জীবন যেমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা আর ভিডিও গেম

আমরা ছিলাম তিনজন—আমি, সাব্বির আর স্বপ্ন। সাব্বির আমার ফুপাতো ভাই, স্বপ্ন সাব্বিরের সম্পর্কে প্রতিবেশী। আকমল আলী রোড থেকে কিছুটা ভেতরে, দিদার কলোনির তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাগাভাগি করে থাকত তিন পরিবার। আমরা ছিলাম সেই তিন পরিবারেরই তিন দস্যু! ফ্ল্যাটের সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকত প্রতিদিন—কেউ ঘরের কাজে, কেউ অফিসের কাজে। আমরা স্কুলের সময় ছাড়া প্রায় সারা দিন হইহুল্লোড় করে বেড়াতাম। কখনো ব্যালকনিতে ‘শর্টপিচ’ ক্রিকেট খেলতাম, টিভি দেখতাম, কখনোবা ক্যারম বোর্ডের পকেটে চালাতাম স্ট্রাইকের ব্যর্থ অভিযান। বায়না ধরে এটা-সেটা আদায় করাটাও ছিল তাদের দুজনের রুটিন, যা আমাকে দিয়ে কখনোই হতো না। সেবারও হলো না। 

বাবা অসুস্থতার জন্য বেশ কিছুদিন হলো কাজে যেতে পারেননি, ছুটি নিয়ে বাসাতেই ছিলেন। তাই সেবারের আবদারটা বাবার কাঁধেই এসে পড়েছিল। আমি নীরব দর্শকের মতো ঘরের এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম শুধু। বাবা ভালোভাবে উঠে দাঁড়াতে পারছিলেন না। তবুও ওদের একটাই কথা, ভিডিও গেমস কিনে দিতে হবে। সাব্বির একই কথা বলেই যাচ্ছে বারবার। বাবাও অবশেষে রাজি হয়ে গেলেন। সেদিন সন্ধ্যায় আমাদের নিয়ে রওনা হলেন নিউমার্কেটের দিকে।

আমি বাবার হাত ধরে দোকানে সাজিয়ে রাখা বিভিন্ন রকমের খেলনা দেখছিলাম। সাব্বির ও স্বপ্নকে তাদের পছন্দের নীল রঙের দুটি ভিডিও গেম কিনে দিয়েই বাবা মাথাটা সামান্য নামিয়ে এনে আমাকে বললেন, ‘তুমি কোনটা নেবে?’

মুহূর্তেই চোখজোড়া ছলছল করে উঠল আমার। ভাবতে লাগলাম, এই তো কিছুদিন হলো নতুন জায়গায় এসেছি, বাবার নতুন চাকরি। তার মধ্যে হঠাৎ আব্বু অসুস্থ হওয়ায় অনেক টাকা খরচ হয়ে গেছে।

এসব ভাবতেই মনের গহিনে লুকিয়ে রাখা সুপ্ত ইচ্ছাটা চাপাই থেকে গেল। খুব মন চাইছিল বাবাকে বলি, ‘আব্বু, আমাকে ওই হলুদ রঙের ভিডিও গেমসটা কিনে দেবে?’ কিন্তু না, বলতে চেয়েও বলতে পারলাম না। ভয় হলো, টানাটানির সংসারে যদি আরও বেশি টানাটানি হয়ে যায়; যদি বাবার ওষুধ কেনা না হয়!

এসব ভাবতেই বাবা হাতে হালকা চাপ দিয়ে আবারও বললেন, ‘বলো, কোনটা নেবে?’

আমি মাথা নাড়াতে নাড়াতে জবাব দিলাম, ‘আমি ভিডিও গেমস চাই না, আব্বু।’

আব্বু বললেন, ‘কেন, ওদের সঙ্গে খেলবে?’

বলেই আব্বু দোকানের এক কর্মচারীকে একটি ভিডিও গেমস বের করতে বললেন। আমি জোর গলায় আব্বুকে বললাম, ‘আমি ভিডিও গেমস নেব না...আমার খেলাধুলা ভালো লাগে না।’ 

বাবা আর কিছুই বললেন না। চুপ করে রইলেন। হয়তো ভাবছিলেন, এতটুকু ছেলে, কত শান্ত আর ধীর! কোনো শখ নেই, আহ্লাদ নেই। হয়তো এই অভাবের সংসারে এমনই একজন খুব দরকার ছিল আমাদের!

এসব ভাবতে ভাবতেই কখন যে বাবার হাত ধরে মার্কেটের মূল গেটে চলে এসেছি তার খেয়াল নেই। বেশ কিছুক্ষণ হলো দাঁড়িয়ে আছি আমরা। সাব্বির আর স্বপ্ন তাদের নতুন কেনা ভিডিও গেমসটা নিয়ে যুদ্ধের দামামা বাজিয়ে চলেছে। হঠাৎ কী মনে করে মাথা তুলে বাবার দিকে তাকাতেই দেখলাম, বাবা একদৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছেন। মুহূর্তেই মাথাটা নামিয়ে নিলাম আমি। খুব অল্প সময়ের ব্যবধানে চোখাচোখি হয়ে গেল নির্বাক পিতা-পুত্রের। তখনই আমি দেখেছি বাবার এক জোড়া গভীর ছলছলে চোখ। বাবাও হয়তো দেখে ফেলেছিলেন আমার নিরীহ এক জোড়া অসহায় চোখ। হয়তো বুঝে গিয়েছিলেন যে এই অপক্ব অভিনেতার অনিপুণ অভিনয়! একটি মিথ্যার শক্তিতে অসমাপ্ত থেকে গেল একটি কচি মনের অপ্রকাশিত সুপ্ত বাসনা, আর একজন বাবার মনে মনে অপূর্ণতার ব্যথা। সেই সঙ্গে মনের গভীরে দাগাঙ্কিত হলো আরও একটি নিখাদ ভালোবাসার ট্র্যাজেডি মুহূর্তের প্রতিচ্ছবি। জানি, কেউ তা দেখেনি...

ইফ্রাইল আজম
বগুড়া।