জীবন বাঁচাতে ঝিঁঝিপোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পের শঙ্কা টের পেলেই যন্ত্রটি চারদিকে বৃত্তাকার নীল বিন্দু প্রদর্শন করতে শুরু করে
ভূমিকম্পের শঙ্কা টের পেলেই যন্ত্রটি চারদিকে বৃত্তাকার নীল বিন্দু প্রদর্শন করতে শুরু করে

১৯৮৫ সালের কথা। ভয়ংকর দুলুনিতে ঘুম ভাঙল মেক্সিকো সিটির। ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প গুঁড়িয়ে দিল উঁচু উঁচু দালান। কান্না আর ধুলার মেঘ ছড়িয়ে পড়ল চারদিকে। ভয়াবহ সে দুর্যোগ কেড়ে নিয়েছিল প্রায় ১০ হাজার লোকের প্রাণ। পরবর্তী সময়ে আসন্ন ভূমিকম্পের বিপৎসংকেত দেওয়ার একটি পদ্ধতি স্থাপন করেছিলেন ভূকম্পবিেদরা।
২০ বছর পর দেখা গেল, শহরবাসী এখনো ভূমিকম্পের আগে কোনো সতর্কবার্তা পান না। যখন-তখন নির্বিঘ্নে শহরে ধস নামিয়ে দেয় ভয়াবহ ভূকম্পন। বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগও পান না।
‘এটা খুবই দুঃখজনক, আমাদের আগাম সতর্কবার্তা দেওয়ার একটি অবকাঠামো আছে। তবে সেটি কোনো কাজের না।’ আন্দ্রেস মেইরা বলেন। তিনি যুক্তরাজ্যের একজন স্থপতি। হাইতিতে দীর্ঘদিন কাজ করার পর মেক্সিকোতে পা রাখেন। এখানে ভূমিকম্পপূর্ব সতর্কবার্তা প্রদানের নিজস্ব ব্যবস্থা তৈরির প্রয়োজন অনুভব করেন। ‘হাইতির মহাপ্রলয় খুব কাছ থেকে দেখেছি বলেই ভূমিকম্প নিয়ে একটা কিছু করার তাগিদ অনুভব করছিলাম।’ বলেন তিনি।
স্প্যানিশ ভাষায় ঝিঁঝিপোকাকে বলা হয় গ্রিয়ো। যন্ত্রটি একটি ছোট বাক্সের মতো। ভূমিকম্পের শঙ্কা টের পেলেই এটি চারদিকে বৃত্তাকারে নীল বিন্দু প্রদর্শন করতে শুরু করে। পাশাপাশি অ্যালার্মও বেজে ওঠে।
যন্ত্রটির অ্যানটেনা সরাসরি মেক্সিকোর দক্ষিেণ সমুদ্র উপকূলবর্তী এলাকায় স্থাপিত সেন্সর থেকে সিগন্যাল গ্রহণ করে। সমুদ্র উপকূলবর্তী এলাকাতেই মূলত ভূকম্পন প্রথম অনুভূত হয়। সেখান থেকে ভূকম্পন শহরে পৌঁছাতে এক মিনিটের কিছু বেশি সময় লাগে। এই মূল্যবান সময়টুকুই শহরবাসীর নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যথেষ্ট। এই অ্যালার্ম আশপাশের শহরগুলোকেও সতর্ক করে দেয়।

‘গ্রিয়ো’ যন্ত্রটি একটি ছোট বাক্সের মতো
‘গ্রিয়ো’ যন্ত্রটি একটি ছোট বাক্সের মতো

সাধারণত বিপৎসংকেত বাজানো হয় স্কুল, হাসপাতাল ও পাবলিক ভবনগুলোতে। যেন লোকজন ঘরবাড়ি ভেঙে পড়ার আগেই রাস্তায় অবস্থান নিতে পারেন। কিন্তু বাসার ভেতরে বা কাজে থাকা অনেকের কানেই সতর্কবার্তা না-ও পৌঁছাতে পারে। মোবাইলের বিভিন্ন অ্যাপের মাধ্যমে শহরবাসীর কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়া যায়। তবে এ পদ্ধতি খুব কার্যকর নয়। কখনো কখনো এটি তাৎক্ষণিকভাবে সতর্ক করতে ব্যর্থ হয়। সবগুলো রেডিও ও টিভি চ্যানেল সতর্কসংকেত দেয় না। পরিকল্পনামাফিক বিভিন্ন স্থানে সাইরেন বসানোর কাজটিও সম্পন্ন হয়নি।
একটি প্রতিষ্ঠান বিভিন্ন স্থানে অ্যালার্ম বসানোর কাজ করছে, কিন্তু সাধারণের কাছ থেকে তারা এই যন্ত্রের বিনিময়ে ৩০০ ডলার নেয়। অনেক পরিবারের তা সাধ্যের বাইরে। কিন্তু মেইরার ঝিঁঝিপোকার দাম মাত্র ৫০ ডলার। এর দাম আরও কমিয়ে আনার কাজ চলছে। ‘লক্ষ্য হলো, এখানকার প্রায় ৫৭ লাখ মানুষের কাছে গ্রিয়ো পৌঁছে দেওয়া।’ মেইরা বলেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের এক প্রকৌশলী যন্ত্রটির নকশা করেছেন। এটি তৈরি হয়েছে চীনে। মেইরা আশা করছেন, ভবিষ্যতে এই যন্ত্রের সঙ্গে ধোঁয়া বা কার্বন মনোক্সাইড শনাক্ত করার ব্যবস্থাও সংযুক্ত হবে। আজ অবধি তিনি এ প্রকল্পের উন্নয়নে ৪৫ হাজার ডলার সংগ্রহ করেছেন। কিছুদিনের মধ্যে শুরু হওয়া আরেকটি প্রচারণার মাধ্যমে আরও প্রায় পাঁচ লাখ ডলার উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।
মেক্সিকো সিটির একটি বহুতল ভবনের চারতলায় থাকেন দুই সন্তানের মা দিয়ানা ফেররেরো। তিনি বলেন, ‘মাঝরাতে তীব্র অ্যালার্ম শুনে ঘুম ভাঙাটা খুব ভালো কোনো অভিজ্ঞতা নয়। তবে এটা অবশ্যই মেঝে ভেঙে পড়া, দেয়াল ভাঙা আর ইলেকট্রিক তারের স্পার্কের শব্দের চেয়ে ভালো।’ তিনি আরও বলেন, ‘গ্রিয়ো বেশ ভালো কাজ করছে। ভূকম্পন শুরু হওয়ার আগেই, এমনকি ভবনের অন্য বাসিন্দারা বাইরে বেরোনোর ৩০-৪০ সেকেন্ড আগেই আমি বাড়ির বাইরে পা রাখতে পারছি।’