জীবন দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ফারাজ
ফারাজ
আজ আন্তর্জাতিক বন্ধু দিবস। গত সংখ্যায় আহ্বান করা হয়েছিল পাঠক ফিচার ‘বন্ধু বন্ধুর জন্য’। ঘোষণায়, বন্ধুর জন্য ফারাজ আইয়াজ হোসেনের প্রাণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। পাঠকদের অসংখ্য লেখা আমরা পেয়েছি। বাছাই করা কিছু লেখা নিয়ে আজকের বন্ধুসভা পাতা। আজ বন্ধু দিবসে বন্ধুসভার পাতাটি উৎসর্গ করা হলো পয়লা জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহত ফারাজ আইয়াজ হোসেনকে।

ফারাজ যদি আর একটা দিন বেশি বাঁচত, হয়তো ওর নাম কখনোই জানতাম না। কিংবা আর একটা দিন পার হয়ে গেলে হয়তো এক শ বছর বেঁচে থাকত প্রিয় পৃথিবীতে। হয়তো খুব ভালো একটা ক্যারিয়ার গড়ে নিত মেধাবী ছেলেটা। হয়তো দেশের বাইরে উজ্জ্বল করত দেশটার নাম। তখন হয়তো আবার কেউ কেউ চিনত ওকে। কিন্তু নিয়তি খুবই অননুমেয়।

এই নিয়তি বরকতদের টেনে নিয়ে আসে ঘর থেকে। ভাষার জন্য ওরা জীবন বিলিয়ে দেয়। রুমিরা রঙিন ভবিষ্যৎ ছুড়ে ফেলে ঝাঁপিয়ে পড়ে দেশের জন্য। নূর হোসেনরা গণতন্ত্রের জন্য বুক পেতে দেয়। ফারাজরা গুলিকে তাচ্ছিল্য করে। বন্ধুর জন্য মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। যদি আমি বাঁচি, তবে আমার বন্ধুকে বাঁচতে দিতে হবে। আমার বন্ধুকে মেরে ফেলবে, আগে আমাকে মারো শত্রুর দল।

খুব জানতে ইচ্ছে করে, সেই আগের দিনের ভোরের কথা। কে যেন বলেছে, কেউ কেউ জীবনের শেষ ঘুম থেকে ওঠে ফুলের গন্ধ নাকে মেখে। এই ফুল এই মাটির পৃথিবীতে নেই। অদ্ভুত মাদকতায় কাটে ওদের শেষ ঘণ্টাগুলো। শেষ মুহূর্তে ভেসে আসে স্বর্গের উল্লাসধ্বনি। ওদের আমরা শহীদ বলি। কী আশ্চর্য, বন্ধুর জন্যও মানুষ শহীদ হতে পারে! কী চমৎকার এই বাঙালি জাতিটা! কী অবাক করা কাণ্ড করে ফেলে একেকটা ফারাজ!

তবে ফারাজকে আমি প্রতিদিন দেখি। একেকটা ফারাজ জঙ্গিদের বিরুদ্ধে প্রতিদিন রুখে দাঁড়ায়। এই বন্যায় অসহায় মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়িয়ে যায়। বন্ধুর হাতে তুলে দেয় বই। একটা তারা হয়ে ওঠে অন্ধকার রাতে একজন ফারাজ।

ফারাজ যদি আর একটা দিন বেশি বাঁচত, হয়তো বেঁচে থাকাটা হতো একটা মাত্র জীবনের। বন্ধুর জন্য জীবন দিয়ে হাজার বছর জেগে থাকার শক্তি পেয়ে যায় ফারাজ।

চিকিৎ​সক, মাতুয়াইল, ঢাকা