জীবন বাঁচাতে ছোটেন তাঁরা

বয়স কত হবে—বড়জোর ২২ কি ২৫। সারাক্ষণ অপেক্ষায় থাকেন একটি আহ্বানের, ‘একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন।’ খবর পেলেই ছুট। রোগীর ঠিকানা নিয়ে পৌঁছে যান হাসপাতালে। রক্ত দিয়ে ফেরেন হাসিমুখে।
চট্টগ্রাম শহরের একদল তরুণের এটি প্রতিদিনের রুটিন কাজ। আরও খোলাসা করে বললে একঝাঁক স্বেচ্ছায় রক্তদাতা গড়ে তুলেছেন ভিন্ন ভিন্ন নামে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন। রক্তদানের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা ছুটে বেড়ান মানুষের জীবন বাঁচাতে। এমনও হয়েছে রোগীর নামধাম জানেন না, রক্ত দিয়ে চলে এসেছেন। এ রকম অনলাইনভিত্তিক পাঁচটি সংগঠন—সিটিজি ব্লাড ব্যাংক, কণিকা, রক্তের আহ্বানে, বাংলাদেশ হিউম্যানিটি অ্যাসোসিয়েশন ও হুইসেল ব্লাড লিংকের পাঁচ অ্যাডমিনের সঙ্গে কথা হয় গত সোমবার। প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে বসা আড্ডায় এই তরুণ তুর্কিদের কথায় উঠে আসে তাঁদের পথচলার গল্প।

শুরুতেই সিটিজি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা অ্যাডমিন সূর্য দাস শোনান তাঁদের এক হওয়ার পটভূমি। তিনি পড়ছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে। সূর্য বললেন, ‘আগে থেকে কারও সঙ্গে সখ্য গড়ে ওঠেনি। বিভিন্ন সময় রক্ত দিতে গিয়ে পরিচয়। এরপর ফেসবুকে কথাবার্তা। একটা সময় চিন্তা করলাম, নিজেদের একটা প্ল্যাটফরম দরকার। এরপর সবার সঙ্গে আলোচনা। অবশেষে ২০১২ সালে ১২ ডিসেম্বর যাত্রা শুরু।’
চট্টগ্রামের রক্তদাতা সংগঠনগুলোর মধ্যে সিটিজি ব্লাড ব্যাংকের কার্যক্রম বেশি বিস্তৃত। ফেসবুকে এই সংগঠনের অনুসারী (ফলোয়ার) আড়াই লাখের বেশি। ১২ জন অ্যাডমিন শুরু করেন কার্যক্রম। অবশ্য এখন অ্যাডমিনের সংখ্যা ২২ জন। প্রত্যেক অ্যাডমিন কমপক্ষে ১৩ বার করে রক্ত দিয়েছেন। এ ছাড়া রয়েছে সহকার্যকরী সদস্য ৮০ ও কার্যকরী সদস্য ৫০ জন। তাঁরা প্রতিদিন গড়ে রক্ত দেন কমপক্ষে ৩০ ব্যাগ। অবশ্য সবাই যে ছাত্র তা কিন্তু নয়, চাকরিজীবীরাও যুক্ত আছেন তাঁদের সঙ্গে।
এত চাহিদা? সামাল দেন কীভাবে? সূর্য মুখে হাসি টেনে বলেন, আমাদের প্রতি মানুষের প্রত্যাশা এখন অনেক বেশি। সামাল দেওয়া কঠিন বটে তবে পারছি তো। কারণ আমাদের বড় শক্তি ফলোয়াররা। ফেসবুকে রক্তের আহ্বান পোস্ট করলেই ফলোয়াররা যোগাযোগ শুরু করেন। এরপর আমাদের নির্দেশনা অনুযায়ী রক্তদাতা পৌঁছে যান রোগীর কাছে। অবশ্য রোগীর বিস্তারিত জেনে তারপর আমরা উদ্যোগ নিই।’
চট্টগ্রামের সবখানে রক্ত দিতে যান? সূর্য বললেন, চট্টগ্রাম থেকে শুরু করে তিন পার্বত্য জেলা, কক্সবাজারে রক্ত দিতে যান আমাদের সদস্যরা। শুধু চট্টগ্রাম নয় দেশের প্রতিটি জেলায় আমরা রক্ত দিয়ে আসছি। আমাদের ফলোয়ার সব জেলায় রয়েছেন।’ এ ক্ষেত্রে তিনি যোগ করেন, ‘২১ ডিসেম্বর সন্দ্বীপের একটি বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে এক কিডনি রোগীকে এ নেগেটিভ রক্ত দিয়ে এসেছেন আমাদের এক অ্যাডমিন। মাত্র দুই ঘণ্টার নোটিশে সেখানে পৌঁছান তিনি।’
এবার কণিকার বয়ান শুরু করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন ও কার্যকরী কমিটির সভাপতি সাইফুল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়পড়ুয়া সাইফুল্লাহ বলেন, ২০১২ সালের মার্চে তাঁদের যাত্রা। প্রথমে অনলাইনেই কার্যক্রম শুরু হয়। এরপর ধীরে ধীরে বাড়ে কর্মপরিধি। ফেসবুকে এই সংগঠনটির অনুসারী প্রায় ১ লাখ ৩০ হাজার। ৩০ জনের কমিটির মাধ্যমে পরিচালিত হয় সংগঠন। সক্রিয় সদস্য রয়েছেন ৪৮০ জন। নিয়মিত রক্তদাতা রয়েছেন ৯২০ জন। তাঁরা গড়ে প্রতিদিন ১০ ব্যাগ রক্তের চাহিদা পূরণ করছেন। তাঁরা কাজ করেন চট্টগ্রাম শহর ও জেলা, কক্সবাজার এবং পার্বত্য জেলায়।
সাইফুল্লাহ বলেন, ‘রক্ত দেওয়ার পর রোগীর স্বজনদের মুখে যে হাসি দেখি তাতে মন ভরে যায়।’ তবে তিনি রোগীর স্বজনদের জন্য শোনান সতর্কবাণীও, ‘রক্ত দেওয়ার জন্য কাউকে কোনো ধরনের টাকা দেবেন না। আমরা এই কাজটা করি মানবসেবা হিসেবে স্বেচ্ছায়। অনেকে রোগীর স্বজনদের বিভ্রান্ত করেন।’
রক্তের আহ্বানে সংগঠনটির গল্পটাও প্রায় একই। কেউ কাউকে চিনতেন না, রক্ত দিতে গিয়ে পরিচয়। এই সংগঠনের অ্যাডমিন ও ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সদ্য স্নাতকে ভর্তি হওয়া সুমিতা দাশ বলেন, ফেসবুকের আড্ডা থেকে সংগঠনের জন্ম। সাতজন মিলে ২০১৪ সালের ১১ এপ্রিল গড়ে তোলেন এই সংগঠন। ফেসবুকে তাঁদের ফলোয়ার ৬০ হাজার। তাঁরাও দিনে ১০ ব্যাগ রক্ত দেন।
এদিকে বাংলাদেশ হিউম্যানিটি অ্যাসোসিয়েশন উদ্বুদ্ধ হয়েছে সিটিজি ব্লাড ব্যাংককে দেখে। ১২ জন অ্যাডমিন ২০১৫ সালের আগস্ট মাসে শুরু করেন কার্যক্রম। ফেসবুকে সংগঠনটির ফলোয়ার এখন দেড় লাখের বেশি। তাঁরাও দিনে গড়ে কমপক্ষে ১০ ব্যাগ রক্ত দেওয়ার চেষ্টা করেন। সংগঠনের অ্যাডমিন ও চিটাগাং ইনস্টিটিউট অব মেডিকেল টেকনলজির ছাত্র অপু নন্দী এটাকে সমাজের প্রতি দায়বদ্ধতা হিসেবে নিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা তরুণেরাই যদি এগিয়ে না আসি তবে কে আসবে।’
আর হুইসেল ব্লাড লিংকের যাত্রা করেছে মাত্র আড়াই মাস, ২০১৬ সালের ১৯ অক্টোবর। এটি তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন হুইসেল বাংলাদেশের আরেকটি অংশ। তবে সংগঠন পরিচালনার জন্য রয়েছেন ১২ জন অ্যাডমিন। তাঁদের একজন মুরাদপুর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির ছাত্র তাপস বড়ুয়া। তিনি বলেন, ‘আমাদের সবার আলাদা সংগঠন হলেও নিজেদের মধ্যে যোগাযোগ থাকে। একে অপরের সাহায্য নিই। মূল কথা রক্ত চেয়ে কেউ যেন ফেরত না যায়।’
অবশ্য এর প্রমাণও পাওয়া যায় সংগঠনগুলোর ফেসবুক পেজে ঢুঁ মেরে। এতে দেখা যায়, প্রায় পোস্টই রক্তের আহ্বানে করা। এতে লেখা থাকে রোগীর অবস্থান ও স্বজনের মুঠোফোন নম্বর। সিটিজি ব্লাড ব্যাংকের ফেসবুক পেজের এ রকম একটি পোস্ট থকে নম্বর নিয়ে কথা হয় এক রোগীর স্বজনের সঙ্গে। তিনি মিরসরাইয়ের মিঠাছড়ার বাসিন্দা। নাম গোপেশ নাথ। মুঠোফোনে তিনি বলেন, ‘আমার ব্লাড ক্যানসারে আক্রান্ত সাড়ে তিন বছরের শিশুর জন্য এবি পজিটিভ রক্তের প্রয়োজন ছিল। তাঁরা এসে রক্ত দিয়ে গেছেন।’ একইভাবে নগরের রাহাত্তারপুলের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম মুঠোফোনে বলেন, ‘আমার বোনের জন্য রক্তের প্রয়োজন ছিল। সিটিজি ব্লাড ব্যাংকে একটি পোস্ট দিলে তাঁরা একজন রক্তদাতাকে পাঠান। অবশ্য পরে রক্ত লাগেনি।’
রক্ত দেওয়া ছাড়াও বছরের বিভিন্ন সময়ে সংগঠনের সদস্যরা শীতবস্ত্র বিতরণ, রক্তদানে উদ্বুদ্ধকরণসহ নানা সচেতনতামূলক কার্যক্রম চালান।
মানুষের জন্য কাজ করতে গিয়ে হ্যাপাও কম পোহাতে হয়নি তাঁদের। সিটিজি ব্লাড ব্যাংকের সূর্য দাস বলেন, ‘একবার আমাদের দুজন সদস্যকে রক্ত লাগবে বলে ডেকে নিয়ে মারধর করা হয়। আরেকবার সভা করার সময় পুলিশ ধরে নিয়ে যায়। অন্যরাও যোগ করেন এ রকম কিছু তিক্ত অভিজ্ঞতা।’
তবে এসব নিয়ে তাঁদের কোনো মাথাব্যথা নেই। সবার এক কথা, ‘এসব বাধা পেরিয়েই এগোতে হবে আমাদের। থামার জন্য তো শুরু করিনি।’
রক্তের জন্য...
সিটিজি ব্লাড ব্যাংক: ০১৭৩৮৪৩৭৭৭৭
www.facebook.com/groups/ctg.blood.bank
www.ctgbloodbank.org
কণিকা: ০১৯১২৩০৮০১০
www.facebook.com/kanikabd/
www.facebook.com/group/kanikabd/
রক্তের আহ্বানে: ০১৮২১১১১৩৭১
www. facebook. com/rokterahobbane
বাংলাদেশ হিউম্যানিটি অ্যাসোসিয়েশন:
০১৮২৯৫২৩৬৮৪
www.facebook.com/BangladeshHumanity
AssociationBHA
www.facebook.com/groups/
bangladeshhumanityassociationBHA
হুইসেল ব্লাড লিংক: ০১৮১১২৮০২২৫
www.facebook.com/groups/
624796201036096/
www.facebook.com/whistlebangladesh
www.whistlebangladesh.com/