আমাদের বাড়ির ব্যালকনি থেকে শহরের অনেকটা অংশ দেখা যায়। প্রায় ২৪ ঘণ্টার ব্যস্ত রাস্তাটা এখন জনশূন্য। চারপাশের সুনসান নীরবতায় মনে হচ্ছে যেন পরিত্যক্ত কোনো শহরে ভুল করে ঢুকে পড়েছি। সব ওলটপালট লাগছে। জীবনের অনেক না পাওয়ার সঙ্গে যোগ হয়েছে কাছের মানুষকে স্পর্শ না করতে পারার কষ্ট।
দুই বছর আগে ডেঙ্গু জ্বরে হুট করেই চলে গেল হাবীব। দীর্ঘ একাকিত্বের পর আবিদের সঙ্গে পরিচয়। কোভিড-১৯ পজিটিভ-নেগেটিভ শনাক্ত করতে ডাক্তারদের যে দল রাতদিন কাজ করছে, আবিদ তাদের একজন। ওদের টানা সাত দিন হাসপাতালেই থাকতে হচ্ছে। এর পরের চৌদ্দ দিন মোটেলে। শেষ দিন টেস্টে নেগেটিভ এলে মা–বাবার সঙ্গে সাত দিন। বেশ কিছুদিন এভাবেই চলছে ওর জীবন। আমার প্রাণের মানুষ পুরো শহরের মানুষের প্রাণ বাঁচাতে লড়ছে। আবিদকে নিয়ে গর্ব হয়। তবুও অনেক অভিমান আমার। কিন্তু আবিদ সামনে এসে দাঁড়ালে সব ভুলে যাই। অথবা ছোট বিষয়কে সামনে এনে বড় ভালোবাসাকে ছোট করতে চাই না।
হোম কোয়ারেন্টিনের দিনগুলোতে ইন্টারনেটে সময় কাটাতে না পারলে কি যে হতো! বন্ধুরা মাঝেমধ্যে ভিডিও কলে গান শোনায়। আজ শোনাচ্ছিল, ‘দেখা হবে বন্ধু সময়ে আর অসময়ে...দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে...।’ গান শেষে শুধু বললাম, যদি বেঁচে থাকি। ‘যদি’ শব্দটা যেন পিপিইর মতো ভ্যাপসা গরমে গায়ে চেপে থাকা এক যন্ত্রণার নাম। প্লাস্টিকের পোশাকে ঢাকা শরীর। নিজেকে এত কষ্টের যন্ত্রণায় লুকিয়ে রাখতে চায় না কেউ।
সেদিন সকালে বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করছিলাম। এ সময় আবিদদের মোটেলে ফেরার কথা। সত্যি সত্যি কিছুক্ষণের মধ্যে ওদের অ্যাম্বুলেন্সটা দ্রুত চলে গেল আমার গায়ে ধুলা মেশানো বাতাস লাগিয়ে। খুব মন খারাপ হলো আমার। ভাবছিলাম, নিরাপদ দূরত্বে দাঁড়িয়েও তো কিছুক্ষণ কথা বলা যেত। কিন্তু প্রায়ই আবিদের শক্ত অনুভূতির কাছে শিমুল তুলোর মতো ভেসে যাই আমি।
একুশ দিন পর রাত পোহালেই আবিদের সঙ্গে দেখা হওয়ার কথা। খুব অস্থির আমি। এক ফাঁকে আবিদের পছন্দের শাড়িটা আলাদা করে রাখি। যদি সুযোগ পায় গায়ে জড়াবে। চিলেকোঠায় বসে যদি চা খাওয়া যেত। জমে থাকা গল্পগুলো যদি সামনে বসে বলা যেত। আমি আমার ভাবনাগুলো থামাতে মাথায় টোকা দিই। ভাবি, পৃথিবীর এমন কষ্টের সময়ে কী সব ভাবছি আমি!
এলোমেলো ভাবনার মধ্যেই আবিদের ফোন আসে, ‘সোহা, এইমাত্র টেস্টে আমার পজিটিভ এসেছে।’