জীবন বাঁচাতে...

কালায়ন চাকমা গাইছিলেন ভূপেন হাজারিকার বিখ্যাত গান ‘মানুষ মানুষের জন্য’। তাঁর কণ্ঠ থেকে আর্তমানবতার পাশে দাঁড়ানোর আহ্বানও যেন ছড়িয়ে পড়ছিল মিলনায়তনে। ২৯ সেপ্টেম্বর বিকেলে রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে নিশান চাকমার জন্য এভাবে জীবনের গান গেয়ে দর্শকদের আবেগে ভাসালেন শিল্পীরা।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র রাঙামাটির ছেলে নিশান ক্যানসারে আক্রান্ত হয়ে বাঁচার জন্য লড়ছে। তাঁর চিকিৎসার তহবিল জোগাতে প্রথম আলো রাঙামাটি বন্ধুসভা ও রক্তদাতা সংগঠন উন্মেষ আয়োজন করেছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেন নিশান চাকমার মা শান্তি কুমারী চাকমা। তিনি বলেন, ‘নিশান এখন শুধু আমাদের ছেলে নয়, আপনাদের সবার ছেলে, ভাই ও বন্ধু। আপনাদের সবার সহযোগিতা ছাড়া তাকে আমরা বাঁচাতে পারব না। তাকে অনেক কষ্টে পড়াশোনা করিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে গেছি। এমন রোগ হবে, তা কোনো দিন কল্পনা করিনি। আপনাদের সম্মিলিত উদ্যোগ আমাদের আশাবাদী করেছে।’
নিশানের মা শান্তি কুমারী চাকমা বলেন, নিশান এ বছরের জুলাই মাসে শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর ব্লাড ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে এখন তাঁর পরিবার নিঃস্ব। কিন্তু চিকিৎসকেরা নিশানকে সুস্থ করতে সিঙ্গাপুর অথবা ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে তিনি জানান। তাই সবার সহযোগিতা ছাড়া তাঁকে সুস্থ করে তোলা সম্ভব নয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নিশান চাকমাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সমাজসেবক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের

প্রতিনিধিরা। চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়ও নিশানের আরোগ্য কামনা করে বার্তা পাঠান।
অনুষ্ঠানের ফাঁকে কথামালায় অংশ নেন স্কাউট আন্দোলনের কর্মী মো. নুরুল আবছার, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন, রাঙামাটি বন্ধুসভার সভাপতি সুনেন্টু চাকমা, উন্মেষের সাবেক সাধারণ সম্পাদক সুবিমল চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গিরিসুর শিল্পীগোষ্ঠীর বিজ্ঞান্তর তালুকদার ও বিটিভির সুবর্ণজয়ন্তী কবিতা আবৃত্তি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মুন চাকমা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও রাঙামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা পরিবেশন করেন ‘মানুষ মানুষের জন্য’ গানটি। ভূপেন হাজারিকার আরও কয়েকটি গান গেয়ে কালায়ন বিদায় নিলে মঞ্চে আসেন শিল্পী সুব্রত চাকমা। তিনি পরিবেশন করেন চাকমা ভাষায় রচিত বেশ কয়েকটি দেশাত্মবোধক গান।
এরপর রাঙামাটির আইডল শেখর মল্লিক ‘চাঁদ কেন আসে না’, কোয়েল চাকমা ‘ফাগুনো আবা বেলে’, ছায়ানটের ছাত্রী ঋতিষা ‘হোচপানা কারে কয়’, রাঙামাটি বন্ধুসভার সহসাংস্কৃতিক সম্পাদক জয়ন্তী চাকমা ‘কে বাঁশি বাজার রে’ এবং ধর্মরত্না চাকমা ‘হোচপানা গম লাগানা’ গেয়ে শোনান। তবে জনপ্রিয় কণ্ঠশিল্পী পার্কি চাকমা রোমান্টিক চাকমা গান ‘ভালোক বজর পর দেঘা অল দ্বিজনর’ এবং ‘তোমার ঘরে বসত করে কজনা’সহ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে সবাইকে মাতিয়ে তোলন।
বড়দের পাশাপাশি শিশুশিল্পী টাগাশিব চাকমা গিটার বাজিয়ে জনপ্রিয় চাকমা, বাংলা ও ইংরেজি গান গেয়ে শোনায়। এরপর শিশুশিল্পী আদর্শী চাকমা পরিবেশন করে দেশাত্মবোধক গান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্যান্ড দল ‘সাইক্লোন’ বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডের গান পরিবেশন করে। অনুষ্ঠানে গানের পাশাপাশি ছিল জুম নৃত্যসহ ঐতিহ্যবাহী দলগত নৃত্য। একক নাচ পরিবেশন করেন নৃত্যশিল্পী ঋতুপুর্ণা চাকমা।