জীবন বাঁচাতে জীবনবাজি
>হাত ফসকে শারমিনের ব্যাগ পড়ে গেল নিচে। ব্যাগ নিতে চলন্ত ট্রেন থেকে লাফ দেন তিনি। কয়েক সেকেন্ড পর বন্ধুকে বাঁচাতে লাফ দেন আরিফিনও
সোমবার সকাল সোয়া ১০টা। নগরের ক্যান্টনমেন্ট স্টেশনের অদূরে। দ্রুতগতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছুটছে শাটল ট্রেন। পাদানিতে বসে ক্যাম্পাসে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী শারমিন সুলতানা ও আরিফিন কাব্য। এমন সময় হঠাৎ বিপত্তি।
হাত ফসকে শারমিনের ব্যাগ পড়ে গেল নিচে। ব্যাগ নিতে চলন্ত ট্রেন থেকে লাফ দেন তিনি। কয়েক সেকেন্ড পর বন্ধুকে বাঁচাতে লাফ দেন আরিফিনও। বিষয়টি আঁচ করতে পেরেছিলেন তাঁদের পেছনে দঁাড়ানো বাইজিদ ইমন নামের আরেক শিক্ষার্থী। তাৎক্ষণিক ঘটনায় ভড়কে যান বাইজিদও। গতি একটু কমলে নিজের জীবনের মায়া না করে ট্রেন থেকে লাফ দেন তিনি। এরপর দুজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। নিয়ে যান বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে। বাইজিদ নামার কারণে শারমিন আর আরিফিন দ্রুত উদ্ধার হলেন। সহপাঠীর প্রতি সহানুভূতির জন্য শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বাইজিদ।
বাইজিদ ইমন পড়েন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষে। শারমিন হিসাববিজ্ঞান ও আরিফিন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী।
ওই দিনের ঘটনা সবিস্তারে বর্ণনা দেন বাইজিদ। তিনি বলেন, ‘বগির ভেতরে বসে থাকতে বেশ গরম লাগছিল বলে আমি দরজার পাশে এসে দাঁড়িয়েছিলাম। ওই দরজার পাদানিতে বসা ছিলেন আরিফিন ও শারমিন। হঠাৎ চোখ ফেরাতেই দেখি দুজন নেই। ট্রেনও ওই সময় খুব দ্রুতগতিতে চলছিল। তাই মুহূর্তের মধ্যে পেছনে ঢুঁ মেরেও তাঁদের আর দেখলাম না। পরে ট্রেনের গতিতে কমে এলে দ্রুত ট্রেন থেকে লাফ দিয়ে প্রায় অাধা কিলোমিটার দৌড়ে এসে দেখি দুজনই আহত অবস্থায় রেললাইনের পাশে পড়ে আছেন। এর মধ্যে শারমিন অচেতন। একটু দূরের পাশের বাড়ি থেকে পানি এনে তাঁর মাথায় ঢালার পর জ্ঞান ফেরে। এরই মধ্যে প্রক্টর স্যারকে ফোন করে বিষয়টি জানাই। তিনি দ্রুত অ্যাম্বুলেন্স পাঠালে তাঁদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই।’
‘আমি দুজনকে ব্যক্তিগতভাবে চিনতাম না। শুধু বিবেকের তাড়নায় নিজের জীবনবাজি রেখে তাঁদের উদ্ধার করতে গিয়েছিলাম। ভয়ে ছিলাম। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ খারাপ কিছু দেখতে হয়নি আমাকে।’ যোগ করেন বাইজিদ।
বাইজিদের প্রতি কৃতজ্ঞ আরিফিন বলেন, ‘ওই দিন বাইজিদ এভাবে এগিয়ে না এলে আমরা ভীষণ বিপদে পড়ে যেতাম। কারণ, ওই সময় আমি বারবার মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিলাম। আর শারমিন তো পড়ার পর থেকে জ্ঞানহারা। বাইজিদ এসে আমাদের উদ্ধার করেন। তারপর প্রক্টর স্যারকে ফোন করে অ্যাম্বুলেন্স আনিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেেন্দ্র নিয়ে যান। তাঁর কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘জনশূন্য এলাকায় দুজন শিক্ষার্থী লাফ দিয়ে পড়ে আহত হলো। বিষয়টি খুবই আশঙ্কার কারণ ছিল। বাইজিদ নিজের জীবনবাজি রেখে তাদের উদ্ধার করে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। এটি প্রশংসনীয় ব্যাপার।’
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিক্ষার্থীদের উদ্দেশে পরামর্শ দিয়েছেন, তাঁরা যেন শাটল ট্রেনের ইঞ্জিনে আর পাদানিতে না বসেন।