কেবল কুকুর-বিড়ালই যে মনিবের উপকারে আসতে পারে, তা মিথ্যা প্রমাণ করে দিল এক খরগোশ। আলাস্কার দক্ষিণ-পূর্বাঞ্চলের এক শহরের ঘটনা। ঘটেছিল গত বৃহস্পতিবার সকালবেলা। বাসার মালিক ভদ্রমহিলা ঘুমিয়ে ছিলেন, সঙ্গে মেয়ে। এদিকে ঘরে আগুন লেগেছে, বেঘোরে ঘুমাচ্ছেন তাঁরা। টের পেল সেই পোষা খরগোশটি। ধোঁয়া দেখে প্রাণীটি খামচে দিতে লাগল ঘুমন্ত মালিকের কাঁধে। ভদ্রমহিলা জেগে দেখেন সর্বনাশ হয়ে গেছে। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। অগ্নিনির্বাপক কর্মী ছুটে এল প্রায় সঙ্গে সঙ্গেই। কিন্তু হায়, যে আগুন থেকে মনিবদের বাঁচাল খরগোশটা, সেই আগুনের ধোঁয়াই দখল করে বসল তার ছোট্ট ফুসফুস জুড়ে! চলে গেল সে না ফেরার দেশে। রিপলিস বিলিভ ইট অর নট ও ডেইলি মেইলপালতোলা ত্রিচক্রযান১৯ বছর বয়সী নেড অফেনাস্ট পড়েন ‘এ’ লেভেলে। নিয়ম অনুযায়ী ক্লাসের বার্ষিক প্রজেক্টের জন্য একটা ত্রিচক্রযান উদ্ভাবন করেছিলেন এই তরুণ। যেমন তেমন ত্রিচক্রযান নয়, এই যান চলে হাওয়ার জোরে! কায়দা করে নিজের উদ্ভাবিত যানে একটা পাল লাগিয়ে দিয়েছিলেন নেড। তা দেখে তো সবারই চক্ষু চড়কগাছ। এদিকে নেডের এমন কীর্তি নজরে পড়েছিল নেদারল্যান্ডের এক ত্রিচক্রযান নির্মাতাপ্রতিষ্ঠান হোয়াইকেরও। তারাও আর সবার মতো মুগ্ধ। নেডকে পুরস্কারস্বরূপ তাদের যুক্তরাজ্যের শাখার পরিচালক হিসেবেও নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। ত্রিচক্রযানটি তৈরি করতে নেডের লেগেছিল মোটে ৫০ পাউন্ড। আর সেই একই জিনিস এখন তৈরি করা হচ্ছে বাণিজ্যিকভাবে। বিক্রি করা হবে ৩০ হাজার পাউন্ডে। অরেঞ্জ নিউজ