সামনে প্রমত্তা পদ্মা। হাতে ধরা গরুর লেজ। জীবিকার তাগিদে এক দল লোক নেমেছে নদী সাঁতরে গরু-মহিষ পার করার বিপজ্জনক এক পেশায়। বিস্তারিত এবারের মূল রচনায়রাখালের বাঁশির দিন বোধ হয় শেষ হয়ে গেছে। ‘রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে’—এই শিশুপাঠ্যও এখন ঢের পুরোনো। তবু একশ্রেণীর রাখাল আছে; দিনদুপুরে মাঠে-ঘাটে তাদের দেখা মেলে না। রাতের অন্ধকারে ভরা নদীতে এক দেশ থেকে তারা ভেসে আসে আরেক দেশে। তাদের হাতে থাকে না কোনো বাঁশি। তারা দুই হাতে প্রাণপণে ধরে থাকে গরু-মহিষের লেজ। কখনো হাত ফসকে গেলেই তাদের জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়। প্রবল স্রোতের মুখে তারা ভেসে চলে যায়। যাদের পরিবার খুব ভাগ্যবান, তাদের লাশের খোঁজ মেলে। অন্যদের তা-ও নয়। আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ভয়। তাদের নজরে পড়লেই সব শেষ। সঙ্গে সঙ্গেই সলিলসমাধি হয় এই হতভাগ্য মানুষদের। তারা সীমান্তের ওপার থেকে ভারতীয় গরু-মহিষ আনতে যায়। এই করেই তাদের পেট চলে। স্থানীয়ভাবে তাদের পরিচিতি রাখাল নামে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী কয়েকটি গ্রামের প্রায় সব বাড়িতেই দেখা মিলবে এই রাখালদের। মোটামুটি সারা বছরই চলে এই রাখালির কাজ। তবে ভরা বর্ষায় যখন পানিতে ফুলেফেঁপে ওঠে পদ্মা, তখনই ব্যাপকভাবে শুরু হয় এই জীবন-মরণ রাখালিয়া। এমনও হয়েছে, এক ভাই সীমান্তরক্ষীর গুলিতে আহত হয়ে কোনোমতে ভাসতে ভাসতে জীবন নিয়ে ফিরে এসেছে, তাকে ঘরে রেখে তার আরেক ভাই চলে যায় একই কাজে। কিংবা ভাইয়ের লাশ দাফন করে পরের দিনই ভাই আবার চলে যাচ্ছে রাখালি করতে। এই গ্রামগুলোর ঘরে ঘরেই শোনা যায় রাখালদের বিধবা স্ত্রীর কান্না। আবার এমনও হয়েছে, দুই বছর স্বামীর কোনো খোঁজ নেই। স্বামী মারা গেছে ধরে নিয়ে স্ত্রী নাকফুল খুলে বিধবার সাজ পরেছেন। হঠাৎ একদিন স্বামী ভারতের কারাগার থেকে ছাড়া পেয়ে ফিরে এলেন। এমন ঘটনা নিত্য ঘটছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এই এলাকায়। দিয়াড়ের গ্রামে একদিন শিবগঞ্জের তারাপুর গ্রাম। এ গ্রামের প্রায় সব পরিবারেই রয়েছে রাখাল। ঘরে ঘরেই আহত-নিহত রাখালের কাহিনি। দরুল হোসেন (৩৬) একজন রাখাল। গুরুতর আহত হয়ে ফিরে এসেছেন। বাড়িতে গিয়েই পাওয়া গেল তাঁকে। অনেক বুঝিয়ে তাঁকে একটি চেয়ারের ওপর বসানো হলো। বাধ্য হয়ে শেষমেশ মুখ খুললেন তিনি। শোনালেন, গেল বছরের ২২ আগস্ট রাতের গল্প। সেদিন তিনি সীমান্তের ওপারে গিয়েছিলেন গরু আনতে। ভারতের মুর্শিদাবাদ জেলার শোভাপুর থেকে এক জোড়া গরু নিয়ে রাতের অন্ধকারে প্রমত্তা পদ্মায় নেমে পড়েন তিনি। হাতে গরুর লেজ। পরিকল্পনামতো স্রোতের অনুকূলে ভাসতে ভাসতে শিবগঞ্জের মনোহরপুর এলাকায় চলে আসার কথা তাঁর। কিন্তু কপাল মন্দ। কিছুদূর আসতেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নজরে পড়ে যান তিনি। স্পিডবোট নিয়ে তাড়া করে বিএসফ তাঁকে ধরে ফেলে। উপায়হীন হয়ে দরুল গরুর লেজ ছেড়ে দেন। তাতেও শেষ রক্ষা হয় না। বিএসএফ তাঁকে বোটের ওপরে তুলে পাটাতনের ওপরে ফেলে দেয়। তাঁর দুই পায়ের তালুতে বেদম পেটাতে থাকে। একপর্যায়ে দুই পা ভেঙে দেয়। হাতও ভেঙে দেয়। এরপর পানিতে ফেলে দেওয়া হয় তাঁকে। হ্যাঁ, মারা যাওয়ারই কথা ছিল দরুলের। কিন্তু তিনি জানেন না কীভাবে তিনি ভাসতে ভাসতে পদ্মা নদীর মনোহরপুর এলাকায় চলে আসেন। ভোরের দিকে এলাকার জেলেরা মাছ ধরতে গিয়ে তাঁকে দেখতে পান। তখনো প্রাণ আছে দেখে তাঁরা তাঁকে নৌকায় তুলে নেন। দীর্ঘদিন রাজশাহীতে একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পরে দরুল বাড়ি ফেরেন। সুস্থ হলে আবার এই পেশায় যাবেন কি না, জানতে চাইলে দরুল বলেন, ‘কাজকাম প্যালে যাব না। না প্যালে চ্যাহ্যা খাওয়ার চ্যাইতে গরু অ্যানতে যাব। মর্যা-যাব সেডাই ভালো।’ দরুল যে সত্যিই যাবেন তার প্রমাণ, তিনি হাসপাতালে যখন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন, সেই সময়ই তাঁর বাকি দুই ভাই গিয়েছেন সীমান্তের ওপারে গরু আনতে।দিয়াড়ের দুঃখচাঁপাইনবাবগঞ্জ জেলার মনাকষা ইউনিয়নের সিংনগর ফেরিঘাটের দক্ষিণ পাশের ভারতীয় সীমান্তবর্তী পদ্মা নদীর ধারের গ্রামগুলো স্থানীয়ভাবে ‘দিয়াড়’ বলে পরিচিত। মনোহরপুর, সাহাপাড়া, তারাপুর ও খোটাপাড়া গ্রামের হাতেগোনা দু-একটি পরিবার বাদ দিয়ে প্রায় সব পরিবারের ছেলেরাই এই রাখালিয়ার সঙ্গে জড়িত। এদের এমন কোনো পরিবার পাওয়া যাবে না, যে পরিবারে দু-একজন আহত রাখাল নেই। তার পরও প্রতিবছর পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা ছুটে যায়। কোনো বাধাই তাদের আটকে রাখতে পারে না। কৌশলগত কারণে মাঝেমধ্যে গরু পারাপারের ঘাট বদলে যায়। যখন যে ঘাটে গরু আসে, রাখালেরা সে ঘাটেই যায়। এখন রাজশাহীর চর মাজারদিয়াড় ও চরখিদিরপুর সীমান্ত ফাঁড়ি দিয়ে গরু আসছে। ঘরে ঘরে আহাজারিতারাপুর ডাকনিপাড়া গ্রামের নাজাবুলের বাড়িতে শুধুই দীর্ঘশ্বাস। তাঁর পাঁচটি শিশুসন্তান আর বিধবা স্ত্রীর আহার জোগানোর আর কেউ নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি ছিলেন নাজাবুল। মাস ছয়েক আগের এক সন্ধ্যায় তাঁর বাড়িতে গিয়ে নাজাবুলের কথা তুলতেই স্ত্রী রানী আরা বেগম আর শিশুসন্তানেরা ঘিরে ধরল। নাজাবুলের নিখোঁজ হওয়ার এক মাস নয় দিন পার হয়ে গেছে। তার পরও তাঁদের চোখে-মুখে একটুখানি আশার আলো। সেই আশার আলোটা নিভে গেল যখন জানতে পারলেন আমরা তাঁর স্বামীর কোনো খোঁজ জানি না। নাজাবুলের স্ত্রী বলছিলেন, তাঁর স্বামী নিখোঁজ হওয়ার দিনের ঘটনা।‘হাট থ্যাক্যা অ্যালো। ব্যাগডা থুলো। স্যান্ডেল র্যাখতেই বুঝ্যা ফেলনু। ওপারে য্যাছে। হামি যাইয়্যা গামছা ধরনু। গামছা ছাড়্ কহ্যাই চল্যা গেল। তারপর পাঁচ-সাত দিন নদীতে খুঁজা হলো। কত লাশ উল্ট্যা দেখা হলো। ভারতের বহরমপুর, জঙ্গিপুর, লালবাগ, মালদহ-কত জেলখানায় খবর ল্যাওয়া হলো। কুনো খবর নাই।’শিবগঞ্জের গ্রামে গ্রামেই নাজাবুলের পরিবারের মতো আহাজারি চলছে। পিলহ্যামারী গ্রামের নিখোঁজ রাখাল সাদেকুল প্রায় একই সময়ে মারা পড়েছেন বিএসএফের গুলিতে। তাঁর ছেলে আল আমিনের বয়স নয় বছর, মেয়ে পপির বয়স ১১ বছর। সংসারে রোজগারের আর কোনো মানুষ নেই।‘কহিল বাজারে য্যাছি।...কিসে বাজার করব্যা?...গামছায়, কহ্যা চল্যা গেল। সকালে শুননু মারা গেছে।’ সাদেকুলের শাশুড়ি নূরজাহান বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘হার বেটি যদি জ্যানতে প্যাতক, হাজার করলেও য্যাতে দিতক না। জ্যানতে প্যালে কেহু য্যাতে দিবে না।’একই গ্রামের আরেকজন নিখোঁজ রাখাল ইসমাইল। দুই বছর আগে বিয়ে করেছিলেন। একমাত্র ছেলে হূদয়ের বয়স এক বছর। স্ত্রী শিউলির বয়স প্রায় ১৭ কি ১৮। কান্না ছাড়া আর কীইবা করার আছে শিউলির। শিবগঞ্জের রাখালিয়ার নেশা এসে লেগেছে রাজশাহীর দরিদ্র পরিবারগুলোতে। এখন রাজশাহীর কিশোর-যুবকেরাও রাতারাতি কাঁচা টাকার লোভে ছুটছে ওই পথে। গরু যেভাবে বৈধ হয়ভারতের ভেতর থেকে গরু নিয়ে রাখালেরা বাংলাদেশের সীমান্তে বিজিবির নিয়ন্ত্রণাধীন করিডরে আসে। এখানে নির্ধারিত কর পরিশোধ করে কর্তৃপক্ষ গরু-মহিষের গায়ে সিল দিয়ে দেয়। তারপর এ গরুগুলো দেশের মধ্যে বৈধ বলে গণ্য হয়। বাংলাদেশ অংশে রাখালদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা থাকে না। কিশোর রাখাল ও তার লাল প্যান্টমৃতদেহটার চেহারা বোঝার উপায় নেই। কিন্তু পরনের লাল প্যান্টটা রয়েছে। লাল প্যান্টের নীল বর্ডার দেখেই মা আমেনা বেওয়া ডুকরে কেঁদে ওঠেন। এটাই তাঁর একমাত্র ছেলে মিজানুর রহমানের (১৪) লাশ। এ বছরের ঈদুল ফিতরের দুই দিন আগে সে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গরু আনতে বাড়ি থেকে বেরিয়ে যায়। মিজানুর রহমানের বাড়ি রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের বশড়ি গ্রামে। তার বাবা মারা গেছেন। মা আমেনা বেওয়া মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করেন। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের পাশে খাসজমিতে একটি ঘর করে তাঁরা থাকেন। মিজানুর রহমান রাজশাহী নগরের বুলনপুর ইউসেফ বিদ্যালয়ের ছাত্র ছিল। কিন্তু অতিদারিদ্র্যের কারণে সে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারত না। এ জন্য শিক্ষকদের পরামর্শে হাতের কাজ শেখার জন্য সে রাজশাহীর একটি কারিগরি স্কুলে ভর্তি হয়েছিল।অভাবের তাড়নায় বিদ্যালয় ছেড়ে গরুর রাখালি শুরু করে। মিজানুরের বোন আঁখি আক্তার জানান, ঈদের দুই দিন আগে দুপুরে তাঁর ভাই মিজান এসে বলল, ‘চরে গোস (মাংস) আনতে যাব। সেখানে সস্তায় ভারতীয় গরুর মাংস পাওয়া যায়।’ আঁখি সঙ্গে সঙ্গে নিষেধ করেছেন। তাঁর মা তাকে ঘুমাতে বলে থালাবাসন ধোয়ার কাজ করতে শুরু করেন। এই ফাঁকে মিজান বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিন মিজানুর বাড়ি ফিরে না এলে আঁখি ও তাঁর মা পদ্মা নদীর ঘাটে যান। ঘটিয়ালেরা তাঁদের জানান, মিজান গরুর সঙ্গে সাঁতরাচ্ছিল, তারপর তাকে আর পাওয়া যায়নি। সপ্তাহ দু-এক পরে নদীতে ভেসে আসে মিজানুরের লাশ। মিজানুরের মতোই গরু আনতে গিয়ে এই নদীতে লাশ হয়ে ভেসে এসেছে প্রায় ২০ জন রাখাল। এর পরও বন্ধ হয়নি এই জীবন-মরণ রাখালিয়া। কেন এই বিপজ্জনক রাখালিয়া?চরম দারিদ্র্য, কাজের অভাব আর অল্প সময়ে বেশি টাকা আয়ের নেশাতেই মূলত মানুষ বেছে নেয় এই রাখালের পেশা। সীমান্তের ওপার থেকে এক জোড়া গরু অথবা মহিষ আনতে পারলে পাঁচ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত রাখালি বা পারিশ্রমিক পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন জানান, শুধু তাঁর ইউনিয়নেরই অন্তত ২০০-৩০০ মানুষ এ কাজে গিয়ে মারা গেছে। তা ছাড়া এ কাজের নেশা পুরো চাঁপাইনবাবগঞ্জের মানুষের মধ্যেই ছড়িয়ে পড়েছে। তারাও অকাতরে মারা যাচ্ছে, কিন্তু এই যাওয়া বন্ধ হচ্ছে না। তিনি বলেন, ‘এই কাজটা অবশ্যই বে-আইনি। কিন্তু আমার মনে হয়, সারা বছর যদি তাদের কাজ থাকত, রোজগারের কোনো রাস্তা থাকত, তাহলে আর তারা এমন ঝুঁকিপূর্ণ কাজে যেত না। মানুষের এই পেশা বন্ধ করতে হলে এ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’ চাঁপাইনবাবগঞ্জ ৩৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ডের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. শহীদুল আলম জানান, তাঁরা সীমান্ত এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করেন। নিজেরা যখন সীমান্তে যান, তখন মানুষের সঙ্গে অনেক কথা বলেন, যাতে তারা ওই পথে আর না যায়। তার পরও হয়তো দরিদ্র মানুষ টাকার লোভে ওপারে যায়। কিন্তু কেউ মারা গেলে তারা বিজিবির কাছে কোনো রিপোর্ট করে না। যারা বিএসএফের হাতে ধরা পড়ে, যাদের জেল হয়—সাজার মেয়াদ শেষ হয়ে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।