জীবন বাঁচাতে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাহিদের স্বপ্ন বিশ্ববিদ্যালয় জীবন শেষে জীবনযুদ্ধে নামার। কিন্তু বেঁকে বসল শরীর। দুটো কিডনি নষ্ট হওয়ার সংবাদে তছনছ হয়ে গেল স্বপ্ন। সেই সঙ্গে প্রাণের সংশয়। প্রাণ বাঁচানোর জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। নাহিদের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। নাহিদের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন থ্যাংকস-এর সদস্যরা। মৃত্যু পথযাত্রী নাহিদের জীবন বাঁচাতে কনসার্টের আয়োজন করে অর্থ সংগ্রহ করেছেন তাঁরা। থ্যাংকসের উদ্যোগে আয়োজিত ‘কনসার্ট ফর দ্য লাইফ অব নাহিদ’ শিরোনামের এই আয়োজনে সহায়তা করেছে রেড কার্পেট ইভেন্ট।গত ৩০ মে নগরের মুসলিম ইনস্টিটিউট হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ আসিফ হাসান নাহিদের চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহের লক্ষ্যে আয়োজিত কনসার্টে বসেছিল চট্টগ্রামের ব্যান্ড দলগুলোর মেলা। একে একে ১২টি ব্যান্ড দল গান পরিবেশন করে এই আয়োজনে। ব্যান্ড দল প্যারিশেড ইম্পায়ারের পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ‘নো ওয়ার্নিং শট’ গানটি গেয়ে শুরু করে পরিবেশনা। এরপর মঞ্চে আসে ব্যান্ড দল এরর ও ফ্রান্টিক। তাদের পরিবেশনার পর কিছুক্ষণের বিরতি। বিরতি শেষে ব্যান্ড দল সিরেনো মিলিটারির ‘লেটার ডু আনবর্ন’ গানটির মাধ্যমে আবার মাতিয়ে তোলে মঞ্চ। এরপর একে একে মঞ্চ মাতিয়ে যায় ব্যান্ড দল সাইলেন্ট জাস্টিস, মোশন ইউনিভার্স, আয়োনিক বন্ড, পাওয়ার অব গ্রাউন্ড, ম্যাট্রিক্যাল, তীরন্দাজ, আর্তনাদ ও রাইজিং ফোর্স। আয়োজক দলের মিডিয়া ব্যবস্থাপক রিফাত সামির বলেন, ‘এই কনসার্ট থেকে অর্জিত পুরো অর্থই আমাদের বন্ধু নাহিদের চিকিৎসার জন্য ব্যয় করা হবে।’ তিনি সমাজের সবাইকে এগিয়ে আসারও জন্য অনুরোধ জানান। নাহিদকে সাহায্য পাঠানোর ঠিকানা: মো. অহিদুল ইসলাম, অ্যাকাউন্ট নম্বর ১৬৫.১০১.২০৮৬০১, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। বিকাশ নম্বর: ০১৯১২ ৯৩৯৭৯৫।