জীবন বাঁচাতে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমেদ ওয়াহিদ সাকলাইন। নগরের কলেজিয়েট স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। চার বছর আগে তার শরীরে বাসা বাঁধে হেপাটাইটিস-বি ভাইরাস। এত দিন পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের টাকায় তার চিকিৎসা চলে আসছিল। এখন চিকিৎসার জন্য আরও টাকা দরকার। এবার এগিয়ে এলেন একদল তরুণ।
সাকলাইনের জীবন বাঁচাতে এগিয়ে এসেছে ব্রাদার হুড নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অর্থ সংগ্রহ করতে তাঁরা ১৬ ফেব্রুয়ারি মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করে কনসার্ট। এতে চট্টগ্রামের ১৩টি ব্যান্ড দল গান পরিবেশন করে। অনুষ্ঠান শুরু হয় দুপুর ১২টায়। শুরুতে ছিল ব্যান্ড দল মাইন ফিল্ড ফাইভের পরিবেশনা। তারা ‘অন্ধকারের মানব হয়ে’ গানটি গেয়ে জমিয়ে তোলে কনসার্ট।
এরপর আরও দুটি গান করে বিদায় নেয়। একে একে মঞ্চ মাতায় ব্যান্ড দল থাউজেন্ড ডায়াস, কিউর অব কার্স, ফ্র্যান্টিক, অ্যামেচার, প্যারিশড অ্যাম্পায়ার, ম্যাট্রিক্যাল, পাওয়ার অব গ্রাউন্ড, আয়োনিক বন্ড, আর্তনাদ, তীরন্দাজ ও ব্লেজ এন কার্স।
আয়োজক দলের সদস্য ত্বকী ইয়াসির বলেন, ‘এই কনসার্ট থেকে অর্জিত পুরো অর্থ আমরা সাকলাইনের মায়ের হাতে তুলে দিয়েছি। সাকলাইনের চিকিৎসায় আমরা সমাজের সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।’