাসি পায়’। যা-ই হোক, এবার সময়হলো পরবর্তী পাঠকসংখ্যার ঘোষণা দেওয়ার। কী দেওয়া যায়, কী দেওয়া যায়...(১০ মিনিট পর) আরে ভাবতে ভাবতে তো ঘুমিয়েই পড়েছিলাম। স্বপ্নে দেখলাম দোকানের এক সেলসম্যান বলছে, ‘ভাই, সামনে ঈদ আসতেছে, পাঠক সংখ্যা দেন শপিং নিয়ে। ফাটাফাটি সব লেখা পাইবেন আর আমাগো বিক্রিবাট্টাও একটু বাড়ব। লাভ বেশি হইলে আপনারে ১৫% ডিসকাউন্ট।’ পাঠক, এই লোভনীয় প্রস্তাব তো আর আমি উপেক্ষা করতে পারি না। তাই আমাকে ডিসকাউন্টে শপিং করার সুযোগ করে দিতে পাঠিয়ে দিন গ্রামে-গঞ্জে, দেশে-বিদেশে যেকোনো জিনিস কেনাকাটার অর্থাৎ শপিং অর্থাৎ বাজার করার মজার, হাসির সব অভিজ্ঞতা, আইডিয়া অনধিক ১০০ শব্দের মধ্যে। খামের ওপর লিখতেই হবে—পাঠকসংখ্যা: শপিং, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। লেখা পাঠাতে হবে ২০১০ সালের আগস্টের ১৯ তারিখের মধ্যে।