জীবন বাঁচাতে মহত্ উদ্যোগ
বর্তমানে তাঁরা কেউ আর ছাত্র নন। অনেকেই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সবাই ১৯৯৫ সালে এসএসসি পাস করেছেন। তাই তাঁদের সংগঠনের নাম প্রজন্ম ’৯৫। রামুতে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ১৪-২১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিত্সা শিবির পরিচালনা করেছেন তাঁরা। আট দিনব্যাপী কর্মসূচিতে প্রায় দেড় হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছেন তাঁরা। পাশাপাশি দেওয়া হয়েছে জরুরি চিকিত্সাসেবা। এখানেই থেমে থাকেনি তাঁদের কাজ। উদ্যোগ নিয়েছেন একটি ব্লাড ব্যাংক গড়ার। এ সম্পর্কে সংগঠনের সদস্য ও ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা জানান, ‘রক্ত দিন, জীবন বাঁচান’ স্লোগানে তাঁরা উজ্জীবিত। মানুষকে রক্ত দেওয়া-নেওয়া, রক্তের গ্রুপ জেনে রাখতে সচেতনতা সৃষ্টি করা এবং স্থানীয়ভাবে একটি ব্লাড ব্যাংক তৈরির উদ্দেশ্যে তাঁরা এ কর্মসূচি হাতে নেয়। সংগঠনের সদস্যদের চাঁদায় এ সংক্রান্ত সব খরচ চলে বলে জানান তিনি।জানা গেছে, প্রায় এক বছর আগে ‘এবি-নেগেটিভ’ রক্তের অভাবে ২৬ বছর বয়সে মারা যান সংগঠনের বন্ধু নূরুল আমিনের ছোট বোন আলম আরা। এ ঘটনা প্রবলভাবে নাড়া দেয় প্রজন্ম ’৯৫ এর সদস্যদের। তাই বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেয় ব্লাড ব্যাংক তৈরি করে মানুষকে সহযোগিতা করার। সেই সিদ্ধান্ত থেকে আজকের এ মহত্ আয়োজন। কর্মসূচির সমন্বয়ক আবদুস সাত্তার, রেজাউল আমিন মোরশেদ ও শফিকুল ইসলাম বলেন, মূলত সামাজিক দায়বদ্ধতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জীবন বাঁচাতে এ উদ্যোগ। কারও জরুরি রক্তের প্রয়োজনে যোগাযোগ (০১৯২০ ৭০০১০২, ০১৮১৬ ৮৫৯৯২৫, ০১৭১৬ ৮৭৬৭৬০) করার জন্যও বলেন তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী জানান, ‘তাঁদের এ উদ্যোগ অত্যন্ত মহত্। তাই আমি হাসপাতাল থেকে সর্বোচ্চ সহযোগিতা করছি।’