ছোট্ট বন্ধুরা, কাল থেকে শুরু হচ্ছে তোমাদের জীবন পরীক্ষা। জীবন-মরণ এ পরীক্ষায় তোমাদের অনেকের প্রস্তুতিই ভালো নয়, তা ধরে নেওয়া যেতেই পারে। তবু যারা নিশ্চিন্তে আছ, তোমাদের জন্যে রইল ৮টি পরামর্শ।

১. পড়াশোনা না করেও যে ভালো করা যায়, এটা তো তোমরা ক্লাস ফাইভ থেকেই জেনে এসেছ। তাই দুশ্চিন্তাকে ‘না’ বলো।
২. পুরো বই পরীক্ষার আগের দিন রিভিশন দিয়ে, মস্তিষ্কের ওপর চা না ফেলাই বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। চোখ-কান খোলা রেখে খোঁজ-খবর নাও আশপাশে...।
৩. কাঙ্ক্ষিত সাজেশন পেয়ে গেলে, ফেসবুকে সেটা নিয়ে স্ট্যাটাস বা শেয়ার দেবে না ভুলেও। দুষ্টু লোকদের চোখে পড়লে তোমার শিক্ষাজীবনটাই হুমকির মধ্যে পড়তে পারে।
৪. সাজেশনটি নিয়ে নিকটস্থ কোনো বিশ্বস্ত পণ্ডিতের কাছে যাও। নামকরা কোচিং সেন্টারের শরণাপন্নও হতে পারো। কম শিক্ষিত লোকের কাছ থেকে কম খরচে উত্তরপত্রের সমাধান নেওয়া মোটেও বিচক্ষণতার লক্ষণ নয়। মনে রাখবে—১টি নম্বর, সারা জীবনের কান্না।
৫. দুষ্টু বন্ধুদের কোনো কথাই পরীক্ষার আগের রাতে ভুলেও কানে নেবে না। ভুল সাজেশন হাতে ধরিয়ে দিয়ে তোমার শিক্ষাজীবন ধ্বংসের জন্য একটা দুষ্টু বন্ধুই যথেষ্ট।
৬. অষ্টম শ্রেণির এই পরীক্ষায় তোমার বন্ধু যদি তোমার থেকেও ভালো করে ফেলে, সে কিন্তু পরে ভালো স্কুলে ভর্তি হয়ে যাবে! কাছের বন্ধুরা ‘কচু’ দেখাচ্ছে—দৃশ্যটি বারবার মনে করো এবং শেষ সময়গুলো কাজে লাগাও।
৭. পরীক্ষার হলে গিয়ে যদি দেখ, সাজেশন কমন পড়েনি, ভেঙে পড়বে না। পরের বছরেও ফেসবুকিং করে, টইটই করে ঘোরাঘুরি করো এবং পুনরায় পরীক্ষার আগের রাতটা কাজে লাগাও। এ বছর সাজেশন কমন পড়েনি, সামনের বছর পড়বেই। সাফল্যের সূত্রই হচ্ছে, ‘একবারে না পারিলে (ফেসবুকে) দেখ শতবার।’
৮. অভিভাবকেরা এ ক্ষেত্রে আরেকটু সহযোগিতা করতেই পারেন। সেই ‘শায়েস্তা খাঁ’র আমলে অভিভাবকেরা পরীক্ষার আগের রাতে দুধ-ডিম খাইয়ে সন্তানদের ফিট রাখতেন। সেটা ইতিহাস। এ আমলের অভিভাবক হয়ে আপনি আপনার সন্তানের হাতে সাজেশন তুলে দিন। আপনারাও
চোখ-কান খোলা রাখুন। বাসায় ইন্টারনেটের সংযোগ আছে কি না, পরীক্ষা করুন।
মাসউদ ফোরকান
প্রভাষক, গুরুঘর কোচিং একাডেমি, ঢাকা