জীবনজুড়ে ঘটনার ঘনঘটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সংবাদ শিরোনাম হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের অন্যতম আলোচিত চরিত্র ও বিচিত্র জীবনের অধিকারী ডাচেস অব ইয়র্ক সারাহ ফার্গুসন। রানি দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় ছেলে ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রুর সাবেক স্ত্রী এই সারাহ ফার্গুসন ওরফে ‘ফার্গি’। পত্রিকার শিরোনাম হওয়া যাঁর জন্য প্রায় নৈমিত্তিক ব্যাপার ছিল একসময়।অ্যান্ড্রুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরও একসঙ্গে ঘর করেছেন দুই মেয়েকে নিয়ে। একবার পত্রপত্রিকায় ‘কলঙ্কজনক’ ছবি প্রকাশ হওয়ায় রাজপরিবারে স্থান হারান। সমাজসেবামূলক কাজ করতে গিয়ে দেনায় ডুবে যান। আবার বিভিন্ন ব্যবসা করে ও বক্তৃতা দিয়ে টাকা কামান এবং ঋণ থেকে বেরিয়েও আসেন। পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা ও লেখক হিসেবেও তাঁকে চেনে ব্রিটেনবাসী। সম্প্রতি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ফার্গি তাঁর সাবেক স্বামী অ্যান্ড্রুর সঙ্গে যোগাযোগের সুযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে একজন ব্যবসায়ীর কাছ থেকে বহু টাকা নিয়েছেন। ডাচেস অব ইয়র্ক অবশ্য এই ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন। বলেছেন, তিনি যা করেছেন তা মোটেই সুবিবেচনাপ্রসূত কাজ নয়। খুবই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তিনি।১৯৮৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে বিবাহিত ছিলেন সারাহ। ব্যক্তিগত স্বার্থের কারণে নিজের অবস্থান ও পরিচয় ব্যবহার করার জন্য প্রায়ই তাঁকে সংবাদমাধ্যমে সমালোচনার মুখে পড়তে হয়েছে। কারণে-অকারণে অবকাশ যাপন আর পারিবারিক ছবি পত্রপত্রিকায় বিক্রি করার কারণে তাঁকে বিদ্রূপ করে ‘ফ্রিবি ফার্গি’ আখ্যা দেওয়া হয়।১৯৯২ সালে সংবাদমাধ্যমগুলো ফার্গির একটি চমকে দেওয়া বিব্রতকর ছবি প্রকাশ করে। ছবিতে দেখা যায় ডাচেসের অর্থবিষয়ক উপদেষ্টা তাঁর পায়ের গোড়ালিতে চুম্বন করছেন। ছবিটি প্রকাশের পর ওই দিন সকালেই রাজপরিবার ছাড়েন ফার্গি।রাজপরিবার ছাড়ার পর একটি ছোট বাড়িতে উঠে যান তিনি। মন দেন ছবি আঁকা ও চিকিৎসায়। পাশাপাশি চলতে থাকে দান ও সেবামূলক কাজ। কিন্তু ১৯৯৫ সাল নাগাদ তাঁর ঋণের অঙ্ক দাঁড়ায় ৪০ লাখ পাউন্ডে। রানি তাঁর জন্য রাজকোষ বন্ধ করে দেন। শেষ পর্যন্ত বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে এই টাকা জোগাড় করে ঋণমুক্ত হন ডাচেস।ডাচেস অব ইয়র্ক ফার্গি ব্যবসায়িক জীবনে যুক্তরাষ্ট্রের সুপরিচিত ওজন কমানোবিষয়ক প্রতিষ্ঠান ‘ওয়েটওয়াচারস’-এর দূত। প্রসাধন কোম্পানি অ্যাভন ও চীনা কোম্পানি ওয়াটারফোর্ড-ওয়েজউড কোম্পানির মুখপাত্র হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া তিনি টেলিভিশনে টক শো-র উপস্থাপক এবং পণ্যের মডেল হিসেবেও কাজ করেন। একাধিক ব্যবসা প্রতিষ্ঠানেও তাঁর অংশীদারি রয়েছে। যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশ নিয়ে প্রচুর অর্থ উপার্জন করেন ফার্গি। সারাহ ফার্গুসন ফাউন্ডেশন নামের দাতব্য প্রতিষ্ঠান স্থাপন করেছেন তিনি। বানিয়েছেন ইয়াং ভিক্টোরিয়া নামের একটি চলচ্চিত্রও। ২০০৪ সালে নিজের মুটিয়ে যাওয়ার সমস্যা নিয়ে তিনি বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে কথা বলেন।বিচ্ছেদের পরও প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে সম্পর্ক বজায় রাখেন ফার্গি। একপর্যায়ে অ্যান্ড্রু ও তিনি দুই মেয়ে সন্তানকে নিয়ে তাঁদের পুরোনো বাড়িতে ওঠেন। ২০০৮ ও ২০০৯ সালে দুটি টেলিভিশন অনুষ্ঠান সম্পর্কে অভিযোগ উঠলে এর ব্যাখ্যা দিতে বাধ্য হন ফার্গি।জীবনে অনেকবার ঋণগ্রস্ত হয়েছেন ডাচেস অব ইয়র্ক। গত বছর সেপ্টেম্বরে প্রায় ২১ হাজার ৫৩৯ পাউন্ড ঋণের কারণে পাওনাদারেরা আদালতের দ্বারস্থ হলে সেই দেনা মেটান তিনি। ওই সময় ডাচেসের কোনো অর্থকষ্ট থাকার কথা অস্বীকার করেছিলেন তাঁর মুখপাত্র। কিন্তু ফার্গির ৫০তম জন্মদিন পালনের সময় জানা গেল, মার্কিন কোম্পানি হার্টমুর এলএলসির প্রায় ১০ লাখ পাউন্ড দেনা জমেছে। ওই কোম্পানির ৫১ শতাংশ শেয়ারের মালিকানা ফার্গির। তখন তাঁর মুখপাত্র বলেছিলেন, ডাচেস শক্ত আছেন এবং সংকট কাটিয়ে উঠবেন।সারাহ ফার্গুসনের বৈচিত্র্যপূর্ণ জীবনে বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গে কাজ করাটাই সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হয়ে আছে। এ জন্য তিনি যেমন নন্দিত হয়েছেন তেমনি হয়েছেন নিন্দিতও। বিদেশে যুদ্ধক্ষেত্রে অসহায় শিশুদের সাহায্যার্থে গঠিত একাধিক দাতা সংস্থার সঙ্গে তিনি যুক্ত। চিলড্রেন ইন ক্রাইসিস নামের একটি দাতব্য সংস্থা গড়ে তুলেছেন তিনি। এ ছাড়া টিনেজ সেন্টার ট্রাস্ট, টমিস বেবি চ্যারিটি ও মোটর নিউরন ডিজিজ অ্যাসোসিয়েশন নামের সংস্থাগুলোর অন্যতম পৃষ্ঠপোষক তিনি। অভিযোগ রয়েছে, এসব দাতব্য সংস্থার জন্য যেসব ব্যবসায়িক প্রস্তাব আসে তা থেকে শতকরা এক ভাগ মুনাফা পেতেন তিনি। তবে কোনো সমালোচনাই দমাতে পারেনি ডাচেস অব ইয়র্ককে।