জীবন বাঁচাতে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোজ-আপ ওয়ান তারকা রাশেদ মঞ্চে উঠতেই উল্লাসে ফেটে পড়েন দর্শকেরা। মাইক্রোফোন হাতে নিয়ে রাশেদ বললেন, ‘সন্ধ্যায় আমার বড় জেঠি মারা গেছেন। তার পরও এই কনসার্টে এসেছি শুধু একটি কচি প্রাণ বাঁচানোর লড়াইয়ে শামিল হতে।’ শুরুতেই ‘চাঁদ কেন আসে না আমার ঘরে’ গানটি গেয়ে সাব্বিরের প্রতি দর্শকহূদয় আকৃষ্ট করেন তিনি। এরপর একে একে গেয়ে শোনান, ‘সোনা বন্ধু ভুল না আমারে’, ‘উড়াল পঙ্খিরে’, ‘আমি খুঁজেছি তোমায় মা’, এ তিনটি গান। ১৯ মে সন্ধ্যায় পটিয়া ক্লাব হলে ক্যানসার-আক্রান্ত মেধাবী ছাত্র রকিবুল হাসান সাব্বিরের চিকিৎসাসহায়তা তহবিল সংগ্রহের লক্ষ্যে আয়োজিত কনসার্টে বসেছিল তারার মেলা। এতে আরও গান করেন জনপ্রিয় শিল্পী সন্দীপন, ক্লোজ-আপ ওয়ান তারকা অরিন, নিশীতা বড়ুয়া ও চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পী নির্বাচিতা মুৎসুদ্দি। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বায়েজিদ লাইন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সাব্বির। বাড়ি বোয়ালখালী উপজেলায়। প্রাথমিক শিক্ষা নিয়েছে নানার বাড়ি পটিয়ার সূচক্রদণ্ডী গ্রামে থেকে।দীর্ঘ তিন বছর ধরে বোন (হাড়) ক্যানসারে ভুগছে সে। তার চিকিৎসা চলছে ভারতের ভেলুর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে। চিকিৎসার জন্য প্রয়োজন ২৫ লাখ টাকা। সাব্বিরের বাবা চট্টগ্রাম ওয়াসার তৃতীয় শ্রেণীর কর্মচারী আবুল হাসান চৌধুরীর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তার জীবন বাঁচাতে পটিয়ার একঝাঁক তরুণ নেমেছে চিকিৎসাসহায়তা তহবিল গঠনের মাধ্যমে অর্থ সংগ্রহের কাজে। এরই অংশ হিসেবে আয়োজন এ কনসার্টের। রাশেদ যাওয়ার পর অনুষ্ঠান বিশেষভাবে মাতিয়ে তোলেন কণ্ঠশিল্পী সন্দীপন। মঞ্চে এসে সাব্বিরকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এরপর সাব্বিরকে অভয় দিয়ে কিছু কথা বলেই শুরু করেন তাঁর পরিবেশনা। একে একে গেয়ে শোনান শাহ আবদুল করিমের ‘বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে’, লোককবি রমেশ শীলের ‘আমার ভবের ঘরে আগুন দিল কে রে’সহ ছয়টি গান। এ ছাড়া গান পরিবেশন করেন শিল্পী অরিন, নির্বাচিতা মুৎসুদ্দি ও নিশীতা বড়ুয়া।