জীবন বাঁচানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঠবাড়িয়া কুয়েত-প্রবাসী হাসপাতালে রুবি বেগম নামের এক ওয়ার্কশপ শ্রমিকের স্ত্রীর অপারেশনের পর রক্তের প্রয়োজন দেখা দেয়। রোগীকে বাঁচাতে এ+ রক্তের প্রয়োজন, অথচ রক্তদাতা পাওয়া যাচ্ছিল না। অনেকেই রক্ত দিতে অনীহা দেখাচ্ছিল। অবশেষে আমার পরিচিত একজন এসে বলল, তুমি কি রক্ত দিতে পারবে? তোমার রক্ত বাঁচাতে পারে একজন মুমূর্ষু রোগীকে। আমি রাজি হলাম। আমি প্রথম রক্ত দিচ্ছি। অথচ আমার মধ্যে জড়তা নেই। ভয়হীন কিংবা দ্বিধাহীন চিত্তে রক্ত দিতে প্রস্তুতি নিলাম। একজন মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে বাঁচাতে হবে, শুধু এই চিন্তা ছিল আমার মাথায়। বয়স গোপন রেখে রক্ত দিলাম। রুবির মা, স্বামী আর তিনটি নিষ্পাপ শিশু রক্ত দেওয়ার সময় কৃতজ্ঞতায় আমার পাশে দাঁড়িয়ে ছিল। রক্তদাতা পাওয়ার পর ওদের মনে আনন্দের ফল্গুধারা বইলেও উত্কণ্ঠা ছিল রুবিকে বাঁচানো যাবে কি না। রক্ত দেওয়ার পর রুবির স্বামী জিজ্ঞেস করল, রক্তের দাম দিতে হবে কি না। যখন জানল, আমি স্বেচ্ছায় রক্ত দিয়েছি, তখন তিনি দোকান থেকে মিনারেল ওয়াটার আর জুস নিয়ে এলেন। আমি জুস ফেরত দিতে বললাম।রুবির শরীরে আমার রক্ত যাচ্ছে। তাঁর তিনটি শিশুর নিষ্পাপ চাহনি আর আনন্দ দেখে আমার চোখে জল এল। একজন মুমূর্ষু রোগীকে রক্ত দিতে পারার আনন্দ অবর্ণনীয়। বাসায় বেড়াতে আসা সাবেক সেনা কর্মকর্তা ছোট চাচাকে জানালাম রক্তদানের গল্প। তিনি বললেন, তুই ছোট মানুষ, রক্ত দিলি কেন? আমাকে বললেই তো হতো, আমি রক্ত দিতাম। মা আমার সঙ্গে গিয়ে রক্তদানে উৎসাহিত করেছেন। ভাইয়া বললেন, মানুষের জন্য কিছু করতে পারা বড়ই আনন্দের। বয়স ১৮ না হওয়ায় আমার চিকিৎসক বাবা আমার রক্তদানের ব্যাপারে আগ্রহী ছিলেন না। তবে যখন শুনলেন রোগীটি মুমূর্ষু, তখন তিনি অনেক খুশি হলেন। একজন মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্তদানের ঘটনাটি আমার জীবনের স্মরণীয় ঘটনা। আসুন, সবাই স্বেচ্ছায় রক্ত দিই। আপনার রক্ত বাঁচাতে পরে একজন মুমূর্ষু রোগীকে।সানজিদা জেবিন মঠবাড়িয়া, পিরোজপুর